টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়, যাঁকে আদর করে মিশুক বলে ডাকেন অনেকে। বেশ কিছুদিন ধরেই তাঁর অভিনয় জগতে পা রাখা নিয়ে নানা আলোচনা চলছে। এবার সেই জল্পনাতেই নতুন মাত্রা যোগ করল একটি ছবি। সম্প্রতি বলিউডের জনপ্রিয় পরিচালক মোহিত সুরির সঙ্গে নিজের একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তৃষাণজিৎ। ছবিতে পরিচালকের কাঁধে হাত রেখে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে তাঁকে। আর এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি এবার বাংলা ছবির বদলে সরাসরি বলিউডে পা রাখতে চলেছেন প্রসেনজিৎ-পুত্র? বিশেষ করে ‘আশিকি ২’, ‘এক ভিলেন’ এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ‘সাইয়ারা’র মতো ছবির পরিচালকের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ ঘিরে কৌতূহল বেড়েছে সিনেপ্রেমীদের।
মোহিত সুরির সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন তৃষাণজিৎ। সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করে বাবাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ক্যাপশনে তৃষাণজিৎ লিখেছেন, ‘বাবার জন্যই মোহিত সুরির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। যদিও এটি ছিল একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ। তবে এর সব কৃতিত্ব আমার বাবার। তোমায় অনেক ভালোবাসি বাবা!’ তাঁর এই বক্তব্য থেকেই স্পষ্ট, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে মোহিত সুরির পরিচয় এবং যোগাযোগের সূত্র ধরেই এই সাক্ষাতের সুযোগ পেয়েছেন তিনি। তবে এই সাক্ষাৎ শুধুই সৌজন্য বিনিময় ছিল, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও পরিকল্পনা, তা এখনও জানা যায়নি। পরিচালকের সঙ্গে তৃষাণজিতের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সেই প্রশ্ন ঘুরছে বিনোদন মহলে। বিশেষ করে নতুন অভিনেতাদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে মোহিত সুরির পরিচিতির কথা মাথায় রেখেই জল্পনা আরও জোরালো হয়েছে।
প্রসঙ্গত, এর আগেও তৃষাণজিতের অভিনয় জগতে প্রবেশ নিয়ে একাধিকবার খবর প্রকাশ্যে এসেছে। চলতি বছরের গোড়ার দিকে শোনা গিয়েছিল, প্রযোজনা সংস্থা এসভিএফের হাত ধরে বড়পর্দায় অভিষেক হতে পারে তাঁর। সেই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী আর্যা রায়ের। সম্প্রতি আদৃত রায়ের সঙ্গে ‘বেপরোয়া’ ছবিতে দেখা গিয়েছে আর্যাকে। তবে তৃষাণজিতের সেই সম্ভাব্য ছবির বিষয়ে এখনও নতুন কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি। আপাতত মুম্বই এবং কলকাতা, দুই শহরেই যাতায়াত রয়েছে প্রসেনজিৎ ও অর্পিতা চট্টোপাধ্যায়ের ছেলের। তিনি পৃথ্বী থিয়েটারের সঙ্গেও যুক্ত এবং বর্তমানে মঞ্চাভিনয়ের সঙ্গে জড়িত রয়েছেন। ফলে অভিনয়ের জগতের সঙ্গে তাঁর পরিচয় একেবারে নতুন নয়। এবার সেই অভিজ্ঞতা নিয়েই কি বড়পর্দায় নিজের কেরিয়ার শুরু করতে চলেছেন তিনি, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
অন্যদিকে, পরিচালক মোহিত সুরির কেরিয়ারেও সাম্প্রতিক সময়ে বড় সাফল্য যোগ করেছে ‘সাইয়ারা’। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি এই মিউজিক্যাল রোমান্টিক ছবিটি বিশ্বজুড়ে বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। শুধু তাই নয়, এটি পরিচালকের কেরিয়ারের এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যবসা করা ছবি। এর আগে ‘আশিকি ২’, ‘এক ভিলেন’ এবং ‘মলং’-এর মতো ছবির মাধ্যমে প্রেম ও সম্পর্কের গল্পকে অন্যভাবে পর্দায় তুলে ধরেছেন তিনি। নতুন মুখেদের নিয়ে কাজ করার ক্ষেত্রেও তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। ‘সাইয়ারা’ ছবিতেও অহন পাণ্ডে এবং অনীত পাড্ডার মতো নতুন অভিনেতাদের সুযোগ দিয়েছিলেন পরিচালক। তাঁদের অভিনীত ছবিটি বক্স অফিসে বিপুল সাফল্য পাওয়ার পর স্বাভাবিকভাবেই মোহিতের পরবর্তী ছবির দিকে নজর রয়েছে দর্শকদের। আর এমন সময়েই তৃষাণজিতের সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ায় নতুন কোনও কাজের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ ‘অপারেশন সাকসেসফুল!’ বিগ বসের ঘর ছাড়তে হয়েছিল অসুস্থতার কারণে, অ’স্ত্রোপচার সফল হলেও এখনই য’ন্ত্রণামুক্ত নন ঝিলম গুপ্ত? অতিরিক্ত মাত্রায় ছড়িয়ে সং’ক্রমণ, পুরোপুরি সুস্থ হতে কতদিন, কী জানালেন চিকিৎসকরা?
তবে মোহিত সুরির সঙ্গে তৃষাণজিতের এই সাক্ষাৎ থেকে এখনই বলিউডে অভিষেকের বিষয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছে না। কারণ, এখনও পর্যন্ত পরিচালক বা তৃষাণজিৎ, কেউই কোনও নতুন ছবির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেননি। অন্যদিকে, টলিউডে তাঁর প্রথম কাজ নিয়েও আগে থেকে নানা আলোচনা থাকায় নতুন এই ছবি আরও বেশি কৌতূহল তৈরি করেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা ছবির জগতের অন্যতম পরিচিত মুখ। তাঁর বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ও হিন্দি ছবির জগতে পরিচিত অভিনেতা ছিলেন। ফলে তিন প্রজন্মের অভিনয়ের যোগসূত্র রয়েছে এই পরিবারে। মা অর্পিতা চট্টোপাধ্যায়ও অভিনয়ের পাশাপাশি গানের জগতের সঙ্গে যুক্ত। এমন একটি শিল্পী পরিবারে বড় হয়ে ওঠা তৃষাণজিতের পর্দায় আসার অপেক্ষায় রয়েছেন অনেকেই। এবার কি সত্যিই মোহিত সুরির হাত ধরে বলিউডে নতুন ইনিংস শুরু করবেন প্রসেনজিৎ-পুত্র, নাকি এই সাক্ষাৎ শুধুই ব্যক্তিগত পরিচয়ের সূত্রে? আপাতত সেই উত্তর সময়ের অপেক্ষায়।






