তালসারির সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে আচমকাই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। জলে তলিয়ে মৃত্যু হয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই উঠছে একাধিক প্রশ্ন। শুটিং ফ্লোরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, সেই নিয়েও শুরু হয়েছে জোর বিতর্ক। এই অকাল মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, বরং গোটা ইন্ডাস্ট্রির নিরাপত্তা ব্যবস্থার দিকে আঙুল তুলেছে।
এই ঘটনার পর থেকেই প্রযজনা সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠতে শুরু করে। অভিযোগ, শুটিং চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি, যার ফলেই এই দুর্ঘটনা ঘটে। বারবার প্রশ্ন উঠছে এটা কি নিছক দুর্ঘটনা, নাকি অব্যবস্থার ফল? অনেকেই মনে করছেন, এই ঘটনা ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সমস্যাকে সামনে এনে দিয়েছে।
এই প্রেক্ষিতে সরব হয় অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার অ্যাসোসিয়েশন (All Indian Cine Workers Association)। তাদের দাবি, প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে ‘খু’ন’-এর অভিযোগে এফআইআর দায়ের করতে হবে। পাশাপাশি অভিনেতার পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করা হয়েছে। সংগঠনের বক্তব্য, এটি কোনও সাধারণ দুর্ঘটনা নয়, বরং কাঠামোগত ব্যর্থতার ফল। বহুদিন ধরেই তারা সতর্ক করে আসছিল যে খরচ কমানোর জন্য শিল্পীদের নিরাপত্তা নিয়ে আপস করা হচ্ছে, যার ফলেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে।
এরই মধ্যে ৪ এপ্রিল একটি শান্তিপূর্ণ পদযাত্রার ডাক দেওয়া হয়েছে ‘Justice for Rahul’ নামে। এই পদযাত্রা শুরু হবে টেকনিশিয়ান স্টুডিও থেকে এবং শেষ হবে রাধা স্টুডিওতে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল, শুটিং চলাকালীন নিরাপত্তার ঘাটতি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি এবং মৃত অভিনেতার পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণের দাবি জানানো। সেই সঙ্গে ওই দিন শুটিং তিন ঘণ্টার জন্য বন্ধ রাখার আবেদনও জানানো হয়েছে, যাতে অভিনেতা ও টেকনিশিয়ানরা এই পদযাত্রায় অংশ নিতে পারেন।
আরও পড়ুনঃ “শাশুড়ির অ’ত্যাচার সহ্য করা বউয়ের চরিত্র করব না, আমি চাই না কেউ স’হ্য করাটাই স্বাভাবিক ভাবুক” পর্দার গল্প প্রভাব ফেলে বাস্তবেও! বাংলা ধারাবাহিকে কি তবে ভুল বার্তা ছড়াচ্ছে সমাজে? সেই কারণেই এমন সিদ্ধান্ত নিলেন প্রিয়া মন্ডল? আপনারাও কি সহমত?
এই পদযাত্রার সমর্থনে এগিয়ে এসেছেন টলিউডের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। তালিকায় রয়েছেন জিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখার্জি, অপরণা সেন, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলি, ঋত্বিক চক্রবর্তী-সহ আরও অনেকেই। এই ঘটনায় গোটা ইন্ডাস্ট্রি একজোট হয়ে ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছে। সব মিলিয়ে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু যেন আবারও মনে করিয়ে দিল, শিল্পীদের নিরাপত্তা নিয়ে আর কোনওরকম আপস চলবে না।






