বছরের শুরুতে গায়িকা দেবলীনা নন্দীকে ঘিরে একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন ফেলেছিল। একটি গানের অনুষ্ঠান সেরে ফেরার পথে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি বলে খবর প্রকাশ্যে আসে। সেই ঘটনার পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে স্বামী তথা পাইলট প্রবাহ নন্দীর সঙ্গে সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। বাইরে থেকে যাঁদের সম্পর্ক অনেকের কাছে আদর্শ বলে মনে হতো, সেই দাম্পত্যে ফাটলের খবর অনুরাগীদের অবাক করেছিল। একাধিক অভিযোগ ও পাল্টা অভিযোগ সামনে আসে।
তবে ঘটনার পর দীর্ঘ সময় ধরে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি প্রবাহ নন্দী। মিডিয়ার সামনে আসা তো দূরের কথা, এই বিষয়ে সম্পূর্ণ নীরব ছিলেন তিনি। প্রায় ছয় মাস পর সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের নীরবতা ভাঙেন প্রবাহ নন্দী। সেখানে তিনি দেবলীনার আনা অভিযোগগুলির জবাব দেওয়ার চেষ্টা করেন। প্রবাহের দাবি, তাঁদের সংসারের অশান্তির অন্যতম কারণ ছিল দেবলীনার রাগী স্বভাব। সাক্ষাৎকারে তিনি বলেন, “দেবলীনা কিন্তু এমনিতে খুব শর্ট টেম্পারড। ও আমাকে চড় মেরেছে, আবার পা ধরে ক্ষমাও চেয়েছে।” শুধু তাই নয়, তিনি আরও দাবি করেন যে দাম্পত্য জীবনের সমস্যা শুধুমাত্র ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল না।
বাইরে ঘুরতে গেলেও নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিরোধ তৈরি হতো। তাঁর কথায়, “আমরা যখন বেড়াতে গিয়েছি, তখনও আমাদের মধ্যে কথা কাটাকাটি হতো। ও চাইত, আমি ওর সব কথায় ‘হ্যাঁ’ বলব।” এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পরই দেবলীনা নন্দীর একটি নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। যদিও তিনি কোথাও প্রবাহ নন্দীর নাম উল্লেখ করেননি, তবুও অনেকের ধারণা, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতেই তিনি এই বার্তা দিয়েছেন। রবিবার নিজের ফেসবুক প্রোফাইলে একটি দীর্ঘ লেখা পোস্ট করেন দেবলীনা। সেই পোস্টের সঙ্গে ছিল তাঁর একটি ছবিও।
সেখানে জীবনের কঠিন বাস্তবতা, সম্পর্কের ভাঙন, বিশ্বাস এবং মানসিক আঘাত নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি। পোস্টটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা ব্যাখ্যা সামনে আসতে শুরু করেছে। দেবলীনা তাঁর পোস্টে লেখেন, “মানুষের জীবনে সব থেকে কঠিন কাজ সঠিক মানুষ চেনা মানুষ চিনতে ভুল করলে সারাজীবন এক অদ্ভুত জ্বালায় জ্বলতে হয় সময় থাকতে বুঝে গেলে খুব ভালো নাহলে সবই গেল কিন্তু কিছু মানুষ বড় বোকা বুঝেও বোঝেনা। ভাবে যে ভালবাসলে সব কিছু ঠিক হয়ে যায়, সে যতই অবহেলিত হও না কেন।”
আরও পড়ুন: “আজ থেকে নতুন শুরু!” পরিবারের সদস্যের মতো আগলে রেখেছিলেন, নিজের হাতে শিখিয়েছিলেন সবকিছু! এবার সেই খুকুকে নিয়ে গর্বে ভাসছেন সায়ক! নেপথ্যের গল্প জানলে অবাক হবেন!
একই পোস্টে তিনি আরও লেখেন, “যারা পর্দায় অভিনয় করে তাদের অভিনেতা অভিনেত্রী কিন্তু যারা নিত্য জীবনে অভিনয় করে গেছে একটা মানুষের জীবন ধ্বংস করার জন্য নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তাদের কে কি বলে?” তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকেই মনে করছেন, অতীতের কোনও অভিজ্ঞতার ইঙ্গিতই তিনি এই লেখার মাধ্যমে তুলে ধরেছেন। পোস্টের শেষ অংশে দেবলীনা আরও লেখেন, “হাসি পায় এটা ভেবে যে যাকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলে এই মন, সে যখন পিছনে অতিরিক্ত সম্পর্কে জড়িয়ে থাকে এবং নিজেকে সাধু প্রমাণ করতে চায়।
জীবনে কিছু ঘটনা এমন ঘটে যায় যেটা পরবর্তী জীবন টাকে পুরো বদলে দেয়, মনের মধ্যে একটা অদ্ভুত ভয় ঢুকিয়ে দেয় যেটা ভুলে যাওয়া বা সেখান থেকে বেরিয়ে আসা রোজ বেচে থাকার জন্য লড়াই করার থেকেও কঠিন।” তবে এই পোস্টের মাধ্যমে তিনি কাকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন, সে বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা দেননি। অন্যদিকে, প্রবাহ নন্দীর সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়েও এখনও সরাসরি কোনও মন্তব্য করেননি দেবলীনা। ফলে এই দাম্পত্য বিতর্ক আগামী দিনে নতুন কোনও মোড় নেয় কি না, সেদিকেই এখন নজর রয়েছে অনেকের।






