বাংলার রাজনীতিতে বড় পরিবর্তনের পর এখন সরগরম সোশ্যাল মিডিয়া। ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। শনিবার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ভোটের ফল প্রকাশের পর থেকেই নানা ধরনের পোস্ট, মিম এবং রিল ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। কেউ নতুন সরকারকে স্বাগত জানাচ্ছেন, আবার কেউ বিরোধিতার সুর তুলছেন। এই আবহে গায়ক নচিকেতা চক্রবর্তীর একটি জনপ্রিয় গানের কয়েকটি লাইন ব্যবহার করে একাধিক রিল বানানো হচ্ছে। সেই সব ভিডিও নিয়েই এবার কৌতুক মেশানো মন্তব্য করলেন সারেগামাপা খ্যাত গায়ক সৌম্য চক্রবর্তী। তাঁর পোস্ট ঘিরে নেটমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা।
নিজের শেয়ার করা একটি ভিডিওতে সৌম্যকে মজার ছলে বলতে শোনা যায়, “মোদ্দা কথা, এরা হেরেছে, ওরা জিতেছ। মানে একটা দল হেরেছে, একটা জিতেছে।” এরপর তিনি জানান, সারাদিন ধরে বহু রিল দেখছেন তিনি, যার বেশিরভাগেই একই ধরনের দৃশ্য ব্যবহার করা হচ্ছে। তাঁর কথায়, “আর সারাদিনে যদি ৪০টা রিল হয় তার মধ্যে ৩২টা-তে একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে।” এই মন্তব্যের পরেই তিনি নচিকেতাকে নিয়ে রসিকতা করেন। ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং বহু মানুষ সেটি শেয়ার করতে শুরু করেন।
সৌম্য আরও বলেন, “নচিদা সারা কলকাতা ঘুরে, রাস্তায় রাস্তায় ঘুরে, কালবৈশাখি ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, নবান্ন দেখা যাচ্ছে, মা ফ্লাইওভার দেখা যাচ্ছে, হাইওয়ে, সব রাস্তা ঘুরে ঘুরে নচিকেতা গাইছে, ‘রাজার হল খুব অসুখ…’!” এখানেই না থেমে তিনি আবার বলেন, “কেন ভাই কেন, কেন নচিদাকে কাঁদতে কাঁদতে ঘুরে বেড়াতে হচ্ছে। এই রিলগুলো বন্ধ করা উচিত। নচিদা একা একা কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে। এটা কি ঠিক?” তাঁর এই ব্যঙ্গাত্মক মন্তব্যে অনেকে হাসির প্রতিক্রিয়া দিয়েছেন। আবার কেউ কেউ বিষয়টি নিয়ে তর্কও শুরু করেছেন।
ভিডিওটি সামনে আসার পর নেটিজেনদের নানা প্রতিক্রিয়াও দেখা যায়। সৌম্যর পোস্টে একজন লেখেন, “হারেনি তো দ্বিতীয় হয়েছে”! আরেকজন মন্তব্য করেন, “উফফফ যা বলেছ দাদা, বিরক্ত হয়ে গেছি শুনে শুনে”। আরও একজন নচিকেতাকে কটাক্ষ করে লেখেন, “উনি এবার মনে হয় সন্ন্যাস নিয়ে নেবেন।” ফলে সৌম্যর পোস্ট শুধু মজার ভিডিও হিসেবেই সীমাবদ্ধ থাকেনি, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলাদা বিতর্কও তৈরি হয়েছে। রাজনৈতিক ফলাফলকে ঘিরে বিনোদন জগতের নাম জড়ানোয় বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে।
আরও পড়ুন: মিমি চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে উঠবে জোড়া মামলা? বিজেপি জিততেই ফের চর্চায় বনগাঁ কাণ্ড, নতুন করে চাপে অভিনেত্রী! গেরুয়া শাসন শুরু হতেই কীসের ইঙ্গিত দিলেন, তনয় শাস্ত্রীর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি?
উল্লেখ্য, নচিকেতা চক্রবর্তী দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের সমর্থনের কথা প্রকাশ্যে বলেছেন। তৃণমূলের একাধিক অনুষ্ঠানে তাঁকে গান গাইতে দেখা গিয়েছে। বিজেপির বিরুদ্ধেও তিনি অতীতে সরব হয়েছেন। এমনকি বামফ্রন্ট সরকার থেকে তৃণমূলের উত্থানের লড়াইয়ে নিজেকে সহযোদ্ধা হিসেবেও বর্ণনা করেছিলেন। তবে তৃণমূলের পরাজয়ের পর থেকে তিনি এখনও নীরব রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর তরফে কোনও নতুন পোস্ট দেখা যায়নি। অনেক মমতা ঘনিষ্ঠ তারকা নতুন সরকারকে শুভেচ্ছা জানালেও, নচিকেতার পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি।






