অদিতি মুন্সির ব্যক্তিগত জীবন ফের আলোচনায়। কীর্তন গায়িকা এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক হিসেবে তিনি বহুদিন ধরেই পরিচিত মুখ। সম্প্রতি তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীকে ঘিরে একাধিক অভিযোগ সামনে আসার পর আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন অদিতি। তৃণমূল আমলে বাগুইআটির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন দেবরাজ। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তোলা’বাজির অভিযোগ রয়েছে। সরকার পরিবর্তনের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তাঁর বিরুদ্ধে থাকা সব মামলার তদন্ত করছে এসআইটি। এই ঘটনার পর থেকেই অদিতি মুন্সির নামও নানা বিতর্কে জড়িয়েছে।
অদিতি শুধু রাজনীতির সঙ্গে নয়, গানের জগতেও সমান জনপ্রিয়। ভক্তিমূলক গান গেয়েই তিনি মানুষের কাছে পরিচিতি পান। ২০১৫ সালের সারেগামাপা প্রতিযোগিতাতেও তিনি অংশ নিয়েছিলেন। পরে তাঁরই সহ প্রতিযোগী গায়ক সৌম্য চক্রবর্তী অভিযোগ করেন, অদিতি নাকি নিজের জনপ্রিয়তা ও ব্যক্তিত্বের সুযোগ নিয়ে নানা ক্ষেত্রে সুবিধা আদায় করতেন। যদিও এই অভিযোগ নিয়ে অদিতির তরফে কোনও প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। অন্যদিকে, দেবরাজকে নিয়ে তাঁর ব্যক্তিগত জীবনের নানা গল্পও সময়ে সময়ে সামনে এসেছে।
কিছুদিন আগেই একটি পডকাস্টে অদিতি নিজেই জানিয়েছিলেন, প্রথমদিকে রাজনীতিক দেবরাজ চক্রবর্তীকে বিয়ে করার বিষয়টি নিয়ে তাঁর মনে কিছুটা ভয় ছিল। তবে তিনি বলেন, দেবরাজকে দেখে কখনও তাঁর রাজনৈতিক নেতার মতো মনে হয়নি। আরও একটি বিষয় তাঁকে স্বস্তি দিয়েছিল। দেবরাজের বাড়ি তাঁর বাপের বাড়ির কাছাকাছি হওয়ায় বিয়ের পর খুব দূরে যেতে হবে না ভেবেই তিনি নিশ্চিন্ত হয়েছিলেন। ২০১৮ সালে কলকাতার ইকো পার্কে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের বিয়ে হয়। তারও আগে থেকেই অনুষ্ঠানের নানা অজুহাতে অদিতিকে বিভিন্ন উপহার দিতেন দেবরাজ।
সেই সাক্ষাৎকারে অদিতি আরও জানান, বিয়ের আগে দেবরাজের দেওয়া একটি বিশেষ উপহার তাঁকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। উপহারটি প্রথমে দেখে তাঁর পরিবারের সকলেই খুব খুশি হয়েছিলেন। বিশেষ করে তাঁর বাবা সেটি খুবই পছন্দ করেছিলেন। তাই সেই উপহারটি অদিতির নিজের ঘরেই রাখা হয়। কিন্তু কয়েকদিনের মধ্যেই বিষয়টি নিয়ে অদিতির মনে এক অদ্ভুত ভয় কাজ করতে শুরু করে। এমনকি সেই উপহার ঘরে থাকায় রাতে ঠিকমতো ঘুমও হতো না বলে জানান তিনি। শেষ পর্যন্ত তিনি সেটি নিজের ঘর থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুনঃ “নাতি বা নাতনির মুখ আর দেখা হবে না!” শঙ্কর চক্রবর্তীর একমাত্র মেয়ের কোলে কোনদিনও আসবে না সন্তান! সদ্য বিয়ে হয়েছে, কেন মা হতে পারবে না সংজ্ঞা? আক্ষেপ নিয়ে কী জানালেন বর্ষীয়ান অভিনেতা?
শেষে অদিতি জানান, দেবরাজ তাঁকে উপহার হিসেবে একটি বিশাল আকারের ফটো ফ্রেমে বাঁধানো ছবি দিয়েছিলেন। সেই ছবিটি তাঁর ঘরে টাঙানো হয়েছিল। কিন্তু ঘুম থেকে উঠে প্রতিদিন নিজের এত বড় ছবি দেখে তিনি ভয় পেতে শুরু করেন। তাঁর কথায়, “মনে হয়েছিল যেন আমি মরে গিয়েছি!” শুধু তাই নয়, ছবির চারপাশে “শ্রদ্ধাঞ্জলি” লেখা ছিল বলেও তিনি জানান। সেই দৃশ্য তাঁকে এতটাই আতঙ্কিত করে তুলেছিল যে শেষ পর্যন্ত তড়িঘড়ি করে ছবিটি নিজের ঘর থেকে সরিয়ে দেন কীর্তন গায়িকা।






