টেলিভিশন হোক বা বড় পর্দা যেখানেই দেখা যায়, তাঁর উপস্থিতি মানেই এক অদ্ভুত চাপা ভয়। গলার স্বর, চোখের দৃষ্টি, আর পর্দায় দাপুটে উপস্থিতি সব মিলিয়ে দর্শকের মনে আলাদা ছাপ ফেলেছেন অভিনেতা জয় বদলানি। তবে বাস্তবে তিনি সম্পূর্ণ আলাদা মানুষ। দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে অসংখ্য চরিত্রে অভিনয় করলেও, তাঁর যাত্রাপথ মোটেই সহজ ছিল না বরং লড়াই আর অপমানেই তৈরি হয়েছে তাঁর আজকের পরিচয়।
কেরিয়ারের শুরুতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তাঁর চেহারা, বিশেষ করে মোটা গোঁফ আর চোখের গঠন। বহু জায়গায় তাঁকে সরাসরি বলা হয়েছে এই লুক নিয়ে অভিনয় করা সম্ভব নয়। এমনও হয়েছে, অডিশন দেওয়ার আগেই তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই অপমানই তাঁকে আরও জেদি করে তোলে। দিনের পর দিন চেষ্টা, সিনিয়রদের কাছ থেকে শেখা, আর নিজের ভুল শুধরে নেওয়ার মাধ্যমে ধীরে ধীরে তিনি ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ পান।
প্রথমদিকে ছোট ছোট চরিত্রে অভিনয় করলেও, ধীরে ধীরে ভিলেন চরিত্রেই তাঁর আলাদা পরিচিতি তৈরি হয়। ‘জননী’-র মতো ধারাবাহিক তাঁকে নতুন পরিচিতি দেয়। বড় চোখ আর গম্ভীর কণ্ঠস্বর যা একসময় তাঁর দুর্বলতা ছিল, সেটাই হয়ে ওঠে শক্তি। দর্শক তাঁকে দেখলেই বুঝতে পারতেন, গল্পে বড় কোনও মোড় আসতে চলেছে। সেই ইমেজই তাঁকে জনপ্রিয় করে তোলে।
তবে দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও বর্তমান সময়ে কাজের অভাবের অভিযোগ তুলেছেন অভিনেতা নিজেই। তাঁর কথায়, অনেক সময় বড় প্রজেক্টে কাজের জন্য তাঁকে ডাকা হয়, এমনকি নির্দিষ্ট দিন পর্যন্ত ব্লক করে রাখা হয়। কিন্তু তারপর আর কোনও খবরই দেওয়া হয় না। এতে তাঁর মতো অভিনেতাদের বড় ক্ষতির মুখে পড়তে হয়। তিনি প্রশ্ন তুলেছেন এই ক্ষতিপূরণ কে দেবে? দীর্ঘদিন কাজের অপেক্ষায় বসে থাকা একজন শিল্পীর দায়িত্ব কি কেউ নেয়?
আরও পড়ুন: “দেবাশিস কুমারের মেয়ে দেবলীনার সঙ্গে তো উত্তম কুমারের ছেলের বিয়ে হয়েছে” দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! দমদমের প্রচার সভায় মুখ্যমন্ত্রীর বেফাঁস মন্তব্য ঘিরে তোলপাড়! কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?
অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে একাধিকবার বড় বিপদের মুখে পড়েছেন জয় বদলানি। একবার একটি ছবির শুটিংয়ে ফাইট সিন করতে গিয়ে পড়ে গিয়ে প্রায় ট্রাকের নিচে চলে যাচ্ছিলেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান। আবার অন্য একটি ঘটনায় সহ-অভিনেতার ঘুষিতে তাঁর শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সহকর্মীরাই তখন তাঁকে সামলে তোলেন। তাঁর অভিযোগ, অনেক সময় শুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে না, যা শিল্পীদের জন্য বড় ঝুঁকি তৈরি করে।
একসময় তাঁর অসুস্থতা নিয়ে নানা গুজব ছড়িয়েছিল অনেকে বলেছিলেন তিনি ক্যানসারে আক্রান্ত। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, এসবই ভুল তথ্য। তাঁর হয়েছিল পিটুইটারি টিউমার, যার চিকিৎসার পর এখন তিনি সম্পূর্ণ সুস্থ। দীর্ঘ লড়াইয়ের পর আবার স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। সবশেষে তিনি একটাই বার্তা দিয়েছেন অভিনয় জীবনে যত বাধাই আসুক, আশা না ছাড়াই সবচেয়ে বড় শক্তি।






“দেবাশিস কুমারের মেয়ে দেবলীনার সঙ্গে তো উত্তম কুমারের ছেলের বিয়ে হয়েছে” দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! দমদমের প্রচার সভায় মুখ্যমন্ত্রীর বেফাঁস মন্তব্য ঘিরে তোলপাড়! কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?