‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিদিনই কোনও না কোনও বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হচ্ছে। কখনও মজার ছলে মন্তব্য, আবার কখনও সেই মন্তব্য ঘিরেই শুরু হচ্ছে তর্ক। সম্প্রতি এমনই এক ঘটনায় মুখোমুখি হন অভিনেত্রী মনামী ঘোষ এবং কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্ত। ঘটনার সূত্রপাত হয়েছিল একেবারেই মজার আড্ডা থেকে। বিগ বসের ঘরে বসে দুর্নিবার, ঝিলমরা নিজেদের মধ্যে গল্প করছিলেন।সেখানে একে অপরকে নিয়ে মশকরা করছিলেন তাঁরা। সেই আড্ডাতেই ক্যাপ্টেন ভরত কলকে দেখে তাঁকে ‘তেলের কৌটো’ বলে কটাক্ষ করেন ঝিলম। তবে ঝিলমের সেই মন্তব্যে ভরত কল রেগে যাননি, বরং বিষয়টি উপভোগই করেছিলেন।
এরপরই ঝিলমের নজর যায় অভিনেত্রী মনামী ঘোষের দিকে। ‘বিগ বস বাংলা’র ঘরে মনামীর সাজপোশাক ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। ফ্যাশন সচেতন অভিনেত্রী হিসেবে তাঁর পরিচিতিও রয়েছে। সেদিন মনামী পরেছিলেন সাদা রঙের ফুলহাতা টপ এবং হলুদ রঙের স্কার্ট। তাঁকে দেখে হাসতে হাসতে ঝিলম বলেন, “মনামীদিকে দেখে মনে হচ্ছে অত্যন্ত সুন্দর বিদেশ থেকে আসা কলার খোসা খুলে স্কার্ট হিসেবে পরেছে।” ঝিলমের মন্তব্য শুনে সেখানে উপস্থিত সকলেই হেসে ওঠেন। মনামীও প্রথমে ঝিলমের কথায় আপত্তি করেননি। বরং অভিনেত্রী নিজেই জানান, তাঁর টপটি কলার মতো এবং স্কার্টটি কলার খোসার মতো দেখতে।
কিন্তু মজার সেই মুহূর্ত খুব বেশি সময় স্থায়ী হয়নি। কিছুক্ষণ পরেই মনামীর আচরণে বোঝা যায়, বিষয়টি তাঁর আর ভালো লাগছে না। রীতিমতো রেগে গিয়ে তিনি স্পষ্ট করে দেন, এই ধরনের ‘ফালতু মজা’ তাঁর একেবারেই পছন্দ নয়। মনামীর এমন প্রতিক্রিয়ায় বেশ দুঃখ পান ঝিলম। পরিস্থিতি সামলাতে গিয়ে শেষপর্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মনামীকে কেন্দ্র করে করা সেই মশকরার পর কনটেন্ট ক্রিয়েটরকে কাঁদতে দেখা যায়। ঝিলমের কান্না দেখে মন খারাপ হয়ে যায় বিগ বসের ঘরে থাকা সোনামনি এবং সৃজলারও। ঘরের এই পরিস্থিতি মুহূর্তেই মজার আড্ডাকে আবেগঘন ঘটনায় বদলে দেয়।
ঝিলমকে কাঁদতে দেখে সোনামনি এবং সৃজলা তাঁকে নিজের মনের কথা প্রকাশ করতে বলেন। তাঁদের কথায়, নিজের মনে যা আসে, সেটাই নিজের ভাষায় বলা উচিত। এরপর ঝিলমকে উদ্দেশ্য করে সৃজলা বলেন, “কাউকে কলার খোসা মনে হলে তুমি কলার খোসা বলবে।” এই কথাতেই আরও আবেগপ্রবণ হয়ে পড়েন ঝিলম। এরপর নিজের ছোটবেলার কিছু অভিজ্ঞতার কথাও জানান তিনি। ছোটবেলায় কীভাবে তাঁকে কটাক্ষ এবং বিদ্রুপের শিকার হতে হয়েছিল, সেই প্রসঙ্গ উঠে আসে তাঁর কথায়। পুরনো সেই অভিজ্ঞতার কথা মনে পড়তেই বিগ বসের ঘরে চোখের জল ধরে রাখতে পারেননি কনটেন্ট ক্রিয়েটর। তাঁর কান্নায় পরিস্থিতি আরও আবেগঘন হয়ে ওঠে।
আরও পড়ুনঃ করতে হয়েছে হাঁটুতে অ’স্ত্রোপচার, আপাতত হাসপাতালের বেডে শন বন্দ্যোপাধ্যায়! তবে কি ‘বিগ বস বাংলা’য় আর দেখা যাবে না তাঁকে? নাকি ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে চমক দেবেন তিনি? এখন কেমন আছেন, নিজেই সবটা জানালেন অভিনেতা?
সব মিলিয়ে ঝিলম এবং মনামীর এই ঘটনা ‘বিগ বস বাংলা’র ঘরে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রথমে হাসি-মশকরার মধ্য দিয়ে শুরু হলেও শেষপর্যন্ত বিষয়টি অন্যদিকে মোড় নেয়। মনামীর পোশাক নিয়ে করা ঝিলমের মন্তব্য প্রথমে সকলকে হাসালেও পরে অভিনেত্রীর বিরক্তি প্রকাশ্যে আসে। অন্যদিকে, মনামীর প্রতিক্রিয়ায় ঝিলমের আবেগপ্রবণ হয়ে পড়া নজর কেড়েছে। বিশেষ করে ছোটবেলার কটাক্ষের কথা বলতে গিয়ে তাঁর কান্না পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। বিগ বসের ঘরে প্রতিদিনই নতুন নতুন ঘটনা সামনে আসছে। এই ঘটনাও সেই তালিকায় নতুন সংযোজন হয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। এখন এই বিষয়টি নিয়ে পরবর্তী পর্বে আর কোনও প্রতিক্রিয়া দেখা যায় কি না, সেদিকেই নজর দর্শকদের।






