বাংলায় রাজনৈতিক পালাবদলের পর থেকেই একাধিক বিষয়কে কেন্দ্র করে বিতর্ক ও অশান্তির অভিযোগ সামনে আসছে। কখনও বইয়ের স্টল ভাঙচুর, কখনও ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা, আবার কখনও মানুষের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে বিতর্ক। দুর্গাপুজোর সময় বামেদের বইয়ের স্টলে হামলার ঘটনা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ ঘিরে সরব হয়েছেন অনেকে। এবার এই সমস্ত বিষয় নিয়েই নিজেদের মতামত প্রকাশ করলেন অভিনেত্রী ঋদ্ধি সেন এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। তাঁদের বক্তব্যে উঠে এল মানুষের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সরকারের ভূমিকা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন।
সমাজ ও রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে বরাবরই নিজেদের মতামত প্রকাশ করতে দেখা যায় ঋদ্ধি ও সুরঙ্গনাকে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তাঁরা স্পষ্ট করেছেন, খাবার থেকে শুরু করে সিনেমা, বই কিংবা মানুষের মতপ্রকাশ কোনও কিছুই জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয়। তাঁদের মতে, মানুষের ব্যক্তিগত পছন্দের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা হলে তার বিরুদ্ধে স্বাভাবিকভাবেই প্রতিবাদ তৈরি হয়। বিশেষ করে বই পড়া এবং সাংস্কৃতিক স্বাধীনতার মতো বিষয়গুলিতে মানুষের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত।
ঋদ্ধি সেনের কথায়, “প্রত্যেকটাই চাপিয়ে দেওয়া হচ্ছে। সেটা যে ধরনেরই জিনিস চাপিয়ে দেওয়া হোক না কেন, তখনই ফ্যাসিজমের কথা আসে। কারণ চাপিয়ে দেওয়া হচ্ছে কী ধরনের খাবার খাবে, কী ধরনের সিনেমা দেখবে, কী ধরনের বই পড়বে বা পড়বে না, কোথায় পড়বে, কী বলতে পারবে।” অর্থাৎ, মানুষের দৈনন্দিন জীবনযাপন থেকে শুরু করে সাংস্কৃতিক চর্চা এবং মতপ্রকাশের স্বাধীনতার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রবণতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, এই ধরনের পরিস্থিতিতে মানুষের মধ্যে প্রতিবাদী মনোভাব তৈরি হওয়াটাই স্বাভাবিক। অন্যদিকে, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ও একই প্রসঙ্গে সরকার বদলের উদাহরণ টেনেছেন।
তিনি এদিন বলেন, “বাঙালি হোক বা যেকোনও মানুষ, এই ধরনের জোরজুলুম করলে কী ফল হয়, তার পরিণতি আমরা আগে দেখেছি। মানুষ সোজা সরকার বদলে দেয়। আগেও যতবার এই ধরনের জুলুম করার চেষ্টা হয়েছে, মানুষের স্বভাবের উপরে তখন মানুষ ভোট দিয়ে সরকার পাল্টে দিয়েছে।” তাঁর বক্তব্য, মানুষের উপর জোর করে কোনও কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা বাড়তে থাকলে তার রাজনৈতিক পরিণতিও হতে পারে। দুর্গাপুজোর সময় বইয়ের স্টল ভাঙার ঘটনার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, “মানুষ দ্বিগুণ, আরও বেশি করে গিয়ে বই কিনেছিল।
আরও পড়ুনঃ “আমি একটা সম্পর্কে আছি এবং খুব খুশি আছি!” “সিটি স্ক্যান, ইনজেকশন, ওষুধ…শরীরের য*ন্ত্রণা সহ্য করতে না পেরেও থাকতে চেয়েছিলাম, চিকিৎসকরা বলেছিলেন না!” বিগ বসের ঘরে ঠিক কী ভয়ংকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিলেন ঝিলাম গুপ্ত? ক্যামেরার আড়ালে কী কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন? অসুস্থতা, প্রেম ও ব্যক্তিগত জীবনের অজানা অধ্যায় ফাঁস করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর?
সেটাই প্রতিবাদের একটা খুব চমৎকার ভাষা বলে আমি মনে করি।” অর্থাৎ, বই কেনার মধ্য দিয়েও মানুষ নিজেদের প্রতিবাদ জানিয়েছেন বলে মনে করেন সুরঙ্গনা। সব মিলিয়ে, মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, বই পড়ার অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে ঋদ্ধি ও সুরঙ্গনার বক্তব্য নতুন করে রাজনৈতিক চর্চায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। তাঁদের মতে, জোর করে মানুষের উপর কোনও সিদ্ধান্ত চাপিয়ে দিলে তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হবেই। আর সেই প্রতিবাদ কখনও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে, কখনও আবার ভোটের বাক্সে প্রতিফলিত হতে পারে।






