টলিউড অভিনেত্রী চৈতি ঘোষালের (Chaiti Ghoshal) ছেলে অমর্ত্য রায়কে নিয়ে বিতর্ক থামার নামই নিচ্ছে না। ‘নেভার মাইন্ড’ ছবিতে অভিনয়ের পর থেকেই তাঁর অভিনয়, চেহারা এবং কাজের যোগ্যতা নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য দেখা গিয়েছিল। সেই বিতর্কের মাঝেই সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলের পাশে দাঁড়িয়ে ফের মুখ খুলেছেন চৈতি ঘোষাল। সমালোচকদের উদ্দেশে তিনি স্পষ্ট জানিয়েছেন, অনেকেই অমর্ত্যের প্রস্তুতি বা পড়াশোনার বিষয়ে কিছুই জানেন না। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর আবারও নতুন করে শুরু হয়েছে আলোচনা এবং সমালোচনা। বিশেষ করে তাঁর একটি উদাহরণ ঘিরেই এখন সোশ্যাল মিডিয়ায় চলছে বিস্তর চর্চা।
ছেলেকে নিয়ে প্রশ্নের জবাবে চৈতি ঘোষাল বলেন, “ওনারা জানে না অমর্ত্য এফটিআইআই থেকে পড়াশোনা করেছে, সিনেমাটাকে ও শুধু গ্ল্যামার হিসাবে নেয়নি, সিরিয়াসলি কাজ করছে, সত্যিই কি কিছু এসে যায় বলুন তো!” এরপর তিনি আরও বলেন, “সমালোচকরা ১ থেকে ১ই থাকবে, বরং আমরা ১ থেকে ১০, সেখান থেকে ১০০ হয়ে ১ লাখ ছাড়িয়ে যাব।” নিজের বক্তব্য বোঝাতে তিনি একটি উদাহরণ টেনে বলেন, “হিমালয় জানেন তো একসময় মাটির তলায় ছিল! ছোটবেলা পড়াশোনা করলে হয়তো সবাই জানবেন, সে কিন্তু এখন আকাশের উপরে!” তাঁর এই বক্তব্যই মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
তবে অভিনেত্রীর এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেক নেটিজেন তাঁর বক্তব্যের সঙ্গে একমত না হয়ে পাল্টা কটাক্ষ করেছেন। কেউ ব্যঙ্গ করে লিখেছেন, “আপনি একদম হাল ছাড়বেন না। আপনার ছেলে শাহরুখ খান হবেই!” আবার অনেকেই দাবি করেছেন, হিমালয় নিয়ে অভিনেত্রীর মন্তব্য তথ্যগতভাবে সঠিক নয়। একজন মন্তব্য করেন, “ছোটবেলায় আপনি ভূগোলটা পড়লে বোধহয় ভালো করতেন, হিমালয় যে মাটির নিচে ছিল প্রথমবার শুনলাম!” এই ধরনের মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমেও।
শুধু হিমালয়ের উদাহরণই নয়, সাক্ষাৎকারে চৈতি ঘোষালের কথা বলার ধরন নিয়েও কটাক্ষ করতে দেখা গেছে একাংশকে। একজন লিখেছেন, “যতদূর জানি হিমালয় তো জলের তলায় ছিল। মাটির নিচে কবে দিয়ে হল?” আবার অন্য একজনের মন্তব্য, “মহালয়ার মতো হাত-পা নাড়িয়ে যাত্রাপালা করছেন কেন? দেখে মনে হচ্ছে এক্ষুনি অসুর বধ করবেন!” ফলে তাঁর বক্তব্যের পাশাপাশি অঙ্গভঙ্গিও আলোচনার বিষয় হয়ে উঠেছে। যদিও অভিনেত্রী নিজের বক্তব্যে বারবার ছেলের পরিশ্রম, অভিনয়ের প্রশিক্ষণ এবং কাজের প্রতি নিষ্ঠার কথাই তুলে ধরেছেন।
আরও পড়ুনঃ টলিউড শিল্পীদের সুরক্ষায় এবার বড় ঘোষণা! বিপদে পাশে থাকবে ‘অরুণোদয় হেলথ কার্ড’, রাহুলের স্মৃতিতে নতুন উদ্যোগ আর্টিস্ট ফোরামের!
অমর্ত্য রায়কে ঘিরে শুরু হওয়া বিতর্কের মাঝেই চৈতি ঘোষালের এই সাক্ষাৎকার এখন নতুন করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে। একদিকে যেমন অনেকেই অভিনেত্রীর আত্মবিশ্বাসের প্রশংসা করছেন, অন্যদিকে তাঁর উদাহরণ এবং বক্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। ফলে ছেলেকে সমর্থন জানাতে গিয়ে অভিনেত্রী নিজেই এখন সমালোচনার মুখে পড়েছেন। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, তা সময়ই বলবে। তবে আপাতত চৈতি ঘোষালের এই মন্তব্য এবং তার প্রতিক্রিয়াই নেটদুনিয়ার অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।






