দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ায় ফের নেমে এসেছে শোকের ছায়া। পরিচালক ও অভিনেতা এস জে সূর্যর আসন্ন ছবি ‘কিলার’-এর শুটিং চলাকালীন ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। একটি বিস্ফোরণের দৃশ্য ধারণের সময় আচমকাই বিস্ফোরণ ঘটে সেটে, যার জেরে প্রাণ হারান এক টেকনিশিয়ান। আহত হন আরও কয়েকজন কর্মী। বুধবার ভোরে চেন্নাইয়ের পেরাম্বুর এলাকার বিন্নি মিলস কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই গোটা ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার খবর সামনে আসতেই উদ্বেগ বাড়তে শুরু করেছে শুটিং সেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। আপাতত তদন্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট সকলের। একইসঙ্গে শোকের আবহ তৈরি হয়েছে ছবির ইউনিটের মধ্যেও।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর প্রায় পাঁচটা নাগাদ ছবির একটি গুরুত্বপূর্ণ বিস্ফোরণের দৃশ্যের শুটিং চলছিল। সেই সময় সেটে ব্যবহার করা একটি গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় স্পেশাল ইফেক্টস বিভাগের একাধিক কর্মী গুরুতরভাবে জখম হন। আহতদের মধ্যে ছিলেন মাদুরাভোয়ালের বাসিন্দা ২৬ বছরের মাধন, ২৭ বছরের শক্তিভেল, ২৩ বছরের সূর্য এবং ২৪ বছরের দিনাকরণ। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। আহতদের দ্রুত চেন্নাইয়ের রাজীব গান্ধী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মাধনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদের চিকিৎসা এখনও চলছে বলে জানা গিয়েছে।
যদিও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, আহতের সংখ্যা চারজনেরও বেশি হতে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। ইতিমধ্যেই একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। কী কারণে এই বিস্ফোরণ ঘটল, সেটে সমস্ত নিরাপত্তা বিধি মেনে কাজ করা হচ্ছিল কি না, অথবা কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা বিভিন্ন দিক থেকে তথ্য সংগ্রহ করছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত অনুসন্ধান চালানো হচ্ছে।
এই ঘটনার সময় এস জে সূর্য সেটে উপস্থিত ছিলেন কি না, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। অভিনেতা-পরিচালকের পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে দুর্ঘটনার পর ছবির শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে বলে খবর। ‘কিলার’ ছবিতে এস জে সূর্যর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রীতি আসরানি। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগেই আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু এই মর্মান্তিক ঘটনার পর ছবির কাজ সাময়িকভাবে থমকে গেছে। এখন তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে ছবির ইউনিট এবং চলচ্চিত্র মহল।
আরও পড়ুনঃ “ডিভোর্স আমার কাছে বিশেষ কিছু নয়, তার থেকে রে’প হওয়া…” বৈবাহিক সম্পর্ক ভা’ঙা নিয়ে কেন এমন মন্তব্য করলেন শুভশ্রী গাঙ্গুলী? বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেত্রীর স্পষ্ট অবস্থান ঘিরে জোর চর্চা, আসলে কী বলতে চাইলেন তিনি?
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দক্ষিণী চলচ্চিত্র জগতে একাধিক দুর্ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। কিছুদিন আগে রজনীকান্ত ও নেলসন দিলীপকুমারের ‘জেলার ২’ ছবির সেট তৈরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল আর্ট বিভাগের এক কর্মীর। এরও আগে ‘সরদার ২’ ছবির শুটিংয়ে একটি স্টান্ট দৃশ্য ধারণের সময় প্রাণ হারান এক স্টান্ট শিল্পী। ২০২০ সালে ‘ইন্ডিয়ান ২’ ছবির সেটে বিশাল আলোকসজ্জার ক্রেন ভেঙে পড়ে তিন সহকারী পরিচালকের মৃত্যু হয় এবং আহত হন আরও বেশ কয়েকজন। সেই ঘটনাও এখনও দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম বড় দুর্ঘটনা হিসেবে মনে করা হয়। নতুন এই ঘটনার পর আবারও শুটিং সেটে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সামনে চলে এসেছে।






