বাংলা টেলিভিশনের পরিচিত জুটি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের সংসারে এসেছে নতুন সদস্য। সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। তাঁদের মেয়ের নাম কৃষভি, আর সদ্যোজাত ছেলের নাম রাখা হয়েছে কৃষিভ। দু’জনের নামই শ্রীকৃষ্ণের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে। শুধু তাই নয়, মেয়ের ডাকনাম ‘গোপী’ এবং ছেলের ডাকনাম ‘গদা’ রেখেছেন এই দম্পতি। নতুন অতিথিকে ঘিরে এখন আনন্দে ভরপুর তাঁদের পরিবার। এরই মধ্যে হাসপাতাল থেকেই একটি আদুরে ভিডিও শেয়ার করেছেন শ্রীময়ী, যা দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।
ভিডিওতে দেখা যায়, ভিজিটিং আওয়ারে মা ও ছোট ভাইকে দেখতে হাসপাতালে এসেছে দেড় বছরের কৃষভি। ভাইকে দেখে তার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শ্রীময়ী মেয়েকে জিজ্ঞাসা করেন, সে ভাইকে কী খাওয়াবে। ছোট্ট কৃষভির সরল উত্তর, “দই আর দুধ!” শুধু তাই নয়, কীভাবে ভাইকে কোলে নিতে হবে, সেটাও নিজের মতো করে দেখানোর চেষ্টা করে সে। মা-মেয়ের এই কথোপকথন এবং ভাই-বোনের প্রথম দেখা হওয়ার মুহূর্ত ভিডিওটিকে আরও বিশেষ করে তুলেছে। হাসপাতালের বেডে শুয়ে সেই আবেগঘন মুহূর্তই ক্যামেরাবন্দি করেন অভিনেত্রী।
শ্রীময়ী ও কাঞ্চন দু’জনেই অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও সন্তানদের দায়িত্ব ভাগ করে নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন। শ্রীময়ীর কথায়, সন্তান লালনপালনের ক্ষেত্রে কাঞ্চন তাঁকে যথেষ্ট সাহায্য করেন। এখন দুই সন্তানকে নিয়েই তাঁদের নতুন অধ্যায় শুরু হয়েছে। খুব অল্প বয়সের ব্যবধান হওয়ায় কৃষভি এবং কৃষিভ একসঙ্গে বড় হবে, খেলাধুলা করবে, এমনটাই আশা করছেন তাঁদের অনুরাগীরা। শ্রীময়ীও নিয়মিত মেয়ের ছবি ও ভিডিও ভাগ করে নেন সমাজমাধ্যমে। এবার সেই তালিকায় যোগ হল ছোট ছেলে কৃষিভও।
তবে দ্বিতীয়বার মা হওয়ার সিদ্ধান্তটা প্রথমে খুব সহজ ছিল না বলে আগেই জানিয়েছিলেন শ্রীময়ী। মেয়ে তখনও খুব ছোট, তাই নতুন সন্তানকে কীভাবে সামলাবেন, তা নিয়ে তিনি বেশ চিন্তায় ছিলেন। সেই সময় নিজের পরিবারকে জানানোর পাশাপাশি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও এই সুখবর দিয়েছিলেন। শ্রীময়ীর কথায়, ঋতুপর্ণাই তাঁকে সাহস জুগিয়ে বলেছিলেন, “মানুষ মাথা ঠুকে সন্তান পায় না, তোকে ঈশ্বর না চাইতেই দিয়েছে, একদম কোন নেগেটিভ চিন্তা করবি না, মুখেও আনবি না।” সেই কথাই তাঁকে নতুন আত্মবিশ্বাস দেয়। এরপর আর কোনও দ্বিধা না রেখে মাতৃত্বের এই নতুন সফরকে গ্রহণ করেন তিনি।
আরও পড়ুনঃ “মন্দিরের টাকাও লু’ট করছে এরা…সবকিছু চুরি করা যায়, কিন্তু মানুষের মন চুরি করতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়!” “ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়েও মমতার নাম, তাই ভয় পায় বিরোধীরা!” প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা, ছাত্র আন্দোলনের জেরে শিক্ষামন্ত্রীর ইস্তফার পর কেন্দ্রকে নিশানা করে বি*স্ফোরক অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়!
কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্ক এবং বিয়ে নিয়ে একসময় নানা বিতর্ক হলেও, বর্তমানে তাঁরা নিজেদের সংসার এবং দুই সন্তানকে নিয়েই ব্যস্ত। দ্বিতীয়বার মা হওয়ার আগে যে ভয় ও দুশ্চিন্তা ছিল, ছেলে জন্মের পর তা অনেকটাই কেটে গিয়েছে বলেই মনে করছেন অনুরাগীরা। হাসপাতালের সেই ছোট্ট ভিডিওতেও ফুটে উঠেছে পরিবারের নতুন আনন্দের ছবি। একদিকে ছোট্ট কৃষভির ভাইকে নিয়ে উচ্ছ্বাস, অন্যদিকে শ্রীময়ীর মুখের হাসি, সব মিলিয়ে নতুন সদস্যকে ঘিরে এখন আনন্দের আবহ কাঞ্চন-শ্রীময়ীর পরিবারে।






