দীর্ঘ বিরতির পর আবার ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী ‘পুষ্পিতা মুখোপাধ্যায়’ (Pushpita Mukherjee)। নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’র প্রচার-ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। বহু দিন পরে তাঁকে আবার ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে বলে খুশি অনুরাগীরাও। শেষ বার তাঁকে দেখা গিয়েছিল ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে। তার পর কেটে গিয়েছে প্রায় দু’বছর। এত দিন কেন ছোটপর্দা থেকে দূরে ছিলেন, সেই প্রশ্ন উঠতেই নিজের মতো করে উত্তর দিয়েছেন অভিনেত্রী। পুষ্পিতা বলেন, “খুব যে গুরুতর কোনও কারণ ছিল, তা বলতে পারব না। কখনও চরিত্র পছন্দ হচ্ছিল না। কখনও সময়ের সঙ্গে খাপ খাওয়াতে পারছিলাম না।” তিনি জানান, সব কিছু মিলিয়েই এই দীর্ঘ বিরতি তৈরি হয়েছিল।
অভিনয় থেকে পুরোপুরি দূরে থাকেননি পুষ্পিতা। ছোটপর্দা থেকে বিরতি নিলেও এই সময়ে কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে মন থেকে ঠিক করে নিয়েছিলেন, ভাল কাজ না পেলে আর তাড়াহুড়ো করবেন না। অভিনেত্রীর কথায়, “ছবিতে অল্পবিস্তর অভিনয় করেছিলাম। তবে এখন সবটা সামলে আমি শুধুই কাজে মন দিতে চাই।” নতুন ধারাবাহিকের হাত ধরে তিনি আবার নিয়মিত অভিনয়ে ফিরছেন। এই প্রত্যাবর্তনের পিছনে বড় ভূমিকা রয়েছে প্রযোজক সাহানা দে-র। পুষ্পিতা জানিয়েছেন, সাহানা তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। আগেও একবার যখন দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন, তখনও সাহানাই তাঁকে ফের ক্যামেরার সামনে ফেরার জন্য উৎসাহ দিয়েছিলেন।
নতুন ধারাবাহিকে কাজ করার প্রস্তাব পাওয়ার পর আর না বলতে পারেননি পুষ্পিতা। অভিনেত্রী বলেন, “আমি সাহানাকে ফেরাতে পারি না কিছুতেই। এই বারেও তাই পারিনি। আর এখন আমি পুরো ফ্রি। মন দিয়ে কাজ করব।” তিনি জানান, এখন জীবনের অনেক দায়িত্ব আগের তুলনায় গুছিয়ে গিয়েছে। বিশেষ করে ছেলে বড় হয়ে যাওয়ার পরে কাজের দিকে বেশি সময় দিতে পারছেন। এত দিন ছেলেকে সময় দেওয়ার প্রয়োজন ছিল বলেই কাজ বেছে নিতে হয়েছে তাঁকে। সেই কারণেও নিয়মিত ধারাবাহিকে দেখা যায়নি অভিনেত্রীকে। তবে এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে বলে জানিয়েছেন তিনি।
নিজের পারিবারিক জীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন পুষ্পিতা। তিনি জানান, তাঁর ছেলে এখন একাদশ শ্রেণিতে পড়ে। অভিনেত্রীর বাবা, ছেলে এবং স্বামী তিন জনেই থাকেন হরিয়ানায়। স্বামী সেখানেই চাকরি করেন। ছেলের দেখাশোনার দায়িত্বও মূলত বাবার উপরেই রয়েছে। পুষ্পিতা বলেন, “ছেলের দায়িত্ব পুরোপুরি বাবার। স্বামী তো ওখানেই চাকরি করেন। আর ছেলের তো দাদু আছে সঙ্গে।” কলকাতায় তিনি এখন শাশুড়ির সঙ্গে থাকেন। পরিবারের এই ব্যবস্থার ফলে কাজের ক্ষেত্রেও অনেকটা নিশ্চিন্ত থাকতে পারছেন অভিনেত্রী। তিনি আরও বলেন, “এখানে আমি আর আমার শাশুড়ি থাকি। বেশ মজায় আছি। ছুটি পেলে নয় আমি হরিয়ানা যাই, না হলে ওরা চলে আসে। ভাল আছি।”
আরও পড়ুন: “মমতা বন্দ্যোপাধ্যায় তো হারেননি! ওনার হাত ছেড়ে যাচ্ছেন যারা সব বেনো জল” “লক্ষ্মীর ভাণ্ডারকে ভাতা আর অন্নপূর্ণা ভাণ্ডার ‘মাস্টার স্ট্রোক’, শুনশান কলকাতাই সব উত্তর দিচ্ছে” তৃণমূলের ভরাডুবির পর বি’স্ফোরক সায়নী ঘোষ! টলিউড থেকে দলবদলুদের নিয়ে কী বললেন তিনি?
তবে দীর্ঘ দু’বছর ক্যামেরা, শুটিং এবং ধারাবাহিকের পরিবেশ থেকে দূরে থাকা সহজ ছিল না বলেই জানিয়েছেন পুষ্পিতা। তাঁর মনখারাপ হত, কিন্তু তবুও তিনি অপেক্ষা করেছেন ভাল চরিত্রের জন্য। অবশেষে ‘বাবলি সুন্দরী’ ধারাবাহিকের মাধ্যমে সেই সুযোগ এল। নতুন ধারাবাহিকে তাঁকে দেখা যাবে নায়কের মায়ের চরিত্রে। চরিত্রটি নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন অভিনেত্রী। নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের নতুন কিছু উপহার দিতে চান তিনি। পুষ্পিতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন তিনি পুরোপুরি কাজেই মন দিতে চান এবং নতুন চরিত্রে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত।






