‘নিজেকে আমার শাশুড়ি বলে, ব্যবহারও ঠিক তেমন!’ কাঞ্চনের মায়ের সঙ্গে বিশেষ দেখা-সাক্ষাৎই হয়নি, তবু কৃষভির আচরণ হুবহু তাঁর মতো! একরত্তির অদ্ভুত স্বভাব, মেয়ের মুখে কোন কথাটা বারবার শুনে অবাক অভিনেত্রী?

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের মেয়ে কৃষভির এখনও দুই বছর বয়স হয়নি। তবে এই বয়সেই আধো আধো স্বরে কথা বলতে শিখে গিয়েছে ছোট্ট মেয়েটি। সম্প্রতি মা-বাবার সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিল সে। বুধবার কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গলে একটি অনুষ্ঠানে অতিথি ছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। সেখানেই মেয়েকে নিয়ে বেশ কিছু মজার কথা জানালেন অভিনেত্রী। শ্রীময়ীর কথায়, কৃষভি নিজেকে তাঁর শাশুড়ি বলে পরিচয় দেয়। শুধু তাই নয়, মায়ের সঙ্গে তার আচরণেও নাকি রয়েছে শাশুড়ি সুলভ ছাপ।

কৃষভির এই অদ্ভুত স্বভাবের কথা বলতে গিয়ে শ্রীময়ী জানান, বিয়ের আগে কাঞ্চনের মায়ের সঙ্গে তাঁর খুব বেশি দেখা করার সুযোগ হয়নি। তাই ছোট্ট মেয়েটি কীভাবে এই ধরনের আচরণ শিখল, তা তাঁর কাছেও বেশ অবাক করার মতো। শ্রীময়ীর কথায়, “বিয়ের আগে আমার খুব বেশিবার সাক্ষাৎ করার সুযোগ হয়নি কাঞ্চনের মায়ের সঙ্গে। জানি না কেন, কীভাবে শিখল, ও নিজেকে আমার শাশুড়ি বলে। আর ওরকম ব্যবহারও করে আমার সঙ্গে।” এরপর মেয়ের আচরণের আরও একটি দিক তুলে ধরেন তিনি। কৃষভি নাকি সারাক্ষণ মাকে ঠিক করে বসতে, খাওয়া হয়েছে কি না এবং স্নান করা হয়েছে কি না, তা জিজ্ঞাসা করে।

শ্রীময়ীর কথায়, মেয়ের এই স্বভাবের বিষয়ে কাঞ্চনই সবচেয়ে ভালো বলতে পারবেন। কারণ বাবাকেও বিভিন্ন সময় নানা নির্দেশ দেয় ছোট্ট কৃষভি। কখনও কাঞ্চনকে সম্মান করে তুমি বলে, আবার কখনও নিজের মতো করে তুই বলেও কথা বলে। এই সমস্ত আচরণ দেখে মেয়েকে বেশ মজার ছলেই শাশুড়ি সুলভ বলে বর্ণনা করেছেন শ্রীময়ী। পাশাপাশি কৃষভি যে ভীষণ বাবাভক্ত, সেটাও জানিয়েছেন তিনি। সম্প্রতি পরিবারে আরও এক নতুন সদস্যের আগমন ঘটেছে। কন্যার পর এবার কাঞ্চন ও শ্রীময়ীর কোলে এসেছে পুত্রসন্তান কৃষিভ, যার ডাকনাম গদাই।

প্রথমবার মা হওয়ার সময়ই সন্তানদের নাম নিয়ে পরিকল্পনা করে রেখেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। মেয়ে হলে নাম কৃষভি এবং ছেলে হলে কৃষিভ রাখবেন বলে ঠিক করেছিলেন তাঁরা। ২০২৪ সালে বিয়ে হয়েছিল কাঞ্চন ও শ্রীময়ীর। সেই বছরই তাঁদের পরিবারে এসেছিল কৃষভি। মেয়ের বয়স যখন ২০ মাস, তখনই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। অর্থাৎ বিয়ের মাত্র দু বছরের মধ্যেই দুই সন্তানকে নিয়ে তাঁদের পরিবার এখন ভরে উঠেছে। কাঞ্চনের কথায়, ভাইকে পেয়ে দারুণ খুশি কৃষভি। ছোট ভাইকে যেন পুতুলের মতো মনে হচ্ছে তার, তাই এখন থেকেই বড় দিদির দায়িত্ব পালন করার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ বাবা বাজারে মাংস বিক্রি করেন, মেয়ের গলায় সাক্ষাৎ মা সরস্বতী! জন্মদিনে পাওয়া হারমোনিয়ামটাই তাঁর সর্বক্ষণের সঙ্গী! অভাবের সংসার থামেনি সুরের সাধনা, ৩ বছর বয়সে শুরু, সপ্তম শ্রেণিতেই রিয়ালিটি শোয়ের চ্যাম্পিয়ন ঋধিমা বিশ্বাস! জানুন, মছলন্দপুরের খুদে গায়িকার লড়াইয়ের গল্প!

ভাইকে কোলে নেওয়ার চেষ্টাও করছে কৃষভি, যদিও এক জায়গায় তার একটু মন খারাপ। ভাই এখনও তার সঙ্গে খেলছে না, এটাই ছোট্ট মেয়ের আক্ষেপ। তাই ভাইয়ের জন্মের পর কৃষভির মধ্যে যাতে কোনও অভিমান বা মন খারাপ তৈরি না হয়, সেদিকেও বিশেষ নজর দিচ্ছেন কাঞ্চন ও শ্রীময়ী। ছেলেকে মায়ের কাছে রেখে মেয়েকে নিয়ে বাইরে বেরোচ্ছেন তাঁরা এবং আলাদা করে তাকে সময় দেওয়ার চেষ্টা করছেন। প্রসঙ্গত, কাঞ্চনের মা সুভা মল্লিক ২০২০ সালের ৪ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। এর আগেই বাবাকেও হারিয়েছিলেন অভিনেতা এবং জীবনের একটা বড় সময় নানা সংগ্রামের মধ্য দিয়ে কেটেছে তাঁর। তবে এখন শ্রীময়ী ও দুই সন্তানকে নিয়ে নতুন করে সংসার সাজিয়েছেন কাঞ্চন, যেখানে কৃষভির শাশুড়ি সুলভ মজার আচরণও হয়ে উঠেছে পরিবারের অন্যতম আনন্দের বিষয়।

You cannot copy content of this page