ছোটপর্দার জনপ্রিয় মুখ অহনা দত্ত এখন ব্যস্ত এক বিশেষ পারিবারিক মুহূর্ত নিয়ে। দেখতে দেখতে ছয় মাস পেরিয়ে গিয়েছে ছোট্ট মেয়ে মীরার বয়স, আর তাই এবার মুখে প্রসাদ দিয়ে অন্নপ্রাশনের পালা। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন তিনি। ভিডিওতে দেখা যায় তাঁদের বাড়ির ছাদে জোরকদমে প্যান্ডেল তৈরির কাজ চলছে। হাসিমুখে অহনা জানান, চলতি মাসের ২২ তারিখ সকালে হবে মীরার অন্নপ্রাশনের মূল অনুষ্ঠান। তবে সেটি থাকবে একেবারে ঘরোয়া পরিবেশে, পরিবারের সদস্যদের উপস্থিতিতেই সম্পন্ন হবে সমস্ত নিয়মকানুন মেনে পুজো ও মুখে প্রসাদ দেওয়ার পর্ব।
অভিনেত্রী আরও জানান, ১ মার্চ মুখে প্রসাদের একটি আলাদা উদযাপনও রাখা হয়েছে। যদিও অন্নপ্রাশনের প্রধান আচার পালিত হবে ২২ তারিখই। সেদিন সকালে পুজো দিয়ে শুরু হবে অনুষ্ঠান, তারপর থাকবে নিরামিষ ভোজের আয়োজন। সমস্ত আচার বিধি মেনেই মেয়ের জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে চান অহনা ও তাঁর পরিবার। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, সব নিয়ম সঠিকভাবে পালন করা হবে এবং অতিথিদের জন্য থাকবে সুস্বাদু নিরামিষ পদ। পরিবারের কাছের মানুষদের নিয়েই এই প্রথম আয়োজন, পরে মার্চে আরও বড় করে খাওয়াদাওয়া সহ অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে।
ডেকোরেশনের ঝলকও দেখাতে ভোলেননি অহনা। ছাদের প্যান্ডেল সাজানো হয়েছে সাদা ও হলুদ কাপড়ে, যা একাধারে মার্জিত ও উৎসবমুখর আবহ তৈরি করেছে। কোথায় মেয়ের গায়ে হলুদ দিয়ে স্নান করানো হবে তাও দেখান তিনি। পুরো আয়োজনেই রয়েছে ঐতিহ্য আর আধুনিকতার সুন্দর মেলবন্ধন। ক্যাপশনে তিনি লেখেন অন্নপ্রাশনের প্যান্ডেল রেডি হচ্ছে, আর সেই পোস্ট ঘিরেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছোট্ট মীরার এই বিশেষ দিনের আরও ঝলক দেখার জন্য।
অভিনয় জগতে খুব বেশি দিন হয়নি অহনার পথচলা শুরু হয়েছে। প্রথমবার দর্শক তাঁকে দেখেছিলেন ডান্স বাংলা ডান্স মঞ্চে। সেখান থেকেই সুযোগ আসে জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া তে কাজ করার। সেখানে মিশকা চরিত্রে খলনায়িকা হয়ে তিনি আলাদা করে নজর কাড়েন। প্রায় সাড়ে তিন বছর ধরে চলা এই ধারাবাহিক তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। দর্শকদের কাছে তিনি হয়ে ওঠেন চেনা মুখ, আর অভিনয়ের দাপটে জায়গা করে নেন টেলিভিশন দুনিয়ায়।
আরও পড়ুনঃ “মাতৃভাষার আগে আত্মসম্মান, বাঙালি নিজে আগে বাংলাকে গুরুত্ব দিক!” “আমরাই যদি সম্মান না দিই, অন্যরা দেবে কেন?” মাতৃভাষা নিয়ে রাজনীতি নয়, আন্তর্জাতিক ভাষা দিবসে আত্মসমালোচনার সুরে লোপামুদ্রা মিত্র!
এই ধারাবাহিক চলাকালীনই জীবনে আসে একের পর এক বড় পরিবর্তন। প্রেম, বিয়ে এবং মাতৃত্ব সবকিছুরই সাক্ষী থেকেছে সেই সময়টা। জীবনের সঙ্গী দীপঙ্কর দে কে পেয়েছেন তিনি এই পথচলার মধ্যেই। প্রেগন্যান্সি থেকে মীরার জন্ম, সব মুহূর্তই ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। এবার মেয়ের অন্নপ্রাশন ঘিরে সেই আনন্দই যেন নতুন করে ছড়িয়ে পড়েছে তাঁর জীবনে। অভিনয়ের ব্যস্ততার মাঝেও মা হিসেবে এই বিশেষ দিনটিকে নিখুঁত করে তুলতে কোনও খামতি রাখতে চান না অহনা।






