বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় এই মুহূর্তে নতুন ধারাবাহিকের (New Serial) একের পর এক আগমন যেন এক নতুন প্রতিযোগিতার আভাস দিচ্ছে। দর্শকদের মন জয় করতে চ্যানেলগুলো ক্রমাগত নতুন গল্প, নতুন মুখ এবং চেনা তারকাদের ভিন্ন রূপে হাজির করছে। এই ভিড়ের মধ্যেই আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক, যা শুরু হওয়ার আগেই কৌতূহল তৈরি করেছে। কারণ, এই গল্পের সঙ্গে জড়িয়ে রয়েছেন এমন কিছু নাম, যাঁদের উপস্থিতি নিজেই বড় আকর্ষণ!
দীর্ঘদিন পর এবার ছোটপর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়! এই খবরটিই নিঃসন্দেহে অনেক দর্শকের কাছে বিশেষ আনন্দের। বহু বছর ধরে তিনি মূলত বড়পর্দা এবং মঞ্চে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করে এসেছেন। তাঁর সংলাপ বলার নিজস্ব ঢঙ, স্বাভাবিক অভিনয় আর সূক্ষ্ম রসবোধ তাঁকে আলাদা করে চেনায়। ফলে তাঁকে আবার ধারাবাহিকে দেখা যাবে, এই সম্ভাবনাই অনেকের কাছে যেন পুরনো দিনের স্বাদ ফিরিয়ে আনার মতো।
প্রসঙ্গত, এই ধারাবাহিকের আরও একটি বড় আকর্ষণ শুভাশিষ মুখোপাধ্যায়ের উপস্থিতি। তাঁর থাকার খবর আগেই সামনে এসেছিল, আর এখন পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাম জুড়তেই কাস্ট আরও শক্তিশালী হয়ে উঠেছে। দুই বর্ষীয়ান অভিনেতাকে একসঙ্গে ছোটপর্দায় দেখা, এই বিষয়টাই দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করছে। অভিজ্ঞতার সঙ্গে অভিনয়ের সূক্ষ্মতা মিলিয়ে তাঁরা গল্পকে অন্য মাত্রা দিতে পারেন বলেই অনেকের আশা।
অন্যদিকে, এই ধারাবাহিকের মুখ্য জুটিও কম চমকপ্রদ নয়। মানালি দে ও সব্যসাচী চৌধুরীকে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে, যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি প্রযোজনার দিক থেকেও রয়েছে নতুনত্ব। ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা, যারা এতদিন মূলত চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে কাজ করেছে, এবার প্রথমবারের মতো টেলিভিশনের ধারাবাহিকে হাত দিচ্ছে। ফলে গল্প বলার ধরণে কিছু ভিন্নতা থাকতে পারে বলেই মনে করছেন অনেকে।
আরও পড়ুনঃ “অজ্ঞান হলে মাটিতে পড়েছিলাম, একবিন্দু জল দিয়েও সাহায্য করেননি…চিকিৎসার খরচ আপনি দিয়েছেন?” এবার প্রমাণসহ মুখ খুললেন জিতু! ‘এরাও মানুষ’ ছবির প্রযোজকের বিরুদ্ধে বি*স্ফোরক অভিযোগ অভিনেতার, হাসপাতালের ‘প্রেসক্রিপশন-বিল’ সামনে এনে ফাঁস করলেন সত্যি!
সূত্রের খবর অনুযায়ী, আসন্ন এই ধারাবাহিক ‘সংসারের সংকীর্তন’এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে, যা গল্পের অন্যতম কেন্দ্রবিন্দু হবে। ইতিমধ্যেই শুভ মহরতের সম্পন্ন হয়েছে, যদিও প্রোমো শুটিং বাকি আর সম্প্রচারের তারিখ এখনও চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। সব মিলিয়ে নতুন এই গল্প ঘিরে প্রত্যাশা বাড়ছে দিন দিন। এখন দেখার, এই নতুন সংযোজন দর্শকদের মন কতটা জয় করতে পারে!






