একসময় বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘মেম বউ’-এর মুখ হিসেবে দর্শকদের ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায় (Vinita Chatterjee)। সেই ধারাবাহিকের পর দীর্ঘ সময় তাঁকে বাংলা পর্দায় খুব একটা দেখা যায়নি। তবে এবার নতুন উদ্যমে ফের বাংলার কাজেই মন দিয়েছেন তিনি। যদিও ছোটপর্দা নয়, বড়পর্দার ছবির মাধ্যমেই তাঁর প্রত্যাবর্তন হচ্ছে। পরিচালক দীপঙ্কর ঘোষের নতুন ছবি ‘ডাব্বা কাকা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিনীতা। উল্টো রথের দিন ছবির শুভ মহরত সম্পন্ন হয়েছে এবং ২৭ জুলাই থেকে তাঁর শুটিংও শুরু হওয়ার কথা। বহুদিন পর বাংলায় কাজ করতে পেরে অভিনেত্রী যে ভীষণ খুশি, তা তাঁর কথাতেই স্পষ্ট।
ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিনীতা নিজের কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথাও তুলে ধরেন। তিনি জানান, ‘ডাব্বা কাকা’ মুক্তি পেলে সেটাই বড়পর্দায় তাঁর প্রথম রিলিজ হবে। যদিও এর আগেই প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘ক্লোন’ ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু সেই ছবি আজও মুক্তি পায়নি। এ প্রসঙ্গে অভিনেত্রীর দাবি, “রাহুল পূর্বতন সরকারের বিরাগভাজন হওয়ায় তাঁর অনেক কাজই আটকে দেওয়া হয়েছিল। সেই জন্যই ‘ক্লোন’ও বঞ্চিত ছিল।” তবে সরকার বদলের পর পরিস্থিতি বদলাবে বলেই তাঁর বিশ্বাস। তিনি বলেন, “নতুন সরকার ভীষণ শৃঙ্খলা পরায়ন। আশা করছি ক্লোন মুক্তি পাবে। সরকার পরিবর্তনের পর কালচারাল সেলের সঙ্গে আমার যোগাযোগ বাড়ে।
বাংলায় কাজের প্রতি নতুন করে ভরসা পেয়েছি। তাই এখন থেকে মুম্বই আর কলকাতা দু’জায়গাতেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। বিজেপি সরকারের আমলে একসঙ্গে দুটো কাজের প্রস্তাব পেলাম। ডাব্বা কাকা ছাড়াও রয়েছে তুমি রবে নীরবে।” ‘ডাব্বা কাকা’ ছবিতে কাজের সুযোগ কীভাবে এল, সেই প্রশ্নের উত্তরে বিনীতা জানান, এই কাজের সঙ্গে তাঁর সাংবাদিক জীবনেরও একটা যোগ রয়েছে। তিনি বলেন, “সাংবাদিক কমিউনিটি থেকে সুযোগ পেয়েছি। আসলে আমি তো নিজেও আগে পেশায় একজন সাংবাদিক ছিলাম। পৃথিবীর বহু জায়গায় সাংবাদিকতা করেছি। সেই সুবাদেই এই কাজের সুযোগ। বহুদিন পর বাংলায় কাজ করতে পারছি, এটা ভেবেই মনটা যেন খুশিতে নেচে উঠছে।
এখন তো শুধুই স্ক্রিপ্ট পড়ছি। কাল থেকে আমার অংশের শুটিং শুরু। এতটা উত্তেজিত যে ভাষায় প্রকাশ করতে পারছি না।” তাঁর কথায় বোঝা যায়, দীর্ঘ বিরতির পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য তিনি মুখিয়ে রয়েছেন। ছবিতে নিজের চরিত্র নিয়েও বেশ কিছু তথ্য ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, এই সিনেমার গল্প বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং এতে এমন কিছু মানুষের জীবন তুলে ধরা হবে, যাঁরা বাস্তবের নায়ক। বিনীতার চরিত্রের নাম ‘উমা’। তিনি বলেন, “এটি সত্য ঘটনার উপর আঁধারিত। রিয়েল লাইফ হিরোদের নিয়ে গল্প বুনেছেন পরিচালক।
সেই মানুষগুলো আজও বেঁচে আছেন। আর আমার চরিত্রের নাম উমা। সাবেক সাজে বাঙালি গ্রাম্য বধূর ভূমিকায় আমাকে দেখা যাবে। তবে গ্রাম্যবধূ হলেও সে একজন প্রতিবাদী কন্যা। প্রতিবাদের প্রথম আওয়াজ সেই তুলেছিল। গল্পের শেষেই তো হবে পর্দাফাঁস, ডব্বা কাকার ডাব্বার কী আছে?” তাঁর বক্তব্য থেকেই স্পষ্ট, ছবিতে রহস্যের পাশাপাশি প্রতিবাদের সুরও থাকবে। সাক্ষাৎকারের সময়ও তাঁর কথাবার্তায় সাংবাদিকসুলভ সাবলীলতা ধরা পড়ে। এ প্রসঙ্গে বিনীতা বলেন, “আসলে ওটা আমার ভালোবাসা। যখন যেখানে থেকেছি এই পেশায় কোনও না কোনওভাবে নিযুক্ত হয়েছি।
আরও পড়ুনঃ “ওদের ভাল থাকাই সবচেয়ে জরুরি…ওরাই আমাদের ভবিষ্যৎ, ওদের কথা মানলে যদি ভাল হয় তো সেটাই হোক!” সরকার সিদ্ধান্ত বদলাতে বাধ্য, রাস্তায় নামলেই তৈরি করা যায় ইতিহাস? ঐতিহাসিক পদক্ষেপ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর ছাত্র আন্দোলন নিয়ে একসুরে প্রতিক্রিয়া লোপামুদ্রা মিত্র ও ইমন চক্রবর্তীর!
সাংবাদিকতা একটা প্যাশন, যেটা কোনওদিন মলিন হবে না।” অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতার প্রতি তাঁর টান এখনও একই রকম রয়েছে। তাই অভিনয়ে ব্যস্ত থাকলেও নিজের প্রথম ভালোবাসার কথা ভুলে যাননি অভিনেত্রী। তাঁর এই স্বীকারোক্তি অনেকের কাছেই নতুন তথ্য হিসেবে সামনে এসেছে। সবশেষে নিজের আগামী কাজ নিয়েও আশাবাদী বিনীতা। তিনি জানান, ‘ডাব্বা কাকা’ শুধু বাংলাতেই নয়, দেশের বিভিন্ন ভাষায় মুক্তি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি খুব শীঘ্রই তিনি ‘তুমি রবে নীরবে’ ছবির কাজও শুরু করবেন। দীর্ঘ বিরতির পর একসঙ্গে একাধিক বাংলা ছবিতে কাজের সুযোগ পেয়ে তিনি নতুন করে আশাবাদী।






