স্কুইড গেম, মানি হাইস্ট থেকে ধুরন্ধর ও রামায়ণ! বলিউড ও হলিউডের একের পর এক বিগ বাজেট ছবিতে ভিএফএক্সের জাদু দেখাচ্ছেন দমদমের প্লাবন চৌধুরী! কলকাতা থেকে আন্তর্জাতিক বিনোদন দুনিয়ার বড় বড় প্রজেক্টে কাজ, কীভাবে স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছেন এই বাঙালি তরুণ? তাঁর হাতের ছোঁয়ায় কীভাবে জীবন্ত হয়ে উঠছে অবিশ্বাস্য সব দৃশ্য?

বড় পর্দায় কোনও দৃশ্য দেখে দর্শক মুগ্ধ হলেও, সেই দৃশ্যের নেপথ্যে যে কত মানুষের পরিশ্রম থাকে, তা অনেকেরই অজানা। বিশেষ করে ভিএফএক্স বা ভিজ্যুয়াল এফেক্টসের কাজ সিনেমার জগতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাস্তবে শুট করা দৃশ্যের সঙ্গে কম্পিউটারের সাহায্যে বিভিন্ন উপাদান যোগ করে কীভাবে একটি দৃশ্যকে আরও বিশ্বাসযোগ্য করে তোলা যায়, সেই কাজই করেন ভিএফএক্স কম্পোজিটররা। কলকাতার প্লাবন চৌধুরী এমনই একজন শিল্পী, যিনি এই পেশার সঙ্গে যুক্ত থেকে একের পর এক বড় প্রজেক্টে কাজ করেছেন। বর্তমানে তিনি কাজ করছেন DNEG-এর সঙ্গে। তাঁর কাজের তালিকায় রয়েছে স্কুইড গেম সিজন ৩, ধুরন্ধর, ধুরন্ধর ২, জেলর ২ এবং রামায়ণের মতো একাধিক বড় প্রজেক্ট। বড় বড় সিনেমার বিভিন্ন দৃশ্যের নেপথ্যে নিজের দক্ষতা ও পরিশ্রম দিয়ে অবদান রাখছেন তিনি।

২০২২ সালে কলকাতার এক বেসরকারি সংস্থা থেকে ভিএফএক্স কম্পোজিটিং ও এডিটিংয়ের প্রশিক্ষণ শেষ করেন প্লাবন। এরপরই একটি স্টার্টআপ সংস্থায় কাজ শুরু করেন তিনি। প্রথমে রোটো আর্টিস্ট হিসেবে কাজ করলেও, মাত্র দু’মাসের মধ্যেই কম্পোজিটিং বিভাগে চলে আসেন। সেখান থেকেই মূলত ভিএফএক্স কম্পোজিটিংয়ের কাজ শেখা ও নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ পান। তাঁর প্রথম বড় প্রজেক্ট ছিল ‘মানি হাইস্ট: কোরিয়া’। এরপর ‘সাইলেন্ট নাইট’ নামের একটি হলিউড ছবিতেও কাজ করেন তিনি। ধীরে ধীরে বিভিন্ন প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আসে। পরবর্তীতে ‘প্যারাসাইট: দ্য গ্রে’, ‘স্কুইড গেম’, ‘হার্ট অফ স্টোন’, ‘সিটাডেল: হানি বানি’সহ একাধিক প্রজেক্টে কাজ করেছেন। ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খবর২৪x৭ ডিজিটালেও ভিজ্যুয়াল এফেক্টস আর্টিস্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

এরপর ২০২২ সালের জুলাই মাসে Envision VFX-এ যোগ দেন প্লাবন। সেখানে টানা চার বছর ভিএফএক্স কম্পোজিটর হিসেবে কাজ করেছেন তিনি। এই সময়ে তাঁর কাজের তালিকায় যুক্ত হয় ‘স্কুইড গেম’ সিজন ৩, ‘ধুরন্ধর’, ‘ধুরন্ধর ২’ এবং ‘জেলর ২’-এর মতো ছবির বিভিন্ন শট। বিশেষ করে ‘ধুরন্ধর’ ছবিতে একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্যের কম্পোজিটিংয়ের কাজ করেছেন তিনি। ছবিতে হামজা চরিত্রকে জঙ্গলে নিয়ে যাওয়ার দৃশ্য, যেখানে রণবীরের চরিত্রকে ঘিরে নানান ঘটনা ঘটে, সেই অংশের বেশ কিছু শটের ভিএফএক্সে কাজ করেছেন প্লাবন। ছবির দ্বিতীয় পর্বেও বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ফাইটিং দৃশ্য, ছুরি দিয়ে আঘাতের দৃশ্য, রক্তপাত, বিস্ফোরণ এবং ছবির ক্লাইম্যাক্সের বিভিন্ন শটের কম্পোজিটিং করেছেন। ট্রেন বিস্ফোরণের দৃশ্যসহ বেশ কিছু অ্যাকশন দৃশ্যকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলার কাজে তাঁর অবদান রয়েছে।

‘ধুরন্ধর ২’-এর বিভিন্ন অ্যাকশন দৃশ্যের পাশাপাশি সেট তৈরির কাজেও ভিএফএক্সের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এছাড়াও ট্রেলারে রণবীরের ধোঁয়ার মধ্যে দিয়ে বেরিয়ে আসার দৃশ্য এবং জাসকিরার বোনের প্রতিশোধ নেওয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন দৃশ্যের কাজ করেছেন তিনি। মূলত অ্যাকশন, ব্লাস্ট, রক্তপাত এবং এমন সব দৃশ্য যেখানে বাস্তবে শুটিংয়ের পাশাপাশি ভিএফএক্সের সাহায্য নেওয়া হয়, সেগুলিতেই বেশি কাজ করেছেন প্লাবন। বর্তমানে DNEG-এ VFX Compositor হিসেবে কাজ করছেন তিনি। ২০২৬ সালের জুলাই মাস থেকে এই সংস্থায় যুক্ত হয়েছেন প্লাবন। তাঁর সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে ‘রামায়ণ’। ছবির বিয়ের দৃশ্যগুলির বিভিন্ন শট এবং সেই দৃশ্যগুলির সেট ও ভিএফএক্স কম্পোজিটিংয়ের কাজে যুক্ত রয়েছেন তিনি। পৌরাণিক গল্পকে বড় পর্দায় ফুটিয়ে তোলার এই বিশাল কর্মযজ্ঞের অংশ হয়ে কাজ করার সুযোগ পেয়েছেন প্লাবন।

আরও পড়ুনঃ “মহাপুরুষের জীবনী নিয়ে সিনেমা হলেই সেটা ভালো, এরকম কোনও কথা নেই! “যাঁরা ওঁর ব্যাপারে জানতে চান, তাঁরা পড়ে নেবেন!” “এসব গল্প অনেকদিন ধরে শুনছি…এরম অনেক সিনেমা এসেছে” “হলের মালিকদের অন্য সিনেমাতে ভাল লাভ হলে সেটাই চালাবেন!” বক্স অফিসে ভালো ব্যবসা, হাউজফুল বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’কে সরিয়ে হিন্দি ছবিকে জায়গা! বাংলা সিনেমার দুর্দশা নিয়ে ক্ষো’ভের মধ্যেই বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের!

ভিএফএক্সের কাজে সফটওয়্যার ও প্রযুক্তির ব্যবহার যেমন গুরুত্বপূর্ণ, তেমনই প্রতিটি শটের খুঁটিনাটি বুঝে কাজ করার দক্ষতাও দরকার। প্লাবনের কাজের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতা ধীরে ধীরে তৈরি হয়েছে বিভিন্ন প্রজেক্টে যুক্ত থাকার মাধ্যমে। Nuke, Silhouette, Mocha Pro, ComfyUI, Nuke AI Tools এবং Runway ML-এর মতো সফটওয়্যার ও এআই টুল নিয়ে কাজ করার দক্ষতা রয়েছে তাঁর। বর্তমানে সিনেমার ভিএফএক্সের কাজে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ছে, আর সেই নতুন প্রযুক্তি ও কাজের পদ্ধতি সম্পর্কেও আগ্রহী প্লাবন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করার পাশাপাশি একটি বেসরকারি সংস্থায় ভিএফএক্স কম্পোজিটিং ও এডিটিংয়ের প্রশিক্ষণ নিয়ে এই পেশায় নিজের জায়গা তৈরি করেছেন তিনি। ‘রামায়ণ’, ‘ধুরন্ধর’, ‘স্কুইড গেম’-এর মতো পরিচিত প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা তাঁর পেশাগত যাত্রায় নতুন মাত্রা যোগ করেছে। ক্যামেরার সামনে না থেকেও পর্দার দৃশ্যকে বাস্তবসম্মত করে তোলার কাজে যুক্ত রয়েছেন কলকাতার এই ভিএফএক্স শিল্পী।

You cannot copy content of this page