“তুমি পারবে না, ওই তো একটু-আধটু গান গাও” কটাক্ষ উপেক্ষা করে ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরির নিরাপদ জীবন ছেড়ে হেঁটেছিলেন স্বপ্নের পথে! আজ শাহরুখের ‘কিং’ ছবিতে ‘তু মিল জায়ে’ হিট গান তাঁরই কন্ঠে! ‘আজ কি রাত’, ‘উয়ি আম্মা’র মতো একের পর এক হিটের নেপথ্যে বাঙালি কন্যা, গায়িকা মধুবন্তী বাগচীর গল্পটা জানেন? বালুরঘাট থেকে বলিউড, যাত্রাপথে রয়েছে কতটা লড়াই?

জীবনের সাফল্যের মোড় কখন, কীভাবে ঘুরে যায়, তা আগে থেকে কেউ বলতে পারে না। কখনও কখনও যে স্বপ্নকে একসময় অনিশ্চিত মনে হয়, সেই স্বপ্নই একদিন পরিচিতির নতুন ঠিকানা হয়ে ওঠে। তেমনই এক গল্প বাংলার মেয়ে মধুবন্তী বাগচির। উত্তরবঙ্গের বালুরঘাট থেকে শুরু হয়েছিল তাঁর পথচলা। আজ তাঁর কণ্ঠ পৌঁছে গিয়েছে বলিউডের অন্দরমহলে। একের পর এক জনপ্রিয় গান উপহার দেওয়ার পর এবার শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’-এর গানেও শোনা গেল তাঁর কণ্ঠ। শাহরুখ খানের মতো সুপারস্টারের ছবিতে গান গাওয়ার সুযোগ যে কোনও শিল্পীর কাছেই বড় প্রাপ্তি। মধুবন্তীর ক্ষেত্রেও এই অভিজ্ঞতা নিঃসন্দেহে বিশেষ। ছবির প্রথম গান ‘তু মিল জায়ে’-তে অরিজিৎ সিংয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি।

গানটিতে রয়েছে এড শিরানের বিশেষ অংশও। ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনে গানটি প্রকাশ্যে আসে। সুর দিয়েছেন সচিন-জিগর। ফলে আন্তর্জাতিক স্তরের শিল্পীদের সঙ্গে একই গানের অংশ হওয়া মধুবন্তীর কেরিয়ারে আরও একটি উল্লেখযোগ্য অধ্যায়। তবে ‘কিং’-ই তাঁর কেরিয়ারের একমাত্র উল্লেখযোগ্য কাজ নয়। এর আগেও একাধিক জনপ্রিয় হিন্দি ছবিতে নিজের কণ্ঠের জাদু দেখিয়েছেন তিনি। ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গান তাঁকে দেশজুড়ে বিপুল পরিচিতি এনে দেয়। ‘আজাদ’ ছবির ‘উয়ি আম্মা’, ‘ধুরন্ধর’-এর ‘শরারত’, ‘নাদানিয়াঁ’-র ‘গলতফহমি’, ‘শিদ্দত’-এর ‘বরবাদিয়াঁ’ এবং ‘লাভ আজ কাল’-এর গানেও তাঁর কণ্ঠ শুনেছেন শ্রোতারা।

সঞ্জয় লীলা বনশালীর ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজেও ‘নজরিয়া কি মারি’ গানে তাঁর কণ্ঠ মুগ্ধ করেছে শ্রোতাদের। বাংলা ছবিতেও রয়েছে তাঁর অবদান। ‘শুধু তোমারই জন্য’, ‘শাহজাহান রিজেন্সি’, ‘আহারে মন’ এবং ‘বউদি ক্যান্টিন’-এর মতো ছবিতে গান গেয়েছেন তিনি। কিন্তু এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম এবং নিজের প্রতি বিশ্বাস। ছোটবেলা থেকেই শাস্ত্রীয় সংগীতের প্রতি আগ্রহ ছিল মধুবন্তীর। বালুরঘাটে জন্ম ও বেড়ে ওঠা। পরে ভালো পড়াশোনা এবং সংগীতের প্রশিক্ষণের সুযোগের জন্য পরিবার কলকাতায় চলে আসে। বিদূষী শুভ্রা গুহর কাছে শাস্ত্রীয় সংগীতের তালিম নেন তিনি। সেই তালিম অবশ্য সহজ ছিল না। দীর্ঘ সময় ধরে একই রাগের চর্চা, কঠোর অনুশাসন এবং নিয়মিত রেওয়াজের মধ্যে দিয়ে তৈরি হয়েছে তাঁর গানের ভিত।

প্রথমদিকে এই কঠিন অনুশীলন ভালো না লাগলেও পরবর্তীকালে বুঝেছিলেন, সংগীতের জগতে নিজেকে প্রতিষ্ঠা করতে এই শিক্ষাই তাঁর সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি গান চালিয়ে গিয়েছেন। পড়াশোনা শেষ করে প্রযুক্তিক্ষেত্রে কাজও করেছেন। কিন্তু মনের মধ্যে কোথাও একটা অপূর্ণতা থেকেই গিয়েছিল। শেষ পর্যন্ত নিরাপদ কেরিয়ারের পথ ছেড়ে নিজের স্বপ্নের পিছনে ছুটতে সিদ্ধান্ত নেন মধুবন্তী। ২০১৮ সালে আরও ভালো সুযোগের আশায় মুম্বইয়ে পাড়ি দেন তিনি। সেখানে কোনও প্রতিষ্ঠিত যোগাযোগ বা বিনোদন জগতে পরিচিতির সুবিধা ছিল না।

আরও পড়ুনঃ বাবার মৃ’ত্যুতে শোকের মধ্যেই কাছা পরে মঞ্চে নেমে অভিনয়! জীবনের প্রথম নাটকে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন মাত্র ২০ সেকেন্ডের জন্য! বাবার আপত্তি থেকে উৎপল দত্তের প্রশংসা, কীভাবে ধীরে ধীরে বাংলা অভিনয় জগতের কিংবদন্তি হয়ে উঠেছিলেন রবি ঘোষ?

নিজের প্রতিভা এবং পরিশ্রমের জোরেই জায়গা তৈরি করতে হয়েছে। প্রথম থেকেই যে সাফল্য এসেছে, এমন নয়। একের পর এক অপেক্ষা, অনিশ্চয়তা এবং সুযোগের জন্য লড়াই চলেছে। একসময় যে মেয়েটি ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নিয়েও অন্য পেশায় নিজের ভবিষ্যৎ খুঁজছিলেন, তিনিই আজ বলিউডের পরিচিত কণ্ঠ। মধুবন্তীর এই যাত্রা বুঝিয়ে দেয়, ছোট শহরে জন্মানো বা প্রচলিত কেরিয়ারের পথ ছেড়ে বেরিয়ে আসা কোনও প্রতিভার সীমাবদ্ধতা হতে পারে না। নিজের স্বপ্নের উপর বিশ্বাস আর লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা থাকলে সাফল্যের দরজা একদিন খুলতেই পারে।

You cannot copy content of this page