টলিউডের আশির দশকের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায় যাঁকে দর্শকরা আজও অঞ্জন চৌধুরীর ‘ছোট বউ’ ছবির সেই কালজয়ী চরিত্রের জন্য মনে রেখেছেন। একসময়ের সুপারহিট নায়িকা, যিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-এর বিপরীতে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পান, দীর্ঘদিন পর আবারও সামনে এসে নিজের অভিজ্ঞতা, ইন্ডাস্ট্রির বদল এবং বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন।
দেবিকার অভিনয় জীবন শুরু হয় খুব অল্প বয়সে। ‘বাঞ্ছারামের বাগান’ থেকে শুরু করে ‘আদালত ও একটি মেয়ে’, ‘ফেরা’, ‘ছোট বউ’ একাধিক উল্লেখযোগ্য ছবিতে তিনি কাজ করেছেন। তপন সিংহ, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত-এর মতো কিংবদন্তি পরিচালকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর ঝুলিতে। যদিও ব্যক্তিগত কারণে তিনি দীর্ঘদিন পর্দা থেকে দূরে ছিলেন, তবুও দর্শকের ভালোবাসা এখনও অটুট।
বর্তমান টলিউডে কাজ পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন দেবিকা। তাঁর কথায়, “আমাদের সময় এসব ছিল না। যাকে দরকার, তাকেই নেওয়া হতো।” এখনকার পরিস্থিতিতে শিল্পীরা নাকি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, এই আক্ষেপও শোনা যায় তাঁর গলায়। তিনি মনে করেন, শিল্পকে কখনোই রাজনীতির রঙে রাঙানো উচিত নয়।
সবচেয়ে বড় বিতর্কিত প্রসঙ্গে এসে দেবিকা বলেন, শিল্পীদের ‘ব্যান’ করার সংস্কৃতি অত্যন্ত লজ্জাজনক। তিনি সরাসরি বলেন, “কেউ যদি মনের মতো কথা বলতে না পারে, তার জন্য তাকে ব্যান করা যায় না।” বিশেষ করে দেব-এর প্রসঙ্গে তিনি জানান, “দেব নিজেই একটা ইন্ডাস্ট্রি। এত মানুষকে কাজ দিচ্ছে তাকে একঘরে করা সম্ভব নয়।” তাঁর মতে, একজন শিল্পীর কাজের মূল্যায়ন হওয়া উচিত, ব্যক্তিগত মতামতের জন্য তাকে শাস্তি দেওয়া উচিত নয়।
আরও পড়ুনঃ “ফ্যাশন না ফাজলামি, বাংলার উরফি জাভেদ!” “অভিনয় লাটে উঠেছে, এইসব করেই প্রচার পেতে হচ্ছে!” ‘মাস্টারজি’দের সম্মান জানাতে, মেজারমেন্ট টেপ দিয়ে তৈরি অদ্ভুত পোশাকে রেড কার্পেটে হাজির মনামী! সামাজিক মাধ্যমে, অভিনেত্রী হলেন হাসির খোরাক?
ক্ষমা চাওয়ার প্রসঙ্গেও কড়া অবস্থান নেন অভিনেত্রী। তাঁর মতে, “ক্ষমা চাওয়ার সঙ্গে সম্মান জড়িয়ে থাকে।” কোনো শিল্পী সত্যিই বড় অন্যায় করলে তবেই ক্ষমা চাওয়া উচিত শুধু ইগো বা চাপে ফেলে ক্ষমা চাওয়ানো ঠিক নয়। সবশেষে তিনি জানান, আজও দর্শকের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি, আর সুযোগ পেলে তিনি আবারও ভালো চরিত্রে অভিনয় করতে চান।






