‘বিগ বস বাংলা’র দুর্গে রাজবীর দে ও নন্দিনী দত্তের প্রেম নিয়ে চর্চার শেষ নেই। কখনও তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত, আবার কখনও একে অপরের জন্য আবেগপ্রবণ হয়ে পড়া, সবটাই নজরে এসেছে দর্শকদের। সম্প্রতি নন্দিনীর একটি ভিডিও ঘিরে নতুন করে সরগরম হয়েছে সোশাল মিডিয়া। সেখানে প্রেমিক রাজবীরকে ‘বাবাটা’ বলে সম্বোধন করে কেঁদে ফেলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। নন্দিনীর এই আচরণ নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে হাসাহাসি থেকে শুরু করে সমালোচনা। এবার সেই ভাইরাল ভিডিও নিয়েই মজা করতে দেখা গেল জনপ্রিয় ইউটিউবার তথা ‘বং গাই’ কিরণ দত্তকে। নন্দিনীর কান্নার মুহূর্তের ছবি পোস্ট করে নিজের মতো করে কটাক্ষ করেছেন তিনি। শুধু তাই নয়, নিজের পোস্টের মাধ্যমে নন্দিনীকে নিয়ে এমন মন্তব্য করেছেন, যা নতুন করে বিতর্ক তৈরি করেছে।
ঘটনার সূত্রপাত গত রবিবারের। সেদিন দর্শকদের ভোটের বিচারে ‘বিগ বস বাংলা’র দুর্গ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল নন্দিনী দত্তকে। তবে প্রতিযোগীদের ধারণার মতো তিনি পুরোপুরি খেলা থেকে বাদ পড়েননি। আসলে তাঁকে রাখা হয়েছিল বিগ বসের সিক্রেট রুমে। সেখান থেকেই দুর্গের ভিতরে বাকি প্রতিযোগীদের নানা কার্যকলাপ দেখার সুযোগ পাচ্ছিলেন অভিনেত্রী। এক সময় টেলিভিশনের পর্দায় প্রেমিক রাজবীর দেকে পোশাকের সেফটিপিন খুলতে গিয়ে বেশ সমস্যায় পড়তে দেখেন নন্দিনী। প্রেমিককে ওই অবস্থায় দেখে নিজেকে সামলাতে পারেননি তিনি। কেঁদে কেঁদে বলতে শুরু করেন, “বাবাটা, সেফটিপিন খুলতে পারে না, কেউ ওকে হেল্প করো।” নন্দিনীর এই প্রতিক্রিয়ার ভিডিও মুহূর্তের মধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই তাঁর এমন আচরণকে ভালোবাসার প্রকাশ হিসেবে না দেখে ‘ন্যাকামি’ বলে কটাক্ষ করেন।
এ বার শুক্রবার সেই ভিডিওর দৃশ্যকেই হাতিয়ার করে সোশাল মিডিয়ায় মজার পোস্ট করেন কিরণ দত্ত। নন্দিনীর কান্নার ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “অনলাইনে টিকিট কেটে বাবাকে রামায়ন দেখাতে নিয়ে যাচ্ছি। আমার বাবাটা এসব পারে না।” এই পোস্টের মাধ্যমেই নন্দিনীর ‘বাবাটা’ সম্বোধনকে নিয়ে মজা করেন তিনি। তবে এখানেই থেমে থাকেননি কিরণ। পোস্টের কমেন্ট বক্সে আরও একটি মন্তব্য করে লেখেন, “আমাকে যারা পছন্দ করে না তাঁদের নন্দিনীর মতো বউ হোক।” কিরণের এই মন্তব্য ঘিরেও নেটদুনিয়ায় শুরু হয় নতুন আলোচনা। একদিকে নন্দিনীর আচরণ নিয়ে হাসাহাসি, অন্যদিকে কিরণের রসিকতা, সব মিলিয়ে বিষয়টি আবারও চর্চায় উঠে আসে। এছাড়াও জিতু কমল এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কেও খোঁচা দিতে ছাড়েননি জনপ্রিয় এই ইউটিউবার।
কিরণের এই পোস্ট প্রকাশ্যে আসতেই নন্দিনীর অনুরাগীরা বিষয়টি ভালোভাবে নেননি। তাঁর মন্তব্যের প্রতিবাদ করে পালটা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন অনেকে। তবে অনুরাগীদের আক্রমণের জবাব দিতেও নিজের মতো করে এগিয়ে আসেন বং গাই। কমেন্ট সেকশনে একটি স্ক্রিনশট পোস্ট করেন তিনি, যা নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ২০১৯ সালে নন্দিনী দত্ত কিরণকে একটি ব্যক্তিগত মেসেজ পাঠিয়েছিলেন। তবে সেই মেসেজের কোনও উত্তর দেননি কিরণ। অর্থাৎ, বহু বছর আগের সেই কথোপকথনের ছবিও এ বার প্রকাশ্যে আনলেন তিনি। নন্দিনীর অনুরাগীদের প্রতিক্রিয়ার মাঝেই পুরনো মেসেজের স্ক্রিনশট সামনে এনে নিজের বক্তব্যের জবাব দিয়েছেন কিরণ। ফলে ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে যোগ হয়েছে আরও একটি নতুন প্রসঙ্গ।
আরও পড়ুনঃ ‘আর কত মা’র খাবি ভাই?’ ‘কেউ এতটা অসভ্য, এতটা নোং*রা হতে পারে?’ ‘আমি কোনও শো থেকে টাকা নিলে আমার দর্শকদের কী দেখাচ্ছি তার দায়বদ্ধতা থাকবে না?’ রাজবীর-নন্দিনীর প্রেম থেকে মারামারি, বিগ বসের ঘরে পরম বিশৃঙ্খলার দৃশ্য দেখে ক্ষো’ভে ফেটে পড়লেন ভরত কলের স্ত্রী জয়শ্রী ও অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী! একসঙ্গে দু’টোকেই এভিক্ট করা হোক, চাইছেন দর্শকরাও?
আসলে কিরণ দত্তের রসিকতা করার ধরন নেটদুনিয়ায় বেশ পরিচিত। কখনও ভিডিওর মাধ্যমে, আবার কখনও সোশাল মিডিয়ায় ছোট কোনও পোস্টের সাহায্যে নিজের মজার বক্তব্য তুলে ধরেন তিনি। তাঁর পোস্টে মাঝেমধ্যেই নানা বিষয় নিয়ে ব্যঙ্গ ও রসিকতা দেখা যায়। এ বার নন্দিনীর ‘বাবাটা’ বলে কান্নার ভিডিও নিয়েও সেই একই ভঙ্গিতে মজা করলেন তিনি। অন্যদিকে, নন্দিনী ও রাজবীরের সম্পর্ক নিয়ে বিগ বসের দর্শকদের মধ্যে আগে থেকেই নানা মত রয়েছে। একাংশ তাঁদের ভালোবাসাকে সমর্থন করলেও অন্যদের চোখে এই ঘনিষ্ঠতা এবং আবেগ প্রকাশ অনেকটাই বাড়াবাড়ি। তার উপর নন্দিনীর ভাইরাল ভিডিও এবং কিরণের নতুন পোস্ট বিতর্ককে আরও উসকে দিয়েছে। তবে এই সমস্ত চর্চার মাঝেও কিরণের ‘বাবাটা’ পোস্ট ঘিরে নেটপাড়ার একাংশ বেশ মজা পেয়েছেন। সব মিলিয়ে বিগ বসের দুর্গের বাইরেও নন্দিনীকে নিয়ে আলোচনা যে থামার নয়, তা আরও একবার স্পষ্ট।






