বর্তমানে বিনোদন জগতে পরিচিত মুখ কন্টেন্ট ক্রিয়েটর নিরঞ্জন মণ্ডল (Niranjan Mondal)। নিজের অভিনয়, বুদ্ধিমত্তা এবং ব্যতিক্রমী কন্টেন্টের মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে তিনি বিগ বস বাংলার প্রতিযোগীও (Bigg Boss Bangla)। এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, ছোটবেলার অভিজ্ঞতা, কন্টেন্ট তৈরির ভাবনা এবং জনপ্রিয়তা নিয়ে খোলামেলা কথা বলেছেন নিরঞ্জন। বিশেষ করে নিজের সম্মান বজায় রাখা, মানুষের মনোযোগ পাওয়া এবং স্বাধীনভাবে জীবন কাটানোর বিষয়ে তাঁর বক্তব্য উঠে এসেছে। নিজের জনপ্রিয়তা এবং কন্টেন্টের ধরন নিয়ে নিরঞ্জনের বক্তব্য, প্রত্যেক মানুষের কাছে কমেডির সংজ্ঞা আলাদা।
কে কী ধরনের কন্টেন্ট তৈরি করবেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে নিজের একটা নির্দিষ্ট পরিচিতি এবং সম্মান তৈরি হয়ে গেলে সেটাকে ধরে রাখার দায়িত্বও নিজেরই। নিরঞ্জনের কথায়, “তুমি কী করে তোমার রেসপেক্টটাকে ধরে রাখবে, সেটা কমপ্লিটলি তোমার উপর। আমার যদি একটা নির্দিষ্ট রেপুটেশন তৈরি হয়ে থাকে, মানুষ যদি আমার কাছ থেকে একটা নির্দিষ্ট ধরনের কন্টেন্ট আশা করে, তাহলে সেই প্রত্যাশার মর্যাদা রাখার দায়িত্ব আমার।” অর্থাৎ জনপ্রিয়তা পাওয়ার জন্য নিজের পরিচিতি কিংবা দর্শকদের প্রত্যাশার সঙ্গে আপস করতে চান না তিনি। অন্যদিকে, মানুষের কাছ থেকে পাওয়া মনোযোগ বা প্রশংসা যে তাঁরও ভালো লাগে, সেটাও অকপটে স্বীকার করেছেন নিরঞ্জন।
তাঁর কথায়, মনোযোগ পেতে কার না ভালো লাগে! সবারই ভালো লাগে, তাঁরও ব্যতিক্রম নয়। তবে জনপ্রিয়তা যেন তাঁর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ না করে, সেই বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। নিজের জীবন নিজের মতো করে গড়ে তোলাতেই বিশ্বাসী নিরঞ্জন। তাঁর কথায়, “আমি ইন্ডিপেন্ডেন্ট। আমি আমার মতো, আমি আমার দুনিয়াটা গড়ে নিতে পারি। বাইরে কে কী বলছে, না বলছে, কোনও কিছুই আমাকে এফেক্ট ফেলেনি।” ছোটবেলা থেকেই নিজের মতো থাকতে ভালোবাসেন তিনি। বাবা-মায়ের আলাদা হয়ে যাওয়ার অভিজ্ঞতা তাঁকে অল্প বয়সেই অনেকটা শক্ত এবং পরিণত করেছে বলেও জানিয়েছেন।
সাক্ষাৎকারে নিজের ছোটবেলার কথাও তুলে ধরেছেন নিরঞ্জন। তাঁর মা পেশায় নার্স হওয়ায় ছোটবেলায় চিকিৎসক হওয়ার ইচ্ছা ছিল। পরে মায়ের পরামর্শে বাণিজ্য বিভাগে পড়াশোনা শুরু করেন এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার প্রস্তুতিও নেন। এমনকী একটি চাকরির ইন্টারভিউতে সফল হয়েও তিনি বুঝেছিলেন, বাঁধাধরা ন’টা-পাঁচটার চাকরি তাঁর জন্য নয়। এরপর করোনা পর্বে বাড়িতে বসে ইউটিউব ও ফেসবুকের জন্য সমাজ সচেতনতামূলক কন্টেন্ট তৈরি শুরু করেন। প্রথমদিকে তেমন সাড়া না পেলেও একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তে থাকে। খাবার নিয়ে তাঁর কলকাতার বিরিয়ানি এবং চপ-মুড়ির ভিডিও দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে।
আরও পড়ুনঃ “একটা গোটা প্রজন্ম আপনাকে দেখে বড় হয়েছে, আপনাকে আদর্শ মেনেছে…আপনার মতো ব্যক্তিত্বের কাছ থেকে এমন আচরণ একেবারেই কাম্য নয়!” “আপনার কি আদৌ বিগ বস সঞ্চালনা করার প্রয়োজন ছিল?” “ক্রিকেট ম্যাচেও কি এইভাবে পক্ষপাতিত্ব করতেন?” বিগ বস বাংলার সঞ্চালনা নিয়ে সৌরভকে খোলা চিঠি শ্রীলেখার! আরজি কর আন্দোলন প্রসঙ্গ টেনে, রাজবীরের প্রতি অবিচারে হতাশ অভিনেত্রী!
নিজের অভিনয়ের ধরন নিয়েও কথা বলেছেন নিরঞ্জন। তাঁর মতে, ক্যামেরার সামনে আলাদা করে অভিনয় করার চেয়ে চরিত্রটিকে নিজের মধ্যে অনুভব করাটা বেশি জরুরি। নিজের কন্টেন্টের স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে শুটিং এবং এডিটিংয়ের কাজেও নিজে যুক্ত থাকতে পছন্দ করেন তিনি। কারণ, নিজের ভাবনাকে ঠিক যেভাবে দর্শকদের সামনে তুলে ধরতে চান, সেটা নিজেই করতে স্বচ্ছন্দ বোধ করেন। পাশাপাশি সফল ও অভিজ্ঞ মানুষের সান্নিধ্যে থাকতে ভালোবাসেন তিনি। কারণ, তাঁদের কাছ থেকে নতুন কিছু শেখার সুযোগ পান। সব মিলিয়ে জনপ্রিয়তা, ব্যক্তিগত স্বাধীনতা এবং নিজের তৈরি পরিচিতি এই তিনের মধ্যে ভারসাম্য রেখেই এগিয়ে যেতে চান নিরঞ্জন। বিগ বসের ঘরেও তাঁর এই ব্যক্তিত্ব কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।






