বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে রাজবীর দে (Rajveer Dey) ও নন্দিনী দত্তকে (Nandini Dutta) ঘিরে সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনা নতুন নয়। কখনও তাঁদের ঘনিষ্ঠতা, কখনও মান-অভিমান, আবার কখনও একে অপরের প্রতি অভিমান প্রকাশ, সব মিলিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে বরাবরই কৌতূহল রয়েছে দর্শকদের। তবে এবার রাজবীরের একটি মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি সৌরভ দাসের (Sourav Das) সঙ্গে কথা বলতে গিয়ে নন্দিনীকে নিয়ে নিজের মনের কথা প্রকাশ করেন রাজবীর। অভিনেতার দাবি, নন্দিনীর সঙ্গে তাঁর কখনও প্রেমের সম্পর্ক ছিল না। এতদিন তাঁদের দু’জনের মধ্যে যে সমীকরণ দেখা গিয়েছে, তা নিয়ে এবার সম্পূর্ণ অন্য কথা শোনা গেল রাজবীরের মুখে। তাঁর এই মন্তব্য সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এতদিন নন্দিনীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা শুধুই খেলার অংশ ছিল? রাজবীরের এমন মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতবহ পোস্ট শেয়ার করেছেন নন্দিনী। ফলে দু’জনের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
এদিন সৌরভ দাসের সঙ্গে আড্ডা দিতে গিয়ে রাজবীর স্পষ্ট জানান, নন্দিনী কখনও তাঁর প্রেমিকা ছিলেন না। অভিনেতার কথায়, “নন্দিনী কোনও সময় আমার প্রেম ছিলই না। প্রথমদিন যেভাবে কথা বলেছে ও আমার লিস্টেই ছিল না। হ্যাঁ, আমি অন্যরকম ভেবেছিলাম। লাভ অ্যাঙ্গেল না, এই সৃজলা আর জিতুর যে সম্পর্ক, সেরকম ভাবেই ভেবেছিলাম আগে বেরোব।” অর্থাৎ নন্দিনীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করার কোনও পরিকল্পনা তাঁর ছিল না বলেই দাবি করেছেন রাজবীর। বরং বিগ বসের ঘরে তাঁদের মধ্যে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল, সেটিকে অন্যভাবে দেখেছিলেন তিনি। রাজবীরের এই বক্তব্য সামনে আসার পর দর্শকদের একাংশের মনে প্রশ্ন উঠেছে, তাহলে নন্দিনীর সঙ্গে তাঁর সম্পর্কের যে দিকটি এতদিন পর্দায় দেখা গিয়েছে, তার পিছনে আসলে কী ভাবনা কাজ করেছিল? বিশেষ করে প্রথম থেকেই তাঁদের কথাবার্তা ও একে অপরের প্রতি আচরণ নিয়ে দর্শকদের মধ্যে নানা আলোচনা চলেছে। এবার রাজবীরের নিজের মুখে এমন মন্তব্য সেই আলোচনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে রাজবীর আরও জানান, বিগ বসের বাড়িতে প্রথম প্রবেশের সময় তাঁর নজর ছিল সৃজলা গুহর দিকে। অভিনেতার কথায়, “আমার প্রথম নজর ছিল সৃজলার প্রতি, আমি যখন প্রথম এই বাড়িতে আসি, ওই আমাকে খাবার কথা বলেছিল।” এরপর নন্দিনীর সঙ্গে ডেট এবং তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। রাজবীর বলেন, “এরপর নন্দিনীর সঙ্গে ডেট, তারপর প্রথম ভালবাসার হাত বাড়ানো হল, তখন ছ্যাবলা রাজবীর বেরোল। সেই সময় নন্দিনীর সঙ্গে ভালবাসার ব্যাপারটাও আছে, সৃজলার সঙ্গে খুনসুটি ব্যাপারটাও আছে।” অর্থাৎ নন্দিনীর সঙ্গে ঘনিষ্ঠতার পাশাপাশি সৃজলার সঙ্গেও তাঁর আলাদা ধরনের সম্পর্ক ছিল বলে জানিয়েছেন অভিনেতা। শুধু তাই নয়, সোনামণির সঙ্গে তাঁর সমীকরণ নিয়েও কথা বলেন রাজবীর। তাঁর বক্তব্য, “সোনামণি আমায় ঘৃণা করে, আবার নাও বলে না। আমিও তাই। আমাদের মধ্যে খুনসুটি টাইপের সম্পর্ক।” রাজবীরের এই সমস্ত মন্তব্য এখন বিগ বসের দর্শকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে নন্দিনীর সঙ্গে তাঁর সম্পর্ককে তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
অন্যদিকে রাজবীরের এই মন্তব্যের পরেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন নন্দিনী। সেখানে লেখা ছিল, “বারবার একই ধরনের আচরণ, কাজ পরিবর্তনের আশায় সম্পূর্ণ জল ঢেলে দেয়। আর কোনও আশা থাকে না।” জানা যাচ্ছে, এটি নন্দিনীর ইনস্টাগ্রাম চ্যানেলে শেয়ার করা একটি পোস্টের স্ক্রিনশট। রাজবীরের মন্তব্যের পরেই এই পোস্ট সামনে আসায় দু’টি ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজছেন নেটিজেনদের একাংশ। যদিও নন্দিনী সরাসরি রাজবীরের নাম উল্লেখ করেননি কিংবা তাঁর মন্তব্যের কোনও স্পষ্ট জবাব দেননি। তবে পোস্টের বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। অনেকের প্রশ্ন, রাজবীরের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়াতেই কি এমন ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন অভিনেত্রী? বারবার একই ধরনের আচরণ বলতে কি রাজবীরের কথাবার্তা ও ব্যবহারকেই বোঝাতে চেয়েছেন তিনি? নাকি এই পোস্টের পিছনে রয়েছে অন্য কোনও কারণ? নন্দিনীর তরফে এখনও এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আরও পড়ুনঃ “খিলখিল করে হাসছে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তখন…” “মন খুশি করে দিয়েছিল ওই সংখ্যা, আজও নিজের প্রয়োজনে খরচ করিনি!” বিগ বস বাংলা সিজন ২ জিতে কত টাকা পেয়েছিলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়? তৃতীয় সিজনের ফাইনালের বাকি আর মাত্র কয়েক দিন, প্রাইজমানির অঙ্ক ফাঁস করলেন অভিনেতা?
রাজবীরের মন্তব্য এবং নন্দিনীর এই ইঙ্গিতবহ পোস্ট, দুইয়ে মিলে তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দর্শকদের মধ্যে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। এতদিন যাঁদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলছিল, রাজবীরের দাবি অনুযায়ী তাঁদের মধ্যে আদৌ কি কোনও প্রেমের সম্পর্ক ছিল না? নন্দিনীর সঙ্গে ডেট এবং ভালোবাসার হাত বাড়ানোর কথা নিজেই স্বীকার করার পরেও কেন এখন সম্পর্কটিকে অন্যভাবে ব্যাখ্যা করছেন অভিনেতা? দর্শকদের একাংশের প্রশ্ন, তাহলে কি এতদিনের ঘনিষ্ঠতা শুধুই বিগ বসের ঘরের খেলার কৌশল ছিল? আবার অনেকে জানতে চাইছেন, শো থেকে বেরিয়ে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক কোন দিকে এগোবে। বিগ বসের বাড়ির বাইরে তাঁদের যোগাযোগ থাকবে কি না, কিংবা সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে তাঁরা নতুন করে সম্পর্কের সমীকরণ তৈরি করবেন কি না, তা নিয়েও কৌতূহল রয়েছে। তবে এই মুহূর্তে দু’জনের কেউই ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি। ফলে রাজবীরের মন্তব্যের পর নন্দিনীর পোস্ট ঘিরে তৈরি হওয়া জল্পনার উত্তর আপাতত সময়ের অপেক্ষা।






