বছরের শুরু থেকেই সমাজ মাধ্যমের চর্চায় বারবার উঠে এসেছে গায়িকা ‘দেবলীনা নন্দী’র (Debolina Nandy) নাম। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, আইনি জটিলতা এবং মানসিক অশান্তির খবর ঘিরে তাঁকে নিয়ে আলোচনা আজও থামেনি। স্বামী প্রবাহ নন্দী-র বিরুদ্ধে অভিযোগ, থানায় মামলা মিলিয়ে পরিস্থিতি এখনও প্রাথমিক তদন্তের পর্যায়ে। যদিও গ্রেফতারির মতো কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, তবু বিষয়টি আইনি পথে এগোচ্ছে বলেই জানিয়েছেন তিনি। এর মধ্যেই দেবলীনা আবার কাজে ফিরেছেন, নিয়মিত অনুষ্ঠানও করছেন।
এই কঠিন সময়ের মাঝেই তাঁর সাম্প্রতিক একটি ভিডিও নতুনভাবে দৃষ্টি কেড়েছে সবার। সেখানে দেখা যায়, তিনি সোনারপুরে এক অসুস্থ শিশুর বাড়িতে পৌঁছে গিয়েছেন। শিশুটি বিরল রোগে আক্রান্ত এবং দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন। প্রথমদিকে চিকিৎসার আনুমানিক খরচ ১৬ কোটি শুনে পরিবার প্রায় ভেঙে পড়েছিল। পরে সেই অঙ্ক কিছুটা কমে ৯ কোটি হলেও এখনও ৮ কোটি টাকা জোগাড় করা বাকি! পরিবারের তরফে বহু মানুষের কাছে আবেদন জানানো হয়েছে।
আর সেই প্রচেষ্টার অংশ হিসেবেই দেবলীনার কাছে যোগাযোগ করা হয়েছিল। এদিন ভিডিওতে দেবলীনা খুব সরলভাবে পরিস্থিতি ব্যাখ্যা করেন। তিনি জানান, প্রত্যেকটা মানুষ নিজের সাধ্যমত এগিয়ে এলেও ৮ কোটি টাকা যোগাড় করা খুব একটা কঠিন না। তিনি বলেন অনেক কষ্টে সময় বের করে অবশেষে সেখানে যেতে পেরেছেন এবং পরিবারটির বাস্তব অবস্থা কাছ থেকে দেখেছেন। ইতিমধ্যে কিছু অর্থ সংগ্রহ হয়েছে, কিন্তু চিকিৎসা সম্পূর্ণ করতে আরও বড় অঙ্কের প্রয়োজন। তিনি কাউকে বাধ্য না করে, যার যতটা সামর্থ্য, সেই অনুযায়ী সাহায্যের আবেদন জানান।
এর আগেও এক শিশুর চিকিৎসার জন্য একইভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বলেও উল্লেখ করেন এবং সেবার ভালো সাড়াও নাকি পেয়েছিলেন। তাঁর এই মানবিক উদ্যোগ বিশেষভাবে আলোচনায় এসেছে কারণ খুব বেশি দিন আগেই দেবলীনা নিজেই গভীর মানসিক সংকটে পড়েছিলেন। বৈবাহিক সমস্যার জেরে তিনি নিজেকে শেষ করে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন, তাৎক্ষণিক জরুরি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন। সেই অভিজ্ঞতার পরও তিনি দ্রুত কাজের ফিরে আসেন।
আরও পড়ুনঃ ফেব্রুয়ারিতেই মেয়ে মীরার অন্নপ্রাশন! সাজো সাজো রব অহনা দত্তর বাড়িতে, কবে ভাত খাবে একরত্তি? কী বিশেষত্ব থাকছে আয়োজনে, জানালেন অভিনেত্রী?
এখন আবার অন্য এক পরিবারের লড়াইয়ের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়ানো তাঁর জীবনের নতুন এক দিক তুলে ধরছে। ব্যক্তিগত অস্থিরতা এবং আইনি প্রক্রিয়া চলতে থাকলেও, সমাজ মাধ্যমে এই ভিডিও অনেকের কাছে আলাদা বার্তা বহন করছে। একদিকে নিজের জীবনের লড়াই, অন্যদিকে অন্য কারও জীবন বাঁচানোর চেষ্টার মতো দুই বাস্তবতা পাশাপাশি প্রশংসাও পাচ্ছে। আইনি জটিলতার পরিণতি কী হবে? তা সময় বলবে। তবে আপাতত অসুস্থ শিশুটির চিকিৎসার জন্য সমর্থন জোগাড় করাই দেবলীনার প্রধান লক্ষ্য হয়ে উঠেছে।






