বর্তমান সময়ে সম্পর্কের সমীকরণ যেন খুব দ্রুত বদলে যাচ্ছে। বিশেষ করে দাম্পত্য জীবনে মতের অমিল, একে অপরের অভ্যাসের সঙ্গে মানিয়ে নিতে না পারা কিংবা ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি থেকে ভাঙছে বহু বছরের সম্পর্ক। একসময় যে সম্পর্ক সারাজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়েছিল, সময়ের সঙ্গে সেই সম্পর্কেই তৈরি হচ্ছে দূরত্ব। তবে বিয়ে টিকিয়ে রাখতে গেলে ঠিক কতটা ধৈর্য প্রয়োজন? কীভাবে একে অপরের ভুলত্রুটি মেনে নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব? এই বিষয়েই নিজের মতামত জানালেন অভিনেত্রী তথা পরিচালক মানসী সিনহা। অভিনয়ের পাশাপাশি সমাজের বিভিন্ন বিষয় নিয়েও মাঝেমধ্যেই নিজের মতামত প্রকাশ করেন মানসী।
বিশেষ করে মানুষের সম্পর্ক, জীবনযাপন এবং সামাজিক পরিবর্তনের মতো বিষয় নিয়ে তাঁর বক্তব্য নজর কাড়ে। এবার দাম্পত্য সম্পর্ক নিয়ে তাঁর সহজ অথচ গুরুত্বপূর্ণ কিছু কথা উঠে এল সাক্ষাৎকারে। বিয়ে মানেই যে দু’জন মানুষকে এক মুহূর্তে সম্পূর্ণ বদলে যেতে হবে, এমনটা একেবারেই মনে করেন না তিনি। মানসীর কথায়, বিয়ে টিকিয়ে রাখতে গেলে প্রথমেই প্রয়োজন ধৈর্য। এক সেকেন্ডের মধ্যে একজন মানুষ অন্যজনের মতো হয়ে যেতে পারেন না। দু’জনের চিন্তাভাবনা, পছন্দ-অপছন্দ এবং অভ্যাস আলাদা হতেই পারে।
তাই বিয়ের পরেই সঙ্গীর সবকিছু নিজের মনের মতো করে নেওয়ার চেষ্টা করা উচিত নয়। বরং সময়ের সঙ্গে ধীরে ধীরে একে অপরের অভ্যাসের সঙ্গে পরিচিত হতে হবে এবং মানিয়ে নিতে শিখতে হবে। তিনি আরও বোঝান, প্রত্যেক মানুষেরই কিছু ভালো এবং কিছু খারাপ অভ্যাস থাকে। দাম্পত্য জীবনে দু’জনকেই একে অপরের সেই দিকগুলো চিনতে এবং বুঝতে হয়। যেমন একজন তাঁর সঙ্গীর খারাপ অভ্যাসগুলো জানেন, তেমনই নিজের মধ্যেও যে কিছু খারাপ অভ্যাস রয়েছে, সেটাও স্বীকার করা জরুরি।
শুধু সঙ্গীর ভুল খুঁজে বেড়ালেই সম্পর্ক ভালো থাকে না। নিজের দিকটাও একবার ভেবে দেখা প্রয়োজন। মানসীর বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, সম্পর্কের ক্ষেত্রে আত্মসমালোচনাও সমান জরুরি। সারাক্ষণ সঙ্গীর কোন কাজ খারাপ, কোন অভ্যাস বদলানো দরকার, তা নিয়ে অভিযোগ করতে থাকলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়। বরং নিজের আচরণে সঙ্গীর কেমন লাগছে, সেটাও ভাবতে হবে। নিজেকে সবসময় নিখুঁত মনে করে অন্যের ভুল ধরতে থাকলে দাম্পত্যে দূরত্ব বাড়তে পারে।
তাই ভালোবাসার পাশাপাশি ধৈর্য, পারস্পরিক বোঝাপড়া এবং একে অপরের অপূর্ণতাকে মেনে নেওয়ার মধ্যেই বিয়ে টিকিয়ে রাখার আসল মন্ত্র দেখছেন মানসী সিনহা। যদিও অভিনেত্রীর এই বক্তব্য প্রকাশে আসতেই আপত্তি তুলেছেন সামাজিক মাধ্যমের অনেকেই। তাদের মতে, মানিয়ে নেওয়ার কথা উঠলেই প্রথমে মেয়েদের প্রসঙ্গই আসে। যেহেতু মেয়েরা নিজেদের বাড়ি ছেড়ে আসে, অনেক ক্ষেত্রে তারা স্বনির্ভর হন না, তাই মানিয়ে বেশি নিতে হয় তাদেরই। সেই ক্ষেত্রে স্বামী যদি নেশাগ্রস্থ হন, বা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন, তখনও কি মানিয়ে নেওয়া সম্ভব?
আরও পড়ুনঃ “তুমি পারবে না, ওই তো একটু-আধটু গান গাও” কটাক্ষ উপেক্ষা করে ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরির নিরাপদ জীবন ছেড়ে হেঁটেছিলেন স্বপ্নের পথে! আজ শাহরুখের ‘কিং’ ছবিতে ‘তু মিল জায়ে’ হিট গান তাঁরই কন্ঠে! ‘আজ কি রাত’, ‘উয়ি আম্মা’র মতো একের পর এক হিটের নেপথ্যে বাঙালি কন্যা, গায়িকা মধুবন্তী বাগচীর গল্পটা জানেন? বালুরঘাট থেকে বলিউড, যাত্রাপথে রয়েছে কতটা লড়াই?
সম্পর্ক বাঁচাতে গিয়ে কি আত্মসম্মান বলিদান দিতে হবে? বাজে সম্পর্কের ভিত্তি নেই সেই সম্পর্ক কি আজীবন বয়ে নিয়ে যেতে হবে? ঠিক তেমনি ছেলেদের হয়েও কেউ প্রশ্ন করেছেন। তাদের মধ্যে আবার, এখনকার দিনের মেয়েরা খুব লোভী হয়। তারা ছেলেদের ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। দেখা যায় একাধিক মেয়ে টাকা পয়সার লোভে বিয়ে করে বছর ঘুরতে না ঘুরতেই ডিভোর্স চান। আর বিচ্ছেদ মানেই তো মোটা অংকের টাকার দাবি, সেই ক্ষেত্রে এমন মেয়ের সঙ্গেও কি মানিয়ে নেওয়া যায়? যদিও এর উত্তরে অভিনেত্রী মুখ খোলেননি। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন!






