বিনোদন জগতে তারকা পরিবারের সন্তান হলেই যে কেরিয়ারের পথ মসৃণ হয়ে যায়, এমনটা নয়। বরং অনেক সময় নিজের যোগ্যতা প্রমাণ করতে গিয়ে অভিভাবকদের পরিচয় এবং সাফল্যের সঙ্গে তুলনার মুখোমুখি হতে হয় সন্তানদের। সেই তুলনার চাপ সামলে নিজের আলাদা পরিচয় তৈরি করাও কম কঠিন নয়। তবে সবার লড়াই যে একরকম হবে, তা কিন্তু নয়! এবার নিজের মেয়ে শ্যানন কে-র (Shannon K) কেরিয়ার ও লড়াইয়ের প্রসঙ্গ তুলে এই বিষয়েই মুখ খুললেন জনপ্রিয় গায়ক কুমার শানু (Kumar Sanu)। তাঁর স্পষ্ট বক্তব্য, বড় বাবার ছেলে বা মেয়ে হওয়াটাই অনেক সময় একটা বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। বাংলা ও হিন্দি সংগীতজগতের অন্যতম পরিচিত নাম কুমার শানু।
একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে কয়েক দশক ধরে শ্রোতাদের মনে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের সংগীতজীবনের অভিজ্ঞতা, বর্তমান প্রজন্মের লড়াই এবং সন্তানদের কেরিয়ার নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কথা বলেন গায়ক। বিশেষ করে মেয়ে শ্যাননের নিজের চেষ্টায় বিদেশের মাটিতে পরিচিতি তৈরি করার প্রসঙ্গে তাঁর বক্তব্য উঠে এসেছে। কুমার শানুর বড় মেয়ে শ্যানন কে ছোটবেলা থেকেই বিদেশে বড় হয়েছেন। মায়ের সঙ্গে লন্ডনে চলে যাওয়ার পর সেখানেই তাঁর বেড়ে ওঠা। লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অফ মিউজিক থেকে সংগীতের আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন তিনি।
পরবর্তী সময়ে নিজের কেরিয়ার গড়ার লক্ষ্যে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে পাড়ি দেন। সেখানে লী স্ট্র্যাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে অভিনয়ের প্রশিক্ষণ নেন। পাশাপাশি লস অ্যাঞ্জেলেস ফিল্ম ও রেকর্ডিং স্কুলের সঙ্গেও যুক্ত ছিলেন। বিখ্যাত ভোকাল কোচ এরিক ভেট্রোর কাছেও গানের তালিম নিয়েছেন শ্যানন। অর্থাৎ সংগীত ও অভিনয়, দুই ক্ষেত্রেই নিজের দক্ষতা তৈরি করতে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ ও পরিশ্রম করেছেন তিনি। সাক্ষাৎকারে সন্তানদের লড়াই প্রসঙ্গে কুমার শানু জানান, তাঁর সন্তানরা আমেরিকায় নিজেদের চেষ্টায় একটা জায়গা তৈরি করেছে। সেখানে তাঁর বাবার পরিচয় নয়, বরং নিজেদের কাজ এবং পরিশ্রমের মাধ্যমেই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে তারা।
গায়কের কথায়, ব্যক্তিগতভাবে হলিউডে তাঁকে কেউ চেনে না। বলিউডে তাঁর পরিচিতি থাকলেও আমেরিকায় সন্তানদের নিজেদের যোগ্যতাতেই পরিচিতি তৈরি করতে হয়েছে। তাঁদের এই প্রচেষ্টাই তাঁকে আনন্দ দেয়। বাবার পরিচয়ের বাইরে গিয়ে নিজেদের মতো করে এগিয়ে যাওয়ার বিষয়টিকে তিনি যথেষ্ট গুরুত্ব দেন। এরপরই তারকা সন্তানদের কেরিয়ারের অন্যতম কঠিন দিকটি তুলে ধরেন কুমার শানু। তাঁর কথায়, “বড় বাবার ছেলে বা মেয়ে হলে পরে বাবার নামটা সবার আগে কম্পারিজনে আসে। বাবা কী ছিল আর তুই কী?” অর্থাৎ একজন প্রতিষ্ঠিত শিল্পীর সন্তান হলে নিজের কাজের মূল্যায়নের আগেই বাবার সাফল্যের সঙ্গে তুলনা শুরু হয়ে যায়।
এই তুলনার চাপ সন্তানদেরই বহন করতে হয়। তাঁর মতে, এটাই তারকা পরিবারের সন্তানদের জন্য বড় অভিশাপ। বাবার পরিচিতি থাকলেই যে সন্তানের পথ সহজ হবে, তা নয়। বরং নিজের প্রতিভা ও যোগ্যতা প্রমাণ করার ক্ষেত্রে তাঁদের আলাদা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এছাড়াও নিজের জীবনের লড়াইয়ের কথা বলতে গিয়ে কুমার শানু জানান, একসময় তিনিও দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন। তাই অভাবের অর্থ এবং কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার যন্ত্রণা তিনি ভালোভাবেই বোঝেন। সেই অভিজ্ঞতা থেকেই অন্যদের সাহায্য করার ইচ্ছা তাঁর মধ্যে তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ “ম্যাডামের নাম নেওয়ার যোগ্যতা আমার আছে কি না জানি না, আমি ভেবেছিলেন বাকিদের মতো আপনিও…” হঠাৎ কেন প্রকাশ্যে ঋতুপর্ণা সেনগুপ্তর পায়ে ধরে ক্ষমা চাওয়ার আর্জি বংস্টার সন্দীপের? ভাইরাল ইউটিউবারের সেই ভিডিও! দেখে কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?
সুন্দরবন ও ক্যানিংয়ের মতো এলাকার দারিদ্র্যের কথা উল্লেখ করে তিনি জানান, ক্যানিংয়ে তাঁর একটি স্কুল রয়েছে এবং ইতিমধ্যেই চারটি স্কুল তৈরি করেছেন তিনি। নিজের নামে প্রতিষ্ঠিত কুমার শানু বিদ্যাকেতনও সেই উদ্যোগের অংশ। সব মিলিয়ে কুমার শানুর বক্তব্যে স্পষ্ট, প্রতিষ্ঠিত বাবার সন্তান হওয়া মানেই জীবনের লড়াই শেষ হয়ে যাওয়া নয়। বরং নিজের পরিচয় তৈরি করতে অনেক সময় আরও বেশি পরিশ্রম করতে হয়। মেয়ে শ্যাননের কেরিয়ারের প্রসঙ্গে সেই বাস্তব অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন গায়ক।






