আরজি কর কাণ্ড নিয়ে ফের আলোচনা শুরু হতেই নতুন করে মুখ খুললেন গায়ক অরিজিৎ সিং। ১৬ মে দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত কিন্তু ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তিনি। সেখানে তিনি প্রশ্ন তোলেন, “তিলোত্তমা কাণ্ডের ফাইল আবার খুলল?” পোস্টটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
আরজি কর ঘটনার সময় থেকেই বিষয়টি নিয়ে সরব ছিলেন অরিজিৎ। সে সময় তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ঘটনার প্রভাব তাঁর ব্যক্তিগত জীবন ও কাজের উপরও পড়েছে। নিজের পোস্টে তিনি লিখেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে মানুষের ভিতরে ক্ষোভ থাকলেও অনেকে ভয় পেয়ে প্রকাশ্যে কথা বলতে পারছেন না।
সেই সময় গায়ক একটি প্রতিবাদী গানও তৈরি করেছিলেন। গানটির কথায় উঠে এসেছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানুষের চুপ করে থাকা এবং স্বাধীন কণ্ঠস্বরের প্রয়োজনীয়তা। গানটি প্রকাশের পর বহু মানুষ সমাজমাধ্যমে তা ভাগ করে নিয়েছিলেন এবং প্রশংসাও করেছিলেন।
এবার আবার নতুন করে আলোচনায় আসে সেই প্রসঙ্গ। সম্প্রতি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং তৎকালীন বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হবে। সেই মন্তব্যের পরদিনই অরিজিতের এই পোস্ট সামনে আসে, যা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুন: এবার পরিচালনায় রাতুল মুখার্জি! আত্মসংঘর্ষের অন্ধকারে নতুন গল্প বলতে আসছে ‘আয়না’
গায়কের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সমাজমাধ্যমে। অনুরাগীদের একাংশ মনে করছেন, অরিজিৎ এখনও এই ঘটনার বিচার ও সত্য সামনে আসার অপেক্ষায় রয়েছেন। তাঁর পোস্ট এখন ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।






