বাবার মৃ’ত্যুতে শোকের মধ্যেই কাছা পরে মঞ্চে নেমে অভিনয়! জীবনের প্রথম নাটকে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন মাত্র ২০ সেকেন্ডের জন্য! বাবার আপত্তি থেকে উৎপল দত্তের প্রশংসা, কীভাবে ধীরে ধীরে বাংলা অভিনয় জগতের কিংবদন্তি হয়ে উঠেছিলেন রবি ঘোষ?

বাঙালির কাছে রবি ঘোষ মানেই কখনও ‘বাঘা’, কখনও ‘ধনঞ্জয়’। বাংলা চলচ্চিত্রে কমেডি অভিনয়কে যাঁরা এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম এই কিংবদন্তি অভিনেতা। হাসির চরিত্রে তাঁর অভিনয় ছিল এতটাই স্বাভাবিক যে দর্শক বুঝতেই পারতেন না, এর পিছনে কতটা পরিশ্রম ও দক্ষতা রয়েছে। তবে অভিনয় জগতে তাঁর এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। জীবনের শুরুর দিনগুলিতে নানা বাধার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। বিশেষ করে ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন বাবা দীপেন্দ্রনাথ ঘোষদস্তিদার। পরিবারের অন্য ছেলেরা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হলেও রবি আদৌ কিছু করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় ছিল তাঁর। তবে পরবর্তীকালে ছেলের অভিনয়ের প্রতিভা সম্পর্কে তিনিও বুঝতে পেরেছিলেন। অভিনেতার আত্মকথাধর্মী বই ‘ফিরে দেখা’য় নিজের জীবনের শুরুর দিকের নানা অভিজ্ঞতার কথা লিখে গিয়েছেন রবি ঘোষ। সেই লেখাতেই উঠে এসেছে বাবার সঙ্গে তাঁর মতপার্থক্য এবং অভিনয় জগতে প্রতিষ্ঠিত হওয়ার লড়াইয়ের কথা।

রবির বাবা দীপেন্দ্রনাথ ছিলেন কংগ্রেসের সমর্থক। অন্যদিকে ছেলে রবি ছিলেন বামপন্থী রাজনীতির প্রতি আকৃষ্ট। এই রাজনৈতিক মতপার্থক্য নিয়েও বাবা-ছেলের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। রবির লেখা অনুযায়ী, বাবা তাঁকে কার্যত বাতিল বলে ঘোষণা করেছিলেন। তাঁর কথায়, ‘বাবা আমাকে রিজেক্টেড ঘোষণা করলেন।’ বাবার রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে ছেলের মতাদর্শের মিল না থাকায় বাড়িতে প্রায়ই অশান্তি হত। নাটকের অনুষ্ঠান শেষ করে রাতে দেরি করে বাড়ি ফিরলে অনেক সময় তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হত না। পাড়ার লোকজনও মাঝরাতের এই ঘটনা টের পেতেন। তবে রবি হাল ছাড়েননি। বাড়ির মূল দরজা বন্ধ থাকলেও পিছনের খিড়কির দরজা দিয়ে চুপিসারে ভিতরে ঢুকে পড়তেন। ছেলের রাজনৈতিক অবস্থান নিয়ে আপত্তি থাকলেও অভিনয়ের প্রতিভা যে বাবার চোখে পড়তে শুরু করেছিল, তার ইঙ্গিতও পাওয়া যায় বিভিন্ন ঘটনায়। একসময় দীপেন্দ্রনাথ নিজের স্ত্রীকে ছেলের সম্পর্কে বলেছিলেন, ‘হি ইজ আ ব্র্যান্ডেড কমিউনিস্ট। একটি জিনিস। ও কোনও সংসর্গে মেশে না, কারণ ওর পয়সার দরকার পড়ে না।’ অর্থাৎ ছেলের চিন্তাভাবনা নিয়ে আপত্তি থাকলেও তাঁর স্বতন্ত্র ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা ছিল বাবার।

অভিনয় জীবনের প্রথম দিকে রবির ভাগ্যে জুটেছিল খুব সামান্য সুযোগ। তাঁর জীবনের প্রথম নাটক ছিল ‘সাংবাদিক’, যা একটি রুশ নাটকের রূপান্তর। সেখানে মঞ্চে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন মাত্র ২০ সেকেন্ডের জন্য। এত অল্প সময়ের উপস্থিতি দিয়েই শুরু হয়েছিল তাঁর দীর্ঘ অভিনয় যাত্রা। ধীরে ধীরে মঞ্চে নিজের দক্ষতার পরিচয় দিতে শুরু করেন তিনি। রবির অভিনয়ের খবর পৌঁছতে থাকে বাবার কাছেও। বিচারপতি এস এন গুহরায় একসময় দীপেন্দ্রনাথকে ছেলের অভিনয়ের প্রশংসা করেছিলেন। কিন্তু মুখে ছেলের অভিনয় নিয়ে বিশেষ উৎসাহ দেখাতেন না তিনি। বরং স্ত্রীকে বলতেন, ‘ও আবার কী অভিনয় করবে, ওই তো চাকরবাকরের মতো চেহারা। আমি দ্যাখসি দুগ্গা বাঁড়ুজ্যেকে।’ তবে বাবার এই কথার আড়ালেও যে ছেলের অভিনয় নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল, তা পরবর্তী একটি ঘটনায় স্পষ্ট হয়ে যায়। রবি ঘোষের অভিনয় দেখতে শেষ পর্যন্ত নিজেই নাটকের টিকিট কিনেছিলেন দীপেন্দ্রনাথ। শুধু নিজের জন্য নয়, বন্ধুবান্ধবদের নিয়ে নাটক দেখতে যাবেন বলে একসঙ্গে ১৫টি টিকিট কিনেছিলেন তিনি। যে বাবা একসময় ছেলের অভিনয় নিয়ে সন্দেহ প্রকাশ করতেন, তিনিই এবার ছেলের প্রতিভা দেখার জন্য আগ্রহী হয়ে উঠেছিলেন।

কিন্তু ছেলের অভিনয় দেখে যাওয়ার সুযোগ আর হয়নি দীপেন্দ্রনাথের। ‘অঙ্গার’ নাটকের মঞ্চায়নের মাত্র সাত দিন আগে তাঁর মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর শোকের মধ্যেই জীবনের এক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল রবি ঘোষকে। তখন তাঁর বয়স প্রায় ৩০ বছর। বাবার মৃত্যুর কারণে অশৌচ চললেও নাটকের অভিনয় বন্ধ করেননি তিনি। কাছা পরেই মঞ্চে উঠেছিলেন অভিনেতা। ‘অঙ্গার’ নাটকে খনি শ্রমিকের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। নাট্যকার ও পরিচালক উৎপল দত্ত নাকি বাবার মৃত্যুর কারণে নাটকের মঞ্চায়ন পিছিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু রবি তাতে রাজি হননি। শোকের মধ্যেও মঞ্চে উঠে একই নিষ্ঠায় অভিনয় করেছিলেন তিনি। এই ঘটনার পর তাঁর অভিনয় প্রতিভা আরও বেশি করে নজরে আসে। পেশাদারি মঞ্চেও একের পর এক নাটকে অভিনয় করে নিজের জায়গা তৈরি করেন। ‘সেতু’ এবং ‘উল্কা’ নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারও পেয়েছিলেন। মঞ্চের এই সাফল্যই তাঁকে বাংলা অভিনয় জগতের অন্যতম পরিচিত মুখ করে তুলতে শুরু করে।

আরও পড়ুনঃ “১৭টা লুচির সঙ্গে আধ কেজি খাসির মাং*স খেয়েছিলাম” মিঠুন চক্রবর্তীর বাড়িতে প্রথমবার গিয়েই কী কী সব কাণ্ড ঘটিয়েছিলেন বিশ্বনাথ বসু? অভিনেতার খাওয়ার বহর দেখে রীতিমতো অবাক মহাগুরু, পেটভরে খাওয়ানোর পরেই বড় দাদার মতো কী বিশেষ পরামর্শ দিয়েছিলেন তিনি? আজও কি সেই কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন?

তবে অভিনয় জীবনে সাফল্য এলেও একটা সময়ে আর্থিক সমস্যার মুখে পড়তে হয়েছিল রবি ঘোষকে। নীতিগত কারণে নাটকের দল ছেড়ে দেওয়ার পর সংসারে অভাব দেখা দেয়। সেই সময় পরিচালক তপন সিনহার কাছ থেকে অভিনয়ের সুযোগ আসে। তাঁর ‘হাঁসুলি বাঁকের উপকথা’ ছবিতে অভিনয় করেন রবি। এর আগে অরবিন্দ মুখোপাধ্যায়ের ‘কিছুক্ষণ’ ছবিতেও কাজ করেছিলেন তিনি। এরপরই জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একটি ঘটনা ঘটে। সত্যজিৎ রায়ের সহকারী ভানু ঘোষ একদিন রাস্তায় রবিকে দেখে জানান, মানিকদা অর্থাৎ সত্যজিৎ রায় তাঁকে খুঁজছেন। ভানু ঘোষের কথায়, ‘মানিকদা তোকে খুঁজে বেড়াচ্ছে, এক্ষুনি চল।’ সেই সূত্রেই সত্যজিৎ রায়ের ‘অভিযান’ ছবিতে অভিনয়ের সুযোগ পান রবি ঘোষ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বাংলা ছবিতে তখন তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায় ও জহর রায়ের মতো অভিনেতাদের দাপট। তাঁদের মধ্যেও নিজের অভিনয়ের আলাদা ধরন তৈরি করেছিলেন রবি। কমেডির পাশাপাশি নানা ধরনের চরিত্রে অভিনয় করে প্রমাণ করেছিলেন নিজের দক্ষতা। সাধারণ পরিবার থেকে উঠে এসে অভিনয়ের জগতে নিজের শক্তিশালী জায়গা তৈরি করেছিলেন তিনি। আজও তাঁর অভিনীত চরিত্রগুলি বাঙালির স্মৃতিতে উজ্জ্বল। আকস্মিক প্রয়াণের পর প্রায় তিন দশক কেটে গেলেও বাংলা সংস্কৃতির জগতে তাঁর অবদান অমলিন।

You cannot copy content of this page