বনগাঁ বিতর্কে নতুন মোড়! আইনি নোটিসের ৪৮ ঘণ্টার মধ্যেই থানায় তনয় শাস্ত্রী! ‘হেনস্থা ও প্রতিশ্রুতি ভঙ্গ’, মিমির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের!

বনগাঁর বিতর্কিত সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে টানাপোড়েন যেন থামছেই না। এত দিন যাঁকে ঘিরে বিতর্ক চলছিল, সেই অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী এবার সরাসরি থানার দ্বারস্থ হলেন। শুক্রবার বনগাঁ থানায় তিনি অভিনেত্রী মিমি চক্রবর্তী-র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রতিলিপি সামনে আসতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা ঘটনা।

তনয়ের দাবি, আইনি নোটিস পাঠানোর মাত্র আটচল্লিশ ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, প্রশাসন ও বিচারব্যবস্থার উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি ন্যায়বিচার পাবেন বলেই বিশ্বাস করেন। যদিও তাঁর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই বিষয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, সাধারণ মানুষ হওয়ার কারণে থানায় অভিযোগ গ্রহণ নিয়েই প্রথমে অনীহা দেখা গিয়েছিল।

অভিযোগের তালিকাও কম নয়। আইনজীবীর কথায়, নির্ধারিত সময়ে অনুষ্ঠানে না পৌঁছানো, সম্পূর্ণ অনুষ্ঠান না করেই পারিশ্রমিক নেওয়া, উদ্যোক্তাকে হেনস্থা করা এবং তাঁকে সংশোধনাগারে পাঠানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। তনয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুরো ঘটনাক্রমের পুঙ্খানুপুঙ্খ তদন্ত হলে সত্য সামনে আসবে এবং আদালতই শেষ কথা বলবে।

অন্যদিকে এই বিতর্কের মাঝেই নিজের কাজে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। জানা গেছে, তিনি ইতিমধ্যে নতুন সিরিজ ক্যুইনস-এর শুটিং শুরু করেছেন। সিরিজটির পরিচালনায় রয়েছেন নির্ঝর মিত্র। শুটিংয়ের ব্যস্ততার কারণে এ বিষয়ে অভিনেত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

আরও পড়ুনঃ বেজেছে বিদায় ঘণ্টা! তেজের মৃত্যুতেই কি শেষ হচ্ছে ‘শুভ বিবাহ’? অন্তিম পর্ব ঘিরে টানটান উত্তেজনা দর্শকমহলে! কী হতে চলেছে গল্পের শেষে সুধার পরিণতি?

বনগাঁর এই ঘটনার জেরে বিনোদন জগত ও প্রশাসনিক মহলে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অভিযোগ ও পাল্টা অভিযোগের ভিড়ে আসল সত্য কী, তা এখন নির্ভর করছে তদন্ত ও আইনি প্রক্রিয়ার উপর। আপাতত দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়। ফলে এই বিতর্কের নিষ্পত্তি কোন পথে এগোয়, সেদিকেই তাকিয়ে সকলেই।

You cannot copy content of this page