টেলিভিশনের পর্দায় প্রতিদিনই নতুন নতুন মুখ আসে, কেউ কয়েকদিনের মধ্যেই দর্শকের মন জয় করে নেন, আবার কেউ জনপ্রিয়তার শিখরে পৌঁছেও হঠাৎ করেই হারিয়ে যান লাইমলাইট থেকে। বহু সময় এমন হয়েছে, কোনও ধারাবাহিকের একটি চরিত্র এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে দর্শকরা অভিনেতার আসল নাম ভুলে গিয়ে সেই চরিত্রের নামেই তাঁকে মনে রেখেছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিচিত মুখগুলো আর টিভির পর্দায় দেখা যায় না। দর্শকদের মনেও তখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করে, কোথায় হারিয়ে গেলেন সেই অভিনেতা বা অভিনেত্রী? ঠিক তেমনই এক জনপ্রিয় মুখ হলেন সম্প্রীতি পোদ্দার, যাকে আজও বহু মানুষ ‘ফিরকি’ নামেই চেনেন।
২০২০ সালের ৩রা ফেব্রুয়ারি জি বাংলার পর্দায় শুরু হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘ফিরকি’। সেই সময় বাংলা টেলিভিশনে এই ধারাবাহিকটি এক অন্যরকম বিষয়বস্তু নিয়ে এসেছিল। সমাজে তৃতীয় লিঙ্গের মানুষদের জীবনসংগ্রাম, তাদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি এবং বাস্তব জীবনের কঠিন পরিস্থিতিকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল এই গল্প। ধারাবাহিকের মূল আকর্ষণ ছিল ছোট্ট ফিরকির চরিত্রটি। গল্প অনুযায়ী, এক তৃতীয় লিঙ্গের মানুষ কুড়িয়ে পান একটি শিশুকে এবং নিজের অভাব-অনটনের মধ্যেই তাকে বড় করে তোলেন। সেই শিশুই হল ফিরকি। মানবিকতা, সম্পর্ক এবং সমাজের বাস্তব চিত্রকে তুলে ধরার কারণে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক।
২০২১ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সম্প্রচারিত হওয়া ‘ফিরকি’ শেষ হয়ে গেলেও তার জনপ্রিয়তা কিন্তু কমেনি। বিশেষ করে সম্প্রীতি পোদ্দারের অভিনয় দর্শকদের এতটাই মুগ্ধ করেছিল যে অনেকে তাঁর আসল নামই জানতেন না। আজও অনেকেই তাঁকে ‘ফিরকি’ বলেই চিনে থাকেন। শুধু এই ধারাবাহিকই নয়, পরবর্তীকালে কালার্স বাংলার ‘মন মানে না’ ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি ‘অপরাজিত’ ছবিতেও একটি বিশেষ ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। খুব অল্প সময়ের মধ্যেই নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের নজর কেড়ে নিয়েছিলেন সম্প্রীতি। তাই আচমকাই তাঁকে টেলিভিশনের পর্দা থেকে উধাও হয়ে যেতে দেখে অবাক হয়েছিলেন অনেকে।
তবে অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কারণ নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। ২০২২ সালের ৪ঠা সেপ্টেম্বর ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছিলেন সম্প্রীতি পোদ্দার। সেখান থেকেই জানা যায়, তিনি আবার পড়াশোনায় মন দিয়েছেন। অভিনেত্রী জানিয়েছিলেন, অভিনয়ের আগে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু অভিনয়ের প্রতি ভালবাসা থেকেই টেলিভিশনের জগতে পা রাখেন। তবে দীর্ঘদিন ধরেই তাঁর ইচ্ছা ছিল বিজনেস ম্যানেজমেন্টে মাস্টার্স করার। সেই স্বপ্ন পূরণ করতেই ইংল্যান্ডের রাসেল গ্রুপ ইউনিভার্সিটি- ইউনিভার্সিটি অফ লিডস-এ ভর্তি হন তিনি। বিদেশের মাটিতে নতুন জীবনের শুরু করতে পা বাড়ান সম্প্রীতি। এরপর থেকেই আর কোনও ধারাবাহিক কিংবা টেলিভিশনের পর্দায় তাঁকে দেখা যায়নি। সোশ্যাল মিডিয়াতেও অভিনয় সংক্রান্ত তেমন কোনও আপডেট মেলেনি অভিনেত্রীর।
আরও পড়ুনঃ বাঙালির প্রিয় ধারাবাহিক, ‘সুবর্ণলতা’র সেই প্রকাশকে আর কেন দেখা যায় না ছোটপর্দায়? দর্শকের ভালোবাসা পেয়েও কেন আড়ালে চলে গেলেন বিশ্বজিৎ ঘোষ মজুমদার? এখন কীভাবে দিন কাটছে অভিনেতার?
অভিনয় ছেড়ে পড়াশোনাকে বেছে নেওয়ার এই সিদ্ধান্তে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। নতুন জীবনে তিনি আরও বড় হোন, এমন কামনাও করেছিলেন ভক্তরা। তবে এত বছর পরেও দর্শকদের একাংশ আজও ‘ফিরকি’কে ভুলতে পারেননি। ছোট্ট সেই মিষ্টি মুখ, আবেগঘন অভিনয় এবং আলাদা ধরনের গল্প এখনও অনেকের মনে রয়ে গিয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পড়াশোনা শেষ করে কি আবারও অভিনয়ের জগতে ফিরবেন সম্প্রীতি পোদ্দার? দর্শকদের প্রিয় ‘ফিরকি’কে কি আবার কোনও নতুন ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে?






