বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’। ২০১৬ সালে শুরু হওয়া এই শোয়ের জনপ্রিয়তা সময়ের সঙ্গে আরও বেড়েছে। মাঝে দীর্ঘ বিরতির পর ২০২৬ সালে আবারও নতুন সিজন নিয়ে ফিরেছে বিগ বস বাংলা। প্রায় দশ বছর পর শো ফিরে আসায় দর্শকদের মধ্যে উৎসাহও চোখে পড়ার মতো। বর্তমানে চলছে বিগ বস বাংলার তৃতীয় সিজন। ফাইনালের আর মাত্র কয়েক দিন বাকি থাকতেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। কে হবেন এবারের বিজয়ী, তা জানার পাশাপাশি প্রতিযোগীদের পারিশ্রমিক এবং বিজয়ীর প্রাইজ়মানি নিয়েও কৌতূহল রয়েছে সকলের। তবে জানেন কি, দশ বছর আগে এই শোয়ের দ্বিতীয় সিজন জিতে কত টাকা পেয়েছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়? সম্প্রতি সেই অভিজ্ঞতার কথাই ভাগ করে নিয়েছেন তিনি।
২০১৬ সালে বিগ বস বাংলার দ্বিতীয় সিজনে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। সেই সময়েও শোয়ের জনপ্রিয়তা ছিল যথেষ্ট। প্রতিযোগীদের লড়াইয়ের পাশাপাশি বিজয়ী কত টাকা পুরস্কার পাচ্ছেন, তা নিয়েও দর্শকদের আগ্রহ ছিল। বর্তমানে বিগ বসের বিভিন্ন সিজনে প্রতিযোগীদের পারিশ্রমিক থেকে শুরু করে প্রাইজ়মানি নিয়ে নিয়মিত আলোচনা হয়। তবে চুক্তির কারণে বিজয়ীরা ঠিক কত টাকা পেয়েছেন, সেই অঙ্ক প্রকাশ্যে জানাতে পারেন না। জয়জিতের ক্ষেত্রেও রয়েছে একই নিয়ম। ফলে সরাসরি প্রাইজ়মানির অঙ্ক জানাতে রাজি হননি অভিনেতা। তবে পুরস্কারের অর্থ যে তাঁর প্রত্যাশার চেয়েও অনেক বেশি আনন্দ দিয়েছিল, তা বুঝিয়ে দিয়েছেন নিজের কথাতেই। এত বছর পরেও সেই অর্থ তিনি নিজের জন্য খরচ করেননি। বরং ভবিষ্যতের কথা ভেবে বিশেষভাবে জমিয়ে রেখেছেন সেই টাকা।
প্রাইজ়মানির অঙ্ক জানতে চাওয়া হলে জয়জিৎ বলেন, “কত টাকা পেয়েছিলাম, এটা নিয়ম অনুযায়ী বলতে পারব না। তবে শুধু এটুকু বলতে পারি, যে টাকা পেয়েছিলাম, সেটা এখনও ধরিনি। ছেলের উচ্চশিক্ষার জন্য রেখে দিয়েছি। মন খুশি করে দিয়েছিল সেই প্রাইজ়মানির অঙ্ক। খিলখিল করে হেসেছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।” অর্থাৎ বিগ বসের মঞ্চ থেকে পাওয়া পুরস্কারের টাকা আজও নিজের প্রয়োজনে ব্যবহার করেননি অভিনেতা। ছেলের ভবিষ্যৎ এবং উচ্চশিক্ষার কথা মাথায় রেখেই সেই অর্থ সঞ্চয় করে রেখেছেন তিনি। প্রাইজ়মানির অঙ্ক প্রকাশ করতে না পারলেও তাঁর কথায় স্পষ্ট, সেই পুরস্কার যথেষ্ট বড় অঙ্কের ছিল। বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খিলখিল করে হেসেছিল, অভিনেতার এই মজার মন্তব্যই এখন আলোচনায়। কাজের ব্যস্ততার মধ্যেও ছেলের ভবিষ্যতের জন্য সেই টাকা আগলে রেখেছেন জয়জিৎ।
বাংলা টেলিভিশনের পরিচিত মুখ জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক ‘তিলোত্তমা’য়। ফলে প্রতিদিন নিয়ম করে বিগ বস বাংলার পর্ব দেখার সময় তাঁর হয় না। তবে শোয়ের কোনও প্রোমোয় আকর্ষণীয় কিছু দেখলে সেই দিনের পর্ব অবশ্যই দেখেন অভিনেতা। এবারের সিজনের খেলা নিয়েও নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি। বিশেষ করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ‘দাদার দরবার’ পর্বটি তাঁর বেশ পছন্দ হয়েছে। এই প্রসঙ্গে জয়জিৎ বলেন, “দারুণ ইন্টারেস্টিং খেলা হচ্ছে। একটা জিনিস বলতে পারি, ‘দাদার দরবার’ আমার ভীষণ ভালো লাগছে। নানা মুনির যদিও নানা মত। আমি শুধু একটা জিনিসই মনে করি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় যারা পৌঁছতে পারেন না, তারাই দাদাকে অপমান করার চেষ্টা করেন।” অর্থাৎ শোয়ের বিভিন্ন ঘটনা নিয়ে মতামত থাকলেও সৌরভের সঞ্চালনা এবং তাঁর অবস্থানকে যথেষ্ট গুরুত্ব দেন অভিনেতা।
আরও পড়ুনঃ “আপনি চাণক্যের মতো ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন, আপনার ঠান্ডা মাথায় বুদ্ধিদীপ্ত খেলা খুব ভালো লাগত!” “হঠাৎ একটা অন্য সত্ত্বা প্রতিফলিত হতে লাগল, আপনার কোনও একজন বন্ধুবেষ্টিত হয়ে খেলাই আপনাকে সংকীর্ণ করে দিল!” অদ্ভুত চাউনি ও চোখের জল, ব্যক্তিগত সম্পর্কের জটিলতাই সবটা নষ্ট করে দেয়? বিগ বস বাংলায় দুর্নিবারের খেলা নিয়ে মুগ্ধ মৈত্রেয়ী মিত্র, জানালেন বর্তমানে হতাশার কারণ?
এবারের বিগ বস বাংলায় কোন প্রতিযোগীর খেলা সবচেয়ে ভালো লাগছে, সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন জয়জিৎ। তাঁর পছন্দের তালিকায় রয়েছেন রাজবীর দে, জিতু কমল, মনামী এবং দুর্নিবার সাহা। এই চার প্রতিযোগীর খেলার ধরনই তাঁর নজর কেড়েছে। তবে শেষ পর্যন্ত কে দর্শকদের মন জয় করে বিজয়ীর মুকুট পাবেন, তা নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলতে চাননি অভিনেতা। তাঁর মতে, ভোটের লড়াইয়ে এই প্রতিযোগীদের মধ্যে ব্যবধান খুব বেশি থাকবে না। অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা দেখছেন তিনি। এই প্রসঙ্গে জয়জিতের বক্তব্য, “ভোটের ক্ষেত্রে খুব কাছাকাছি থাকবে তাঁদের ব্যবধান। আসলে সকলের খেলার স্টাইলই তো খুব ভালো। কাকে ছেড়ে কাকে দেখবে দর্শক।” সব মিলিয়ে একদিকে নিজের বিগ বস জয়ের পুরনো স্মৃতি, অন্যদিকে বর্তমান সিজনের প্রতিযোগীদের খেলা, দুই বিষয়েই মুখ খুলেছেন অভিনেতা। এবার শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিগ বস বাংলার ট্রফি, সেই অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা।






