টলিউডের প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষাল সম্প্রতি অভিযোগ করেছেন, নিজের বাড়িতেই তিনি শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হচ্ছেন। তাঁর দাবি, ছেলে, নাতি এমনকি স্ত্রীও দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করছেন। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয় বিনোদন মহলে। শঙ্কর ঘোষালের বক্তব্য ঘিরে নানা প্রশ্ন উঠতে থাকায় বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হয় তাঁর বোন অভিনেত্রী রত্না ঘোষালের সঙ্গে।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রত্না ঘোষাল স্পষ্ট জানিয়েছেন, দাদার সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাঁর কথায়, পরিবারের সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। তিনি বলেন, শঙ্করের স্ত্রী বা ছেলে কেউই এমন আচরণ করতে পারেন বলে তাঁর মনে হয় না। এমনকি মানসিক নির্যাতনের অভিযোগও তিনি মানতে নারাজ এবং পুরো বিষয়টিকেই ভিত্তিহীন বলে দাবি করেন।
রত্না আরও জানান, তিনি নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন এবং কোনও সমস্যার ইঙ্গিত পেলে নিশ্চয়ই বুঝতে পারতেন। তাঁর মতে, শঙ্কর ঘোষাল বর্তমানে মানসিকভাবে স্থির নেই বলেই এমন কথা বলছেন। তিনি বলেন, প্রতি মাসে আর্থিক সাহায্য করার পরও তাঁর নামে অপবাদ দেওয়া হচ্ছে, যা তাঁকে কষ্ট দিয়েছে। পুরো ঘটনাকে তিনি সাজানো গল্প বলেই মনে করছেন।
আরও পড়ুনঃ “নাতি মাথায় ঘু’ষি মে’রেছে, ছেলে লাঠি ভেঙে দিয়েছে…” বারবার নি’গৃহীত বর্ষীয়ান অভিনেতা শঙ্কর ঘোষালের কান্নাজড়িত দাবি! ৭৫-বছরের বৃদ্ধ, ছেলে-বৌমা-নাতির নি’র্যাতনে ক্লান্ত হয়ে বললেন, ‘আমি ওদের সঙ্গে পারি না!’
উল্লেখ্য, বর্তমানে শঙ্কর ঘোষাল কলকাতার গৌরীবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকেন। আগের মতো অভিনয়ের কাজ এখন আর নিয়মিত পান না তিনি। শারীরিক অসুস্থতার কারণেও কাজ কমে গেছে বলে জানা যায়। ফলে বেশিরভাগ সময় বাড়িতেই কাটাতে হয় এই প্রবীণ অভিনেতাকে এবং আর নতুন কাজের অপেক্ষাতেও থাকেন না।
এদিকে অভিযোগ নিয়ে তাঁর বক্তব্য জানতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে শঙ্কর ঘোষালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ফলে এই মুহূর্তে বিষয়টি নিয়ে দুই পক্ষের ভিন্ন মত সামনে এসেছে, আর পুরো ঘটনার সত্যতা নিয়ে ধোঁয়াশা থেকেই গেছে।






