‘‘আমার প্রিয়…প্রথমে হিংসে হত, কিন্তু এখন তোমার জন্য গর্ব হয়!’’ ‘দেশু ৭’-এর শুটিংয়ের শেষ দিনে দেবকে নিয়ে আবেগপ্রবণ ‘প্রাক্তন’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়! খোলা চিঠিতেই নায়িকা ভাগ করলেন অনেক না বলা মনের কথা?

দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক একসময় টলিপাড়ার অন্যতম চর্চিত বিষয় ছিল। তাঁদের প্রেম, একসঙ্গে কাজ এবং পরবর্তী বিচ্ছেদ নিয়ে কম আলোচনা হয়নি। সম্পর্কের তিক্ততা কাটিয়ে বহু বছর পর ফের পেশাগত কারণে একসঙ্গে কাজ করছেন দুজন। গত বছর ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে তাঁদের আবার পর্দায় একসঙ্গে দেখা যায়। সেই ছবির শুটিং অবশ্য হয়েছিল ২০১৫ সালে, যখন তাঁদের ব্যক্তিগত সম্পর্কের পথ আলাদা হয়ে গিয়েছিল। তবুও দেব তাঁর প্রযোজিত প্রথম ছবিতে শুভশ্রীকেই নায়িকা হিসেবে বেছে নিয়েছিলেন। ২০২৫ সালের অগস্টে ছবিটি মুক্তির পর প্রচারেও একসঙ্গে দেখা যায় তাঁদের।

‘ধূমকেতু’র সাফল্যের পর আবারও নতুন কাজের জন্য একসঙ্গে ফিরেছেন দেব ও শুভশ্রী। এবার ছবির নাম ‘দেশু ৭’, যেখানে দেব প্রথমবার পরিচালকের আসনে বসেছেন। বুধবার আনুষ্ঠানিকভাবে ছবিটির শুটিং শেষ হয়েছে। এই ছবিতে শুভশ্রী অভিনয় করছেন গুরুত্বপূর্ণ চরিত্রে, পাশাপাশি অনির্বাণ ভট্টাচার্যকেও দেখা যাবে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায়। দেবের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে ছবির শেষ শুটিংয়ের দিন সমাজমাধ্যমে একটি আবেগঘন লেখা প্রকাশ করেন শুভশ্রী। সেই লেখায় তাঁদের দীর্ঘদিনের পরিচয়ের পাশাপাশি নতুন ভূমিকায় দেবকে দেখার অভিজ্ঞতাও তুলে ধরেছেন তিনি।

শুভশ্রী জানিয়েছেন, তাঁদের দুজনেরই প্রায় একই সময়ে কর্মজীবনের শুরু হয়েছিল। কিন্তু ‘দেশু ৭’-এ একসঙ্গে কাজের অভিজ্ঞতা তাঁর কাছে একেবারেই আলাদা। কারণ এবার অভিনেতা দেবকে নয়, পরিচালক দেবকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি। নায়িকার কথায়, শুরুতে দেবের কাজ দেখে তাঁর খানিকটা ঈর্ষাও হয়েছিল। কীভাবে এতটা পরিষ্কারভাবে একটি ছবি বানানোর পরিকল্পনা করতে পারেন এবং চিত্রনাট্য নিয়ে এতটা স্পষ্ট থাকতে পারেন, তা দেখে তিনি অবাক হয়েছিলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করার পাশাপাশি দেব কখন এবং কীভাবে পরিচালনার এত কিছু শিখে ফেললেন, সেই প্রশ্নও তাঁর মনে এসেছিল। তবে সময়ের সঙ্গে সেই ঈর্ষাই ধীরে ধীরে অনুপ্রেরণায় বদলে যায়।

চিঠিতে দেবের পরিচালনার দক্ষতার প্রশংসাও করেছেন শুভশ্রী। তিনি জানিয়েছেন, ‘দেশু ৭’ মুক্তির পর টলিউড একজন নতুন সফল পরিচালককে পাবে বলে তিনি আত্মবিশ্বাসী। সাধারণ দর্শককে বিনোদন দেওয়ার পাশাপাশি দেব ভালো গল্পও বলতে পারবেন বলে তাঁর বিশ্বাস। তাই অভিনয় থেকে পরিচালনায় দেবের এই নতুন যাত্রাকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। চিঠির শেষে শুভশ্রী স্পষ্ট করে লিখেছেন, “তোমার জন্য গর্ব হয়। পরিচালক হিসাবে তোমার ভবিষ্যতের পথচলার জন্য অনেক শুভকামনা রইল।” তাঁর এই কথাতেই স্পষ্ট, একসময় সম্পর্ক ভেঙে গেলেও দুজনের মধ্যে পেশাগত সম্মান এবং একে অপরের কাজের প্রতি শ্রদ্ধা এখনও যথেষ্ট রয়েছে।

অবশ্য ‘ধূমকেতু’র প্রচারের সময় তাঁদের মধ্যে সাময়িক মনোমালিন্যের কথাও সামনে এসেছিল। দেবের ‘দুই সন্তানের মা’ মন্তব্যে শুভশ্রী মনঃক্ষুণ্ণ হয়েছিলেন বলে জানা গিয়েছিল। পরে সেই ভুল বোঝাবুঝির পর্বও কেটে যায় এবং ফের একসঙ্গে কাজ করতে দেখা যায় তাঁদের। একসময় ব্যক্তিগত জীবনের সম্পর্কের কারণে যে জুটি নিয়ে এত আলোচনা হয়েছিল, এখন তাঁদের নতুন করে পেশাগত সম্পর্কের জায়গা থেকে একসঙ্গে দেখা যাচ্ছে। দেবের পরিচালনায় শুভশ্রীর অভিনয় তাই দর্শকদের কাছেও আলাদা আগ্রহ তৈরি করেছে।

আরও পড়ুনঃ “বিয়ের দিন আমার পরিবারের কেউ ছিল না…” মা হারানোর যন্ত্রণা, অজস্র আক্ষেপ নিয়েই একা বিয়ের মণ্ডপে মৌসুমী ভট্টাচার্য! বাবা আসেননি মেয়ের বিয়েতে, দিদিরাও ছিলেন দূরে! ছোট থেকেই একার লড়াই, নিজের পায়ে দাঁড়িয়েও পাশে পাননি কাউকে! দীপাঞ্জনের পরিবারের ভালোবাসায় কীভাবে কীভাবে হয়ে উঠল অভিনেত্রীর নতুন আশ্রয়? শুনলে আবেগপ্রবণ হবেন আপনিও!

এবার ‘দেশু ৭’ দুর্গাপুজোয় মুক্তি পাওয়ার কথা। ছবিতে শুভশ্রী ও দেবের পাশাপাশি অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। একদিকে দেবের প্রথম পরিচালিত ছবি, অন্যদিকে তাঁর ‘প্রাক্তন’ শুভশ্রীর অভিনয়, দুই কারণেই ছবিটি নিয়ে দর্শকদের কৌতূহল তৈরি হয়েছে। এর মধ্যেই শুভশ্রীর খোলা চিঠি সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। একসময় যে মানুষটিকে ঘিরে তাঁর মনে ঈর্ষা তৈরি হয়েছিল, আজ তাঁর পরিচালকের পথচলা দেখে সেই মানুষটির জন্যই গর্বিত নায়িকা। তাঁদের সম্পর্কের এই বদলে যাওয়া সমীকরণই এখন নতুন করে চর্চায়।

You cannot copy content of this page