“অত্যন্ত মেধাযুক্ত বুদ্ধিদীপ্ত ও অভিনয়ে অন্যতম সেরা…” দেবের দাদাগিরিতে নতুন ‘দিদি নম্বর ১’ স্বস্তিকার ভূয়সী প্রশংসায় কুণাল! মতের অমিল ভুলে হঠাৎ নায়িকায় মুগ্ধ তৃণমূল বিধায়ক, নেটপাড়ায় তুঙ্গে চর্চা!

রাজনীতির ব্যস্ত ময়দান থেকে এবার টেলিভিশনের ঝলমলে মঞ্চে দেখা যাবে তৃণমূল নেতা তথা বিধায়ক কুণাল ঘোষকে। তবে তাঁকে ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে নয়, দেখা যাবে দেবের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’-তে। ইতিমধ্যেই শুটিংয়ের একটি ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে কুণালের পাশে দেখা গিয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ছবিটি ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ রাজনৈতিক ইস্যুতে দুজনের অবস্থান সবসময় এক নয়। নানা সামাজিক ও রাজনৈতিক বিষয়ে স্বস্তিকাকে বারবার নিজের মত প্রকাশ করতে দেখা গিয়েছে। অন্যদিকে কুণাল ঘোষ তৃণমূলের পরিচিত মুখ। সেই রাজনৈতিক দূরত্বের মাঝেও একজন শিল্পীর প্রতিভাকে প্রকাশ্যে সম্মান জানালেন তিনি।

স্বস্তিকার সঙ্গে ছবি পোস্ট করে কুণাল তাঁর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। অভিনেত্রীর অভিনয়কে মেধাবী এবং বুদ্ধিদীপ্ত বলেও উল্লেখ করেছেন তিনি। কুণালের কথায়, “স্বস্তিকা দারুণ অভিনেত্রী। মেধাযুক্ত বুদ্ধিদীপ্ত অভিনয়ে অন্যতম সেরা। অন্য ইস্যুতে মতের মিল বা অমিল এখানে বিবেচ্য নয়। আমারও সকলকে অনুরোধ থাকল, স্বস্তিকার ‘দিদি নাম্বার ওয়ান’ দেখুন।” অর্থাৎ রাজনৈতিক মতপার্থক্যকে এক পাশে রেখে অভিনয় দক্ষতার জায়গা থেকে স্বস্তিকাকে মূল্যায়ন করেছেন তিনি। কুণালের এই বক্তব্য ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। কারণ রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে একজন অভিনেত্রীর কাজকে এমনভাবে প্রশংসা করার ঘটনাই এই ছবিকে আরও আলোচনায় এনেছে।

প্রকাশিত ছবিতে ‘দাদাগিরি’-র পোডিয়ামের সামনে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে কুণাল ও স্বস্তিকাকে। পোডিয়ামের গায়ে লেখা রয়েছে ‘দক্ষিণ ২৪ পরগনা’। গাঢ় কালো শাড়িতে স্বস্তিকার আভিজাত্যপূর্ণ উপস্থিতির পাশে মেরুন শার্টে দেখা গিয়েছে কুণালকে। তবে এই ছবির পাশাপাশি এবার নজর রয়েছে অনুষ্ঠানের মূল আকর্ষণেও। কারণ এই বিশেষ পর্বে রাজনৈতিক তরজার আবহ তৈরি হতে চলেছে বলেই খবর। অভিজিৎ সেনের পরিচালনায় এবং দেবের সঞ্চালনায় এই শোতে একসঙ্গে উপস্থিত থাকবেন রাজনীতির তিন পরিচিত মুখ। ফলে বিনোদনের মঞ্চেই যে রাজনৈতিক উত্তাপ তৈরি হতে চলেছে, তা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

এই পর্বে কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি হতে চলেছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা মদন মিত্র। সম্প্রতি তিনি মমতার শিবির থেকে ঋতব্রতর শিবিরে নাম লিখিয়েছেন বলেও উল্লেখ রয়েছে। অন্যদিকে থাকবেন বিজেপির প্রভাবশালী নেতা এবং বরাহনগরের বিধায়ক সজল ঘোষ। অর্থাৎ একই মঞ্চে দেখা যাবে তিন ভিন্ন রাজনৈতিক পরিচয়ের হেভিওয়েট মুখকে। তাঁদের রাজনৈতিক মতাদর্শ ও বক্তব্য যে এক হবে না, সেটাই স্বাভাবিক। তাই দেবের সঞ্চালনায় এই তিনজনকে সামলানোও যে সহজ হবে না, তা বলাই যায়। তবে দাদাগিরির মঞ্চে তাঁদের কথোপকথন কতটা রাজনৈতিক বিতর্কের দিকে যায়, নাকি হাসি-মজার মধ্যেই পুরো পর্ব এগোয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ টলিপাড়ায় দুঃসংবাদ! আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে বর্ষীয়ান পরিচালক রাজা সেন! হাসপাতাল থেকে এল উদ্বে’গজনক খবর! দেখতে ছুটলেন বিধায়ক পাপিয়া অধিকারী!

অন্যদিকে কুণালের স্বস্তিকাকে নিয়ে করা প্রশংসাও এই বিশেষ পর্বের আগে আলাদা মাত্রা যোগ করেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে স্বস্তিকা বরাবরই নিজের অবস্থান স্পষ্ট করেছেন এবং অনেক সময় তাঁর বক্তব্য প্রাক্তন শাসকদলের অবস্থানের সঙ্গেও মেলেনি। তবুও তাঁর শিল্পীসত্তাকে আলাদা করে সম্মান জানিয়ে কুণাল যে বার্তা দিয়েছেন, তা নিয়েই আলোচনা শুরু হয়েছে। ‘দিদি নম্বর ১’-এ স্বস্তিকাকে দেখার অনুরোধ জানানো থেকে শুরু করে তাঁর অভিনয়ের প্রশংসা, সবটাই নজর কেড়েছে। এবার প্রশ্ন, দেবের ‘দাদাগিরি’-র মঞ্চে কুণাল, মদন এবং সজলের মুখোমুখি সাক্ষাৎ কতটা জমে ওঠে। বিশেষ পর্বটি ঠিক কবে সম্প্রচারিত হবে, সেই অপেক্ষাতেই দর্শকরা।

You cannot copy content of this page