অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণের ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি টলিউড। সেই শোকের আবহ কাটতে না কাটতেই ফের বড় দুঃসংবাদ বাংলা বিনোদন জগতে! প্রয়াত হলেন বিশিষ্ট পরিচালক ‘অনীক দত্ত’ (Anik Dutta)। আজ, বুধবার আচমকাই বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি বলে জানা গিয়েছিল। এরপরই তড়িঘড়ি তাঁকে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হল না। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে তাঁর বাড়িতেই। কীভাবে তিনি ছাদ থেকে পড়ে গেলেন, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এটি নিছক দুর্ঘটনা, নাকি অন্য কোনও কারণ রয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। ঘটনার খবর সামনে আসতেই টলিউডের অন্দরমহলে শোক ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। বহু শিল্পী, পরিচালক ও কলাকুশলীরা হাসপাতালের সঙ্গে যোগাযোগ রেখে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছিলেন।
প্রসঙ্গত, বাংলা সিনেমায় অনীক দত্ত এমন এক পরিচালক, যিনি নিজের স্বতন্ত্র ভাবনা আর ব্যঙ্গাত্মক গল্প বলার ধরনে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। ‘ভূতের ভবিষ্যৎ’, ‘অপরাজিত’, ‘বরুণবাবুর বন্ধু’ কিংবা ‘ভবিষ্যতের ভূত’-এর মতো ছবির মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন তিনি। বিশেষ করে সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে তৈরি ‘অপরাজিত’সমালোচকদের পাশাপাশি দর্শকদের কাছেও বিপুল প্রশংসা পেয়েছিল। বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান দীর্ঘদিন মনে রাখবেন দর্শকরা।
কিছুদিন আগেই শারীরিক অসুস্থতার কারণে তাঁকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। যদিও পরে সুস্থ হয়ে ফের কাজেও ফিরেছিলেন পরিচালক। কিন্তু এবার আচমকা এমন মর্মান্তিক ঘটনার পর স্তব্ধ ইন্ডাস্ট্রি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁকে বাঁচানোর জন্য চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর ফেরা হল না পরিচালকের। পরিবারের তরফে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে কিছু জানানো না হলেও, তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে টলিউডে।
আরও পড়ুনঃ হাড়হিম কাণ্ড! ভিড়ের মাঝেই প্রকাশ্য রাস্তায় খু’ন, দেখেও নীরব দর্শকরা! নিজের জীবনের অদ্ভুত অভিজ্ঞতা ফাঁস করলেন ভাস্বর চট্টোপাধ্যায়!
ঘটনার খবর সামনে আসতেই সমাজ মাধ্যমে অনীক দত্তকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করতে শুরু করেছেন বহু শিল্পী, পরিচালক ও অনুরাগীরা। অনেকেই লিখছেন, বাংলা সিনেমা হারাল এক গুরুত্বপূর্ণ নির্মাতাকে। ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কী পরিস্থিতিতে এই মর্মান্তিক ঘটনা ঘটল, সেই উত্তর এখন খুঁজছে সবাই।






