‘বিগ বস বাংলা’র ঘরে রাজবীর দে ও নন্দিনী দত্তকে নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। প্রথম দিকে দুজনের মিষ্টি প্রেম, খুনসুটি এবং ঘনিষ্ঠতা দর্শকদের নজর কেড়েছিল। কিন্তু সময়ের সঙ্গে তাঁদের সম্পর্কের সমীকরণ বদলেছে। কখনও দুজনের মধ্যে ঝগড়া, কখনও মারামারি, আবার কখনও একে অপরের প্রতি অতিরিক্ত ঘনিষ্ঠতা, সব মিলিয়ে তাঁদের আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। সাম্প্রতিক পর্বে রাজবীর ও নন্দিনীর মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দেখে বিরক্তি প্রকাশ করেছেন টলিপাড়ার দুই পরিচিত মুখ। অভিনেতা ভরত কলের স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায় এবং অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী সমাজমাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্যে উঠে এসেছে প্রতিযোগীদের আচরণ এবং দর্শকদের প্রতি তাঁদের দায়িত্ববোধের প্রসঙ্গ। বিশেষ করে একটি ভাইরাল ক্লিপ দেখার পর এই দুই অভিনেত্রী যে মোটেই খুশি নন, তা তাঁদের পোস্ট থেকেই স্পষ্ট।
ভরত কলের স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায় রাজবীর ও নন্দিনীর সাম্প্রতিক ঝগড়ার দৃশ্য দেখে রীতিমতো ক্ষুব্ধ। বিগ বসের ঘরে দুজনের মধ্যে কথা কাটাকাটি থেকে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছনোর পর সমাজমাধ্যমে একটি পোস্ট করেন তিনি। সেখানে কারও নাম উল্লেখ না করলেও তাঁর বক্তব্য যে রাজবীরকে উদ্দেশ্য করেই, তা বুঝতে অসুবিধা হয়নি অনেকের। জয়শ্রী লেখেন, “কেউ এতটা অসভ্য, এতটা নোংরা হতে পারে????????? আর কত মার খাবি ভাই?????” স্বামীর সঙ্গে বিগ বসের ঘরে ঘটে যাওয়া আগের ঘটনার পরেও রাজবীর ও নন্দিনীকে নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। তবে সাম্প্রতিক এই ঘটনায় আবারও নিজের বিরক্তি প্রকাশ করলেন জয়শ্রী। তাঁর এই পোস্ট সামনে আসতেই রাজবীর-নন্দিনীর আচরণ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। নেটমাধ্যমেও এই দুই প্রতিযোগীর সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে।
অন্যদিকে অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীও রাজবীর ও নন্দিনীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে তাঁর বক্তব্যের মূল জায়গা হল একজন শিল্পীর পেশাদারিত্ব এবং দর্শকদের প্রতি দায়িত্ব। সমাজমাধ্যমে নিজের পোস্টে তিনি লেখেন, “আমি যদি কোনো শোতে যাই এবং সেটা থেকে টাকাও পাই তাহলে আমাকে আমার ‘দর্শক’ রা দেখছে, আমার কি কোনো দায়বদ্ধতা থাকবে না নিজের পারফরম্যান্সের প্রতি?? দর্শকের প্রতি?? আমি সামনে পেছনে আগে পরে কোনো কিছুই দেখতে জানতে চাইছিনা, এইটুকুও যে দেখলাম, সবাই দেখছে….সেটা কেনো?” নিজের বক্তব্যের সঙ্গে রাজবীর ও নন্দিনীর মারামারির ভাইরাল ক্লিপটিও জুড়ে দেন অভিনেত্রী। অর্থাৎ, কোনও অনুষ্ঠানে অংশ নিয়ে পারিশ্রমিক নেওয়ার পাশাপাশি দর্শকদের প্রতিও যে শিল্পীদের দায়িত্ব থাকে, সেই বিষয়টিই তুলে ধরতে চেয়েছেন তিনি। তাঁর মতে, দর্শক যখন কোনও অনুষ্ঠান দেখছেন, তখন প্রতিযোগীদের নিজেদের আচরণ এবং পরিবেশনার বিষয়েও সচেতন থাকা প্রয়োজন।
আসলে বিগ বসের ঘরে রাজবীর ও নন্দিনীর সম্পর্কের শুরুটা ছিল বেশ অন্য রকম। একে অপরকে ‘সোনা-বাবা’ বলে ডাকা, খুনসুটি এবং ঘনিষ্ঠ মুহূর্তের কারণে প্রথম থেকেই আলোচনায় ছিল এই জুটি। কিন্তু সম্প্রতি তাঁদের মধ্যে একের পর এক ঝামেলা তৈরি হচ্ছে। একটি টাস্ক চলাকালীন নন্দিনীর সঙ্গে সৃজলার সমস্যা হয়। সেই সময় রাজবীর প্রথমে প্রেমিকার পাশে না দাঁড়িয়ে সৃজলাকে আলাদা করে ডেকে কথা বলেন। বিষয়টি ভালোভাবে নেননি নন্দিনী। এর আগেও রাজবীরের কাছে থাকা নিজের নামের প্রথম অক্ষর ‘N’ লেখা আংটিকে গুরুত্ব না দেওয়ায় নন্দিনী তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন এবং মারধরও করেছিলেন। এবার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নন্দিনীর আচরণে বিরক্ত হয়ে রাজবীর তাঁকে জোরে ধাক্কা দেন। কিন্তু তাতেও দুজনের ঝামেলা থামেনি। নন্দিনী বারবার রাজবীরের কাছে ঘটনার ব্যাখ্যা চাইতে থাকেন। একসময় মেজাজ হারিয়ে রাজবীর নিজের গালেই পরপর জোরে চড় মারতে শুরু করেন।
আরও পড়ুনঃ “রাজবীর ছেলে বলে কি তাঁর সম্মান নেই? তাঁর কি আ’ঘাত লাগে না?” “একই ঘটনা যদি উল্টোটা হত, রাজবীর যদি নন্দিনীকে এভাবে মা’রতেন? ভালবাসার নামে গায়ে হাত তোলা যায়? রাজবীরকে একের পর এক চড়-থাপ্পড় নন্দিনীর, পাল্টা ধাক্কা দিয়ে সম্পর্ক শেষের হুঁশিয়ারি রাজবীরের! জেন্ডার ইকুয়ালিটির কথা বলা নারীরই এহেন আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন বিগ বসের দর্শকরা!
রাজবীর ও নন্দিনীর এই আচরণের দৃশ্য প্রকাশ্যে আসতেই নতুন করে সমালোচনা শুরু হয়েছে। জয়শ্রী মুখোপাধ্যায় ও অনিন্দিতা রায়চৌধুরী দুজনেই নিজেদের মতো করে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের বক্তব্যে উঠে এসেছে শোয়ের মান বজায় রাখা এবং দর্শকদের সম্মান করার বিষয়টি। শুরুতে যে সম্পর্ককে ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল, এখন সেই সম্পর্কের ঝগড়া ও হাতাহাতিই আলোচনার কেন্দ্রে। এর মধ্যেই বিগ বসের একটি নতুন প্রোমোতে রাজবীরকে নন্দিনীর সঙ্গে সম্পর্ক শেষ করার কথা ঘোষণা করতে দেখা গিয়েছে। ফলে তাঁদের সম্পর্ক কি সত্যিই ভেঙে যাচ্ছে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। নাকি আগের মতোই সমস্ত ঝগড়া ভুলে আবার কাছাকাছি আসবেন তাঁরা? রাজবীর-নন্দিনীর সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।






