বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার এবং অভিনেত্রী সুপ্রিয়া দেবীর সম্পর্ক নিয়ে বহু বছর ধরেই নানা আলোচনা চলে আসছে। সামাজিক সমালোচনা, কটাক্ষ কিংবা বিতর্ক কোনও কিছুই তাঁদের সম্পর্ককে আলাদা করতে পারেনি। জীবনের শেষ প্রায় দুই দশক সুপ্রিয়া দেবী অত্যন্ত কাছ থেকে উত্তম কুমারের দেখাশোনা করেছেন। মহানায়কের মৃত্যুবার্ষিকী ঘিরে আবারও তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি একটি পডকাস্টে উত্তম কুমারের নাতনি নবমিতার কিছু মন্তব্য প্রকাশ্যে আসতেই সেই বিষয়ে নিজের বক্তব্য জানাতে এগিয়ে এলেন সুপ্রিয়া দেবীর মেয়ে সোমা চট্টোপাধ্যায়।
চিরকালই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেছেন সোমা। সুপ্রিয়া দেবীর প্রথম পক্ষের মেয়ে হলেও ছোটবেলা থেকেই উত্তম কুমারকে বাবার মতোই সম্মান করতেন তিনি এবং তাঁকে ‘বাবি’ বলে ডাকতেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নবমিতা দাবি করেন, উত্তম কুমারের মৃত্যুর পর সুপ্রিয়া দেবীকে নাকি শেষবার দেখতে দেওয়া হয়নি। তাঁর কথায়, “সুপ্রিয়া দেবী অনেকটা পরে এসেছে। ওঁনাকে বলা হয়েছিল আসতে দেওয়া হবে না। আসলে ওঁনার (গৌরী দেবী) মেন্টাল স্টেটটা ছিল এই জায়গায়, যে আমি তো রাখতে পারিনি, তুই কেন রাখতে পারলি না?…. সেই কারণে উনি (উত্তম-পত্নী গৌরী দেবী) খুব রেগে ছিলেন।” এই মন্তব্য সামনে আসতেই বিষয়টি নিয়ে আপত্তি জানান সোমা।
ফেসবুকে প্রকাশ করা একটি ভিডিও বার্তায় সোমা বলেন, “উত্তম কুমারের এক আত্মীয় বলেছেন, উত্তম কুমার যেদিন মারা গিয়েছিলেন, ওঁনার বডি গিরীশ মুখার্জি রোডে ছিল, সেদিন আমার মা-কে ওই বাড়িতে যেতে দেওয়া হয়নি। সেটা নিয়ে আমি একটু আপত্তি করছি। কারণ আমি সেদিন মায়ের সঙ্গে ছিলাম। আমার মা স্বেচ্ছায় যাননি। অনেক সমস্যা ছিল, বেশ কিছু ইস্যু তৈরি হয়েছিল, তাই মা নিজে থেকে যাননি।” তাঁর বক্তব্য অনুযায়ী, সুপ্রিয়া দেবীকে কেউ বাধা দেননি। বরং পরিস্থিতি বিবেচনা করেই তিনি নিজেই সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এরপর নিজের মায়ের ত্যাগের কথাও তুলে ধরেন সোমা। তিনি বলেন, “আমার মা উত্তম কুমারের সঙ্গে ২০ বছর কাটিয়েছেন। মা দেখাশোনা করেছেন, ওঁনাকে কমফর্টেবল রাখতে আমার মা সবকিছু করেছেন। উনি যাতে ভালো থাকেন, অনেক বড়মাপের অভিনেতা হন। আমার মা নিজের কেরিয়ার পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন ওঁনার জন্য। আমার মা রান্নাঘরে ঢুকলেন ওঁনার জন্য, কারণ উনি মায়ের হাতের রান্না খেতে ভালোবাসতেন। মা অনেক বলিদান দিয়েছেন।” সোমার কথায়, সুপ্রিয়া দেবীর জীবনের বড় একটা সময় কেটেছে শুধুমাত্র উত্তম কুমারের পাশে থেকে তাঁর সমস্ত প্রয়োজনের খেয়াল রেখে।
ভিডিওর শেষদিকে সোমা আরও বলেন, “আমার মনে কষ্ট হল এটা শুনে মা-কে ওখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। যে বলেছে, সে হয়তো অনেক ছোট ছিল। সে জানে না, এমনি বলে দিল। মা নিজের ইচ্ছেতে যায়নি। উনি সরে দাঁড়িয়েছিলেন। এটাই আপনাদের জানালাম। ভুল তথ্য শুধরে দিলাম।” তাঁর দাবি, বহু বছর পর এমন একটি ভুল তথ্য প্রকাশ্যে আসায় তিনি নীরব থাকতে চাননি। তাই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে নিজের অভিজ্ঞতার ভিত্তিতেই সত্যিটা সকলের সামনে তুলে ধরেছেন।
আরও পড়ুনঃ তৃণমূল আমলে রাজনীতির শিকার হয়ে হারিয়ে গিয়েছিলেন, বাধ্য হয়ে ছাড়তে হয়েছিল ইন্ডাস্ট্রি! বদলের বাংলায় নতুন ইনিংস শুরু ‘মেম বউ’ বিনীতা চট্টোপাধ্যায়ের! এবার কোন ভূমিকায়, কোথায় দেখা মিলবে অভিনেত্রীর?
সোমার এই ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাঁর ছেলে তথা অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ও মায়ের বক্তব্যকে সমর্থন করেছেন। নিজের ফেসবুক প্রোফাইলে ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, “সঠিক কথা বলেছো মা।” মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী ঘিরে এই নতুন প্রতিক্রিয়া প্রকাশ্যে আসার পর আবারও তাঁর ব্যক্তিগত জীবন, সুপ্রিয়া দেবীর সঙ্গে সম্পর্ক এবং সেই সময়ের নানা অজানা ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।






