ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ধীরে ধীরে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে ওঠেন তিনি। ১৯৯৬ সালে টেস্ট ক্রিকেটে নিজের জায়গা পাকা করার পর অধিনায়ক হিসেবেও নতুন পরিচয় তৈরি করেন সৌরভ। তাঁর নেতৃত্বে ভারত একাধিক স্মরণীয় জয় পেয়েছে এবং ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালেও পৌঁছেছিল। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ক্রিকেটের সঙ্গে তাঁর সম্পর্ক থামেনি। প্রশাসনিক দায়িত্বে এসে ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার সভাপতি হন তিনি।
বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট প্রশাসনের সঙ্গেও যুক্ত রয়েছেন এবং বাংলার ক্রিকেট সংস্থার সভাপতির দায়িত্বে রয়েছেন। সম্প্রতি কোচ হিসেবেও নতুন দায়িত্ব নিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা হয়েছে, যা কোচিং জীবনে তাঁর প্রথম বড় দায়িত্ব। দীর্ঘ ক্রিকেটজীবনের পাশাপাশি স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং মেয়ে সানাকে নিয়ে তাঁর পারিবারিক জীবনও বরাবরই অনুরাগীদের আগ্রহের বিষয়। তবে গত কয়েক মাস ধরে সৌরভ ও তাঁর পরিবারের উদ্দেশে আসতে থাকা কিছু চিঠি এবার সেই ব্যক্তিগত পরিসরেই উদ্বেগ তৈরি করেছে। পরিবারের অভিযোগ, বিষয়টি আর শুধুমাত্র কটূক্তির মধ্যে সীমাবদ্ধ নেই।
জানা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের তরফে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর সচিব তানিয়া ভট্টাচার্য দু’পাতার একটি চিঠি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন বলে জানা গিয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী, গত কয়েক মাস ধরেই অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তি সৌরভকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করে চিঠি পাঠাচ্ছিলেন। প্রথমদিকে বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। পরিবারের তরফে মনে করা হয়েছিল, হয়তো ব্যক্তিগত ক্ষোভ থেকেই কেউ এমন চিঠি পাঠাচ্ছেন। কিন্তু পরিস্থিতি বদলে যায় সোমবার, যখন সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে পরপর দু’টি চিঠি আসে।
অভিযোগ অনুযায়ী, সাম্প্রতিক চিঠিগুলিতে শুধু সৌরভকে নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্যই করা হয়নি, তাঁর পরিবারের প্রতিও গুরুতর হুমকি দেওয়া হয়েছে। এমনকী ‘খতম’ করে দেওয়ার মতো হুমকির অভিযোগও সামনে এসেছে। এই ধরনের হুমকির পর বিষয়টিকে আর সাধারণ কটূক্তি হিসেবে দেখছে না সৌরভের পরিবার। তাঁদের আশঙ্কা, পরিস্থিতি ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নে পৌঁছে গিয়েছে। তাই দ্রুত পুলিশের হস্তক্ষেপ এবং ঘটনার তদন্ত প্রয়োজন বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগেও সৌরভ এবং ডোনাকে ঘিরে আপত্তিকর মন্তব্যের ঘটনায় পুলিশের দ্বারস্থ হতে হয়েছিল। ২০২৬ সালের জুনে সৌরভ নিজেও একটি সমাজমাধ্যম পাতা থেকে মানহানিকর পোস্ট ছড়ানোর অভিযোগে ঠাকুরপুকুর থানায় অভিযোগ করেছিলেন।
আরও পড়ুনঃ এতদিন মুখে আনেননি, এবার আর এড়াতে পারলেন না! বিয়ে পর্যন্ত গড়িয়েও কেন পূর্ণতা পায়নি মিঠুন-মমতার প্রেম? কেন শেষ পর্যন্ত আলাদা হয়ে গেলেন তাঁরা? এত বছর পর প্রকাশ্যে স্বীকার বিয়ে না করার আসল কারণ, শুনেই মাথায় হাত মমতা শঙ্করের! কী এমন চাঞ্চল্যকর সত্যি প্রকাশ্যে আনলেন ডিস্কো ডান্সার?
ডোনার ক্ষেত্রেও গত বছর সমাজমাধ্যমে কুরুচিকর মন্তব্যের অভিযোগে একই থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই ঘটনায় তাঁর নাচের অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি সমাজমাধ্যম পাতায় অপমানজনক মন্তব্য এবং দেহ নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছিল। পুলিশ তখন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের চিহ্নিত করার জন্য তদন্ত শুরু করেছিল। এবার সরাসরি চিঠির মাধ্যমে সৌরভ ও ডোনাকে হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। কে বা কারা এই চিঠি পাঠাচ্ছেন, তাঁদের উদ্দেশ্যই বা কী, তা এখনও স্পষ্ট নয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ কীভাবে তদন্ত এগিয়ে নিয়ে যায়, এখন সেদিকেই নজর। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাই এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হয়ে উঠেছে।






