বিনোদন জগতের এমন কিছু তারকা জুটি থাকে, যাঁরা শুধু পর্দায় নয়, দর্শকের হৃদয়েও স্থায়ী জায়গা করে নেন। একসঙ্গে তাঁদের উপস্থিতি মানেই যেন আলাদা এক ম্যাজিক। বছর পেরিয়ে যায়, প্রজন্ম বদলে যায়, তবুও সেই জুটিকে নিয়ে দর্শকের আবেগ কমে না একটুও। আর ঠিক সেই কারণেই যখন দীর্ঘদিন তাঁদের একসঙ্গে দেখা যায় না, তখনই শুরু হয় জল্পনা—আবার কবে বড় পর্দায় ফিরবেন তাঁরা? প্রিয় জুটিকে ফের একসঙ্গে দেখার অপেক্ষা যেন কখনও শেষ হতে চায় না।
এমনই এক বহুল জনপ্রিয় জুটি হলেন জিৎ এবং কোয়েল মল্লিক। বাংলা সিনেমার দুনিয়ায় দুই দশকেরও বেশি সময় ধরে তাঁরা একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। নব্বইয়ের দশকের শেষ থেকে শুরু করে পরবর্তী সময়ে তাঁদের জুটি দর্শকদের কাছে ছিল সাফল্যের সমার্থক। বর্তমানে দুজনেই নিজেদের আলাদা আলাদা ছবির কাজ নিয়ে ব্যস্ত। তবুও প্রশ্নটা থেকেই যায়—আবার কবে তাঁদের একসঙ্গে দেখা যাবে? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন আড্ডায় এই প্রশ্ন ঘুরেফিরেই ওঠে।
তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে ‘সাত পাকে বাঁধা’, ‘বন্ধন’, ‘দুই পৃথিবী’-র মতো একাধিক ব্লকবাস্টার ছবিতে। এই ছবিগুলি শুধু বক্স অফিসে সফল হয়নি, দর্শকের মনেও আলাদা জায়গা করে নিয়েছে। তবে যতবারই তাঁদের পুনর্মিলন নিয়ে প্রশ্ন উঠেছে, ততবারই কোয়েল জানিয়েছেন—তাঁর কাছে নতুন কোনও শক্তিশালী চিত্রনাট্য নিয়ে কেউ আসেননি।
সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। এক সাক্ষাৎকারে তাঁকে জিৎ ও কোয়েলকে নিয়ে নতুন ছবি করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে পরমব্রত স্পষ্টই বলেন, “কোয়েলের স্ক্রিপ্ট নিয়ে অনেক পেকনা আছে, কোয়েল অত সোজা না।” অর্থাৎ, চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রে তিনি যথেষ্ট খুঁতখুঁতে—এ কথাই যেন ইঙ্গিত করে দিলেন পরমব্রত।
আরও পড়ুনঃ “পাত্রপক্ষের সামনে গান গাওয়া ছিল রীতি…গান ছিল পারিবারিক ঐতিহ্য!” বাংলা জন্ম দিয়েছে বিশ্ব সেরা কণ্ঠশিল্পীদের! এখন থেকেই কেন উঠে আসেন একের পর এক কিংবদন্তি গায়ক? সুরের সাম্রাজ্য গড়ার নেপথ্য, কারণ ব্যাখ্যায় কুমার শানু!
পরিচালক ও অভিনেতা পরমব্রতের কথায় স্পষ্ট, স্ক্রিপ্ট নিয়ে কোয়েল যথেষ্ট সচেতন এবং বেছে কাজ করেন। তবে এই খুঁতখুঁতেভাবই হয়তো তাঁর সাফল্যের অন্যতম চাবিকাঠি। তবুও দর্শকের আশা একটাই—সব শর্ত পূরণ করে এমন একটি গল্প যদি আসে, তাহলে হয়তো আবারও বড় পর্দায় ফিরবে সেই বহুল প্রতীক্ষিত জুটি। আর সেই দিনের অপেক্ষাতেই রয়েছেন অসংখ্য অনুরাগী।






