বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে ‘সুবর্ণলতা’ আজও দর্শকদের মনে বিশেষ জায়গা ধরে রেখেছে। আশাপূর্ণা দেবীর বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি এই ধারাবাহিকে বহু গুণী অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছিলেন। বিশ্বনাথ বসু, অনন্যা চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো তারকাদের পাশাপাশি দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেতা ‘বিশ্বজিৎ ঘোষ মজুমদার’ও (Biswajit Ghosh Majumder)। ধারাবাহিকে প্রকাশ চরিত্রে তাঁর অভিনয় বেশ প্রশংসা পেয়েছিল। অনন্যা চট্টোপাধ্যায়ের ছোট দেওরের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
সেই চরিত্রের জনপ্রিয়তা এতটাই ছিল যে আজও অনেক দর্শক তাঁকে প্রকাশ নামেই মনে রেখেছেন। তবে ধারাবাহিক শেষ হওয়ার পর ধীরে ধীরে ছোটপর্দা থেকে দূরে সরে যান তিনি। অনেক দিন ধরেই দর্শকদের মনে প্রশ্ন ছিল, কেন আর টেলিভিশনে দেখা যায় না বিশ্বজিৎকে। একসময় নিয়মিত অভিনয় করলেও হঠাৎ করেই তাঁর উপস্থিতি কমে যায়। ফলে অনেকেই মনে করেছিলেন তিনি হয়তো অভিনয় জগত থেকেই সরে গিয়েছেন। আবার কেউ কেউ ভেবেছিলেন, তিনি নিজেই ছোটপর্দার কাজ ছেড়ে দিয়েছেন। এই জল্পনার মাঝেই কয়েক বছর আগে একটি ইউটিউব সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন অভিনেতা।
সেখানে তিনি তাঁর দীর্ঘ বিরতি এবং কাজের পরিস্থিতি নিয়ে খোলাখুলি কথা বলেন। সেই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। সাক্ষাৎকারে বিশ্বজিৎ জানান, “আমি মূলত থিয়েটারের অভিনেতা।” তাঁর কথায়, ছোটপর্দার দর্শক তাঁকে প্রকাশ চরিত্রের জন্য বেশি চিনলেও তাঁর অভিনয়ের মূল জায়গা থিয়েটার। দীর্ঘদিন ধরে মঞ্চেই নিজের কাজ চালিয়ে গিয়েছেন তিনি। অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার কোনও সিদ্ধান্ত তিনি নেননি বলেও স্পষ্ট করেন। বরং ভালো কাজ এবং উপযুক্ত চরিত্রের অপেক্ষায় রয়েছেন বলে জানান অভিনেতা।
তাই তাঁকে পর্দায় কম দেখা গেলেও অভিনয়ের জগত থেকে তিনি কখনও দূরে সরে যাননি। ভালো সুযোগের জন্য অপেক্ষা করার প্রসঙ্গেও নিজের মতামত তুলে ধরেন বিশ্বজিৎ। তিনি বলেন, “যে কোনও কাজে যদি ধৈর্য না রাখা যায়, তাহলে কোন কাজই সঠিকভাবে হওয়া সম্ভব না।” পাশাপাশি তাঁর বিশ্বাস, “সঠিক সুযোগ আসার জন্য সঠিক সময়ের অপেক্ষা করা উচিত।” অভিনেতার এই মন্তব্য থেকেই স্পষ্ট, তিনি ইচ্ছাকৃতভাবে ধারাবাহিক ছেড়ে দেননি। বরং এমন চরিত্রের খোঁজে রয়েছেন, যা তাঁর অভিনয় দক্ষতাকে নতুনভাবে তুলে ধরতে পারে। তাই উপযুক্ত সুযোগ পেলে তিনি আবারও ছোটপর্দায় ফিরতে আগ্রহী।
আরও পড়ুনঃ দেবকে নিয়ে সুর নরম কুণালের! ‘রাজনীতি নিয়ে আপত্তি ছিল, তবু…’ হঠাৎ মেগাস্টারের অবদানের কথা স্মরণ করে কেন ধন্যবাদ জানালেন তৃণমূল নেতা?
তবে দীর্ঘ অপেক্ষার পর এবার নতুন এক সুযোগ পেয়েছেন বিশ্বজিৎ ঘোষ মজুমদার। ছোটপর্দা থেকে দূরে থাকলেও অভিনয়ের প্রতি তাঁর নিষ্ঠা কমেনি। থিয়েটারে তাঁর ধারাবাহিক কাজ এবং অভিনয় দক্ষতা নজর কেড়েছে চলচ্চিত্র জগতেরও। সেই সূত্রেই তিনি দেবের ‘প্রধান’ এবং ‘প্রজাপতি ২’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পান। প্রায় ১২ বছর পর তাঁকে বড়পর্দায় দেখে অনেক দর্শকরাই চিনতে পেরেছেন। অভিনেতার অনুরাগীদের আশা, তিনি আবারও অভিনয় জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করবেন।






