‘বিগ বস বাংলা’র প্রোমো শুটিংয়ের সময় পায়ে গুরুতর চোট পেয়েছিলেন অভিনেতা শন বন্দোপাধ্যায়। সেই চোটের কারণেই এবারের ‘বিগ বস বাংলা’র ঘরে তাঁর প্রবেশ হয়নি। এরপর থেকেই দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছিল, তাহলে কি আর দেখা যাবে না শনকে? এবার নিজের শারীরিক অবস্থার বিষয়ে সমাজ মাধ্যমে জানালেন অভিনেতা নিজেই। জানা গিয়েছে, হাঁটুর চোটের জন্য অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। হাসপাতালের বেডে শুয়ে নিজের ছবি পোস্ট করে স্বাস্থ্যের খবর দিয়েছেন শন। সেই পোস্ট সামনে আসতেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন অনুরাগীরা।
সমাজ মাধ্যমে শন লেখেন, ‘আমার স্বাস্থ্য নিয়ে আপনাদের উদ্বেগের জন্য আমি কৃতজ্ঞ। হাঁটুতে চোট লাগার কারণে আমার কাজে বাধা এসেছিল। তবে স্বস্তির বিষয় হল আজ আমার সার্জারি সফল হয়েছে। আমি সবসময় বিশ্বাস করি যে জীবনের নানা প্রতিকূলতা খুবই সামান্য ব্যাপার, কিন্তু ঘুরে দাঁড়ানোটা প্রায়শই অনেক বড় বিষয় হয়। আমিও খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অপেক্ষায় আছি। আপনাদের প্রার্থনায় আমাকে সুস্থ করে তুলবে।’ তাঁর এই বার্তার পরই নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শনকে নিয়ে পোস্টটি সামনে আসার পর থেকেই দর্শকদের মনে ঘুরছে একাধিক প্রশ্ন। বিশেষ করে তাঁর ‘বিগ বস বাংলা’য় যোগ দেওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। হাঁটুর অস্ত্রোপচারের পর কি তিনি আর এই রিয়্যালিটি শোয়ে আসতে পারবেন? নাকি চোটের কারণে পুরোপুরি বাদ পড়তে হবে তাঁকে, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। তবে শোনা যাচ্ছে, শনের ‘বিগ বস বাংলা’য় আসার সম্ভাবনা এখনও রয়েছে। জানা যাচ্ছে, তিনি ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে মূল খেলায় যোগ দিতে পারেন। তাঁর সঙ্গে একইভাবে অভিনেতা জিতু কামালকেও দেখা যেতে পারে বলে খবর।
এদিকে শনকে ঘিরে জল্পনার মধ্যেই ‘বিগ বস বাংলা’য় চলছে ধুন্ধুমার কাণ্ড। এবার ‘ডাগ আউট’ থেকে মূল ঘরে যাওয়ার সুযোগ পাচ্ছেন কয়েকজন সদস্য। ইতিমধ্যেই শেষ হয়েছে ‘বিগ বস’-এর লাক্সারি বাজেট টাস্ক। তবে ৩ সেপ্টেম্বরের পর্বে দেখা যায়, অনেক চেষ্টা করেও শেষ টাস্কটি শেষ করতে পারেননি ‘ডাগ আউট’-এর সদস্যরা। ফলে তাঁদের লাক্সারি বাজেট অর্ধেক করে দেওয়া হয়েছে। এরপর ‘বিগ বস’ নতুন নিয়মের কথা ঘোষণা করেন। মূল ঘরের সদস্যরা ‘ডাগ আউট’ থেকে দু’জনকে বেছে নেবেন, যাঁরা ভালো কাজ করেছেন এবং মূল ঘরে যাওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুনঃ ছেলের পৈতে উত্তম কুমারকে নিমন্ত্রণ করেও আসতে মানা করেছিলেন নির্মল কুমার! কেন নিয়েছিলেন এমন সিদ্ধান্ত, মহানায়কের জন্মশতবার্ষিকীতে আসল কারণ ফাঁস করলেন অভিনেতার পুত্র ভাস্কর বন্দ্যোপাধ্যায়?
অন্যদিকে ‘ডাগ আউট’-এর সদস্যরাও মূল ঘরের দু’জন সদস্যকে বেছে নেবেন। টাস্কে যাঁরা সেভাবে সাহায্য করেননি, তাঁদের মূল ঘর ছেড়ে ‘ডাগ আউট’-এ যেতে হবে। এই নিয়ম অনুযায়ী দুর্নিবার সাহা ও সোহিনী পালকে মূল ঘরে আসার জন্য নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে মনামী ঘোষ ও অনিন্দ্য সেনগুপ্তকে ‘ডাগ আউট’-এ যাওয়ার জন্য মনোনীত করা হয়েছে। ফলে শনের ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে জল্পনার পাশাপাশি শোয়ের খেলাতেও এসেছে বড় বদল। এখন হাঁটুর অস্ত্রোপচারের পর কত দ্রুত শন সুস্থ হয়ে ওঠেন, সেটাই দেখার। আর শেষ পর্যন্ত তাঁকে সত্যিই ‘বিগ বস বাংলা’র ঘরে দেখা যাবে কি না, সেই উত্তরও সময়ই দেবে।






