“সফলতা বা ব্যর্থতার সম্পূর্ণ দায় লেখকের, আমি সেটা মেনে নিচ্ছি” স্পষ্ট মত লীনা গঙ্গোপাধ্যায়ের! অভিনব গল্প, মধুমিতার প্রত্যাবর্তনেও পৌঁছেছিল বন্ধের মুখে! জুটি পাল্টাতেই, ফিরে এসেছে ধারাবাহিকের প্রাণ! নীল-মধুমিতা না রাহুল-শ্বেতা, কোন জুটি আপনাদের বেশি ভালো লাগছে?

স্টার জলসার সম্প্রচারিত ‘ভোলে বাবা পার করেগা’ (Bhole Baba Par Karega) ধারাবাহিকটি শুরুর দিন থেকেই বেশ আলোচনায় ছিল। প্রধানত, র‍্যাপ গান নিয়ে ধারাবাহিক এর আগে হয়নি, তারপর আবার দীর্ঘ সাত বছর পরে এই ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় ফিরে আসেন মধুমিতা সরকার। তাঁর সঙ্গে নীল ভট্টাচার্যের জুটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশাও তাই ছিল যথেষ্ট। কিন্তু শুরুতে সেই প্রত্যাশার প্রতিফলন তেমনভাবে দেখা যায়নি। সময়ের সঙ্গে গল্পে কিছুটা একঘেয়েমি চলে আসায় দর্শকদের আগ্রহও কমে যাচ্ছিল।

এই পরিস্থিতিতেই গল্পে বড় বদল আনা হয়। ধারাবাহিকের প্রেক্ষাপট বেশ কয়েক বছর এগিয়ে দেওয়া হয় এবং সামনে আসে নতুন অধ্যায়। বর্তমানে গল্পের কেন্দ্রে রয়েছে উজান এবং কুইনের দাম্পত্য জীবন, যেখানে অভিনয় করছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং শ্বেতা মিশ্র। তাঁদের সম্পর্কের টক-মিষ্টি মুহূর্ত, একে অপরকে বোঝার চেষ্টা আর মাঝেমধ্যে হালকা খুনসুটি মিলিয়ে এখন গল্পের আবহ অনেকটাই বদলে গেছে। যে ধারাবাহিকের প্রতি আগ্রহ কমে যাচ্ছিল, সেটাই আবার অনেক দর্শক নিয়মিত দেখতে শুরু করেছেন!

ধারাবাহিকের এই বদলের নেপথ্যে নিজের দায় স্বীকার করেছেন গল্পকার লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর বিশ্বাস, কোনও ধারাবাহিক সফল হোক বা ব্যর্থ, তার মূল দায় লেখকেরই! সেই ভাবনা থেকেই তিনি নতুন করে গল্প সাজানোর চেষ্টা করেন। দীর্ঘদিন ধরে ধারাবাহিকগুলোতে টানা নেতিবাচকতা দেখতে দেখতে দর্শকরাও ক্লান্ত হয়ে পড়েন। তাই গল্পে হাসি-মজা, সম্পর্কের উষ্ণতা এবং আন্তরিক মুহূর্তের উপস্থিতি অনেক সময় দর্শকের কাছে নতুন স্বস্তি নিয়ে এসেছে।

একই ভাবে ‘ভোলে বাবা পার করেগা’তেও সম্ভবত সেই পরিবর্তনই কাজ করেছে। অন্যদিকে, রাহুল আর শ্বেতার জুটিও দর্শকদের নজর কাড়ছে। তাঁদের বয়সের ব্যবধান চোখে পড়লেও পর্দায় সেই ফারাক খুব একটা সমস্যা তৈরি করছে না বলেই মনে করছেন অনেকে। শ্বেতাকে শক্তিশালী অভিনেত্রী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিল, সেটাও এখন স্পষ্ট হচ্ছে। শ্বেতা নিজেও মনে করেন, লেখকের ভরসা এবং সহ-অভিনেতার সহযোগিতা না পেলে এই জায়গায় পৌঁছনো কঠিন ছিল।

আরও পড়ুনঃ ঊর্মিমালাকে ঊর্মিলা! “আজকের সঞ্চালিকারা কতটা শিক্ষিত? ” নাম বিভ্রাট হতেই রাগলেন আবৃত্তি ও শ্রুতিনাটকের খ্যাতিমান শিল্পী ঊর্মিমালা বসু! প্রশ্ন তুললেন বর্তমান সঞ্চালনার মান নিয়ে!

আর রাহুলের মতে, বিপরীতে দক্ষ অভিনেত্রী থাকলে অভিনয় অনেকটাই সহজ হয়ে যায়, কারণ তখন চরিত্রগুলো স্বাভাবিকভাবে প্রাণ পায়। তবে, শুরুতে যে নীল ও মধুমিতাও তাঁদের সাধ্যমতো চেষ্টা করেছিলেন, সেই কথাও ধারাবাহিকের টিম ভুলতে চাইছে না। গল্পের প্রয়োজনেই এখন নতুন জুটি সামনে এসেছে এবং সেই পরিবর্তনই দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। আপনাদের কাছে কোন জুটি বেশি ভালো লাগছে? নীল-মধুমিতার জুটি, না কি রাহুল-শ্বেতার নতুন সমীকরণ?

You cannot copy content of this page