টলিউডের অন্যতম চর্চিত দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। তাঁদের প্রেম থেকে বিয়ে, বয়সের ব্যবধান থেকে ব্যক্তিগত জীবন, সব কিছু নিয়েই বারবার আলোচনায় উঠে এসেছেন তাঁরা। পরকীয়ার অভিযোগ থেকে শুরু করে বিয়ের আগে শ্রীময়ীর সন্তানসম্ভবা হওয়া, এমনকী মাত্র ১৯ মাসের ব্যবধানে দু’বার মা হওয়ার বিষয় নিয়েও কম বিতর্ক হয়নি। তবে সমালোচনা সত্ত্বেও নিজেদের মতো করেই সংসার করছেন এই তারকা দম্পতি। সম্প্রতি টিভি নাইন বাংলার বিশেষ পডকাস্ট ‘অপ্রকাশিত’-তে একসঙ্গে হাজির হয়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। সেখানে নিজেদের ব্যক্তিগত জীবন, দাম্পত্য এবং অতীতের নানা ঘটনা নিয়ে খোলামেলা আলোচনা করেন তাঁরা। কথোপকথনের মাঝেই কাঞ্চনের প্রথম স্ত্রীকে নিয়ে এমন একটি তথ্য প্রকাশ্যে আনেন শ্রীময়ী, যা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। অভিনেত্রী জানান, প্রথম স্ত্রীর সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে কাঞ্চনের। শুধু তাই নয়, স্বামীর অতীতের বিয়ে নিয়েও মজার ছলে বেশ কিছু মন্তব্য করেন তিনি।
পডকাস্টে কথার প্রসঙ্গেই শ্রীময়ী বলেন, ‘তিরিশ বছরে কাঞ্চন ইন্ডাস্ট্রিকে কিছু দেয়নি, শুধু তিনটে বউ দিয়েছে, ওর প্রথম বউয়ের সঙ্গে এখনও যোগাযোগ আছে।’ তাঁর এই মন্তব্যের পরেই কাঞ্চন ও তাঁর প্রথম স্ত্রীর সম্পর্ক নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। তবে শুধু প্রথম স্ত্রীকে নিয়ে নয়, তাঁদের দুজনের বয়সের ব্যবধান নিয়েও সঞ্চালকের প্রশ্নের মুখোমুখি হতে হয় দম্পতিকে। কাঞ্চন ও শ্রীময়ীর মধ্যে বয়সের ফারাক প্রায় ২৬ বছরের। সেই প্রসঙ্গ তুলে সঞ্চালক মজা করে বলেন, কাঞ্চনের মেয়ে হলে তাঁর বয়সও শ্রীময়ীর কাছাকাছি হত। উত্তরে শ্রীময়ী হাসিমুখেই জানান, বয়সে বড় এবং অভিজ্ঞ পুরুষদের প্রতিই তাঁর বরাবর বেশি আকর্ষণ রয়েছে। এরপর স্বামীর অভিনয় জীবনের প্রসঙ্গ টেনে ফের মজার ছলে বলেন, দীর্ঘ ৩০ বছরের কেরিয়ারে কাঞ্চন ইন্ডাস্ট্রিকে কেবল তিনটি বউই দিয়েছেন! স্ত্রীর এই মন্তব্য শুনে কাঞ্চনও বিষয়টি হালকা মেজাজেই গ্রহণ করেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাও বাড়ে বলে রসিকতা করেন অভিনেতা। তাঁদের এই কথোপকথনেই উঠে আসে দম্পতির ব্যক্তিগত সম্পর্কের নানা দিক।
প্রসঙ্গত, কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী হলেন অভিনেত্রী অনিন্দিতা দাস। বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ তিনি। অভিনয় জীবনের শুরুর দিকেই কাঞ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অনিন্দিতা। প্রায় সাড়ে সাত বছর একসঙ্গে সংসার করার পর ২০১০ সালে তাঁদের আইনি বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পর নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের সামনে খুব একটা কথা বলতে চাননি অনিন্দিতা। বরং যাবতীয় বিতর্ক ও প্রচারের আলো থেকে দূরে থেকে নিজের অভিনয় জীবনেই মন দিয়েছেন তিনি। থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতে পথচলা শুরু হয়েছিল তাঁর। পরবর্তীকালে বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অনিন্দিতা। ‘গৌরী এলো’, ‘তুমি আশেপাশে থাকলে’, ‘দত্ত অ্যান্ড বৌমা’, ‘মহাপীঠ তারাপীঠ’ এবং ‘আনন্দী’র মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। বেশিরভাগ ক্ষেত্রেই মা কিংবা শাশুড়িমায়ের চরিত্রে দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী। কাঞ্চনের প্রথম স্ত্রী পরিচয়ের বাইরেও নিজের অভিনয় দক্ষতা দিয়ে ইন্ডাস্ট্রিতে আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি।
অন্যদিকে, অনিন্দিতার সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন কাঞ্চন মল্লিক। অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে, নাম ওশ। তবে সেই দাম্পত্যও শেষ পর্যন্ত টেকেনি। পরবর্তীকালে পিঙ্কির সঙ্গে আইনি বিচ্ছেদ হয় কাঞ্চনের। এরপর শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন অভিনেতা। কাঞ্চনের জীবনে একাধিক বিয়ে এবং শ্রীময়ীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলে আসছে। তাঁদের বয়সের ব্যবধান নিয়েও বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে দুজনকে। তবে পডকাস্টে সঞ্চালকের প্রশ্নের উত্তরে শ্রীময়ী নিজের বক্তব্য বেশ স্বচ্ছন্দেই তুলে ধরেছেন। স্বামীর অতীতের সম্পর্ক নিয়ে কথা বলার পাশাপাশি প্রথম স্ত্রীর সঙ্গে এখনও যোগাযোগ থাকার বিষয়টিও নিজেই প্রকাশ্যে এনেছেন তিনি। ফলে তাঁদের দাম্পত্যের এই অজানা তথ্য সামনে আসতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে কাঞ্চনের আগের জীবন।
আরও পড়ুনঃ ‘আগের মতো আত্মবিশ্বাস নিয়ে গান গাইতে পারতাম না, বড় মিউজিক ডিরেক্টরদের কাজও ফিরিয়ে দিতে হয়েছিল!’ অল্প বয়সেই দেশজোড়া খ্যাতি, একের পর এক প্লেব্যাকের সুযোগ, হঠাৎই কেন থমকে যায় সঙ্গীতের যাত্রা? জনপ্রিয়তার শিখরে পৌঁছেও কোন লড়াইয়ের মুখোমুখি হয়েছিলেন সারেগামাপা জয়ী শ্রেয়ান ভট্টাচার্য? কত বড় হয়েছে সে, জানেন কী করে এখন?
বর্তমানে কাঞ্চনের প্রথম স্ত্রী অনিন্দিতা দাস নিজের অভিনয় জীবন নিয়েই ব্যস্ত। ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতেই পছন্দ করেন তিনি। বাবা-মা এবং নিজের পোষ্য বিড়ালকে নিয়ে নিজের মতো করে সময় কাটান অভিনেত্রী। কাঞ্চনের সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খুব বেশি কথা না বললেও অভিনয়ের জগতে নিয়মিত কাজ করে চলেছেন তিনি। অন্যদিকে, কাঞ্চন ও শ্রীময়ী নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। তাঁদের সম্পর্কের নানা দিক নিয়ে অতীতে বহুবার আলোচনা হলেও এবার টিভি নাইন বাংলার পডকাস্টে উঠে এল কাঞ্চনের প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ থাকার কথা। শ্রীময়ীর মুখেই জানা গেল, বিচ্ছেদের এত বছর পরেও প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন কাঞ্চন। পাশাপাশি স্বামীর তিনটি বিয়ে নিয়েও প্রকাশ্যে রসিকতা করতে দেখা গেল তাঁকে। সব মিলিয়ে ‘অপ্রকাশিত’ পডকাস্টে কাঞ্চন ও শ্রীময়ীর এই খোলামেলা কথোপকথন ঘিরে বিনোদন মহলে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।






