অভিনেত্রী তথা নেটপ্রভাবী ‘মধুবনী গোস্বামী’কে (Madhubani Goswami) ঘিরে সামাজিক মাধ্যমে চর্চা আজকের বিষয় নয়। গত কয়েক মাসে একাধিক পোস্ট ও ভিডিওর কারণে বারবার সমালোচনার মুখে পড়েছেন তিনি। কখনও শাঁখা-পলা নিয়ে মন্তব্য, কখনও মাতৃত্ব নিয়ে বক্তব্য, কখনও আবার নিজের ব্যবসাকে ঘিরে বিতর্ক। এবার আরও একটি ভিডিও প্রকাশের পর নতুন করে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। ভিডিওর শুরুতে তাঁর কথাবার্তা এবং উপস্থাপনার ধরন দেখে অনেকেই সত্যিই ভেবেছিলেন অভিনেত্রীর জীবনে কোনও বড় সমস্যা এসেছে। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি অন্যদিকে মোড় নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বহু নেটিজেন।
ভিডিওর শুরুতেই মধুবনীকে বেশ উদ্বিগ্ন দেখায়। ক্যাপশনেও তিনি হাতজোড় করা একটি ইমোজি দিয়ে লেখেন, তাঁদের জীবনে বড় একটি ইমার্জেন্সি এসেছে এবং সকলকে পাশে থাকার অনুরোধ জানান। এরপর ভিডিওতে হাতজোড় করে তিনি বলেন, “আমাদের অনেক বড় একটা ইমার্জেন্সি হয়ে গেছে। খুব সমস্যার মধ্যে পড়েছি। আপনারা প্লিজ সবাই পাশে থাকবেন।” এই পর্যন্ত দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো ব্যক্তিগত বা পারিবারিক কোনও গুরুতর সমস্যার কথা জানাতে চলেছেন অভিনেত্রী। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তিনি জানিয়ে দেন, রথযাত্রা উপলক্ষে তাঁর পার্লারে বিশেষ ছাড়ের অফার চলছে এবং সেই ঘোষণার জন্যই এই ভিডিওটি করা হয়েছে।
ভিডিওটি প্রকাশ্যে আসার পরই মন্তব্যের বন্যা বইতে শুরু করে। অনেকেই অভিযোগ করেন, জরুরি পরিস্থিতির ইঙ্গিত দিয়ে ব্যবসার প্রচার করা ঠিক হয়নি। একজন লিখেছেন, “রাখালের গল্পটা শুনেছ তো, ভরকি দিতে দিতে, সত্যি কোনদিন সমস্যায় পড়বে, কিন্তু তখন আর কেউ বিশ্বাস করবে না।” অন্যজনের মন্তব্য, “সেই রাখালের গল্প, পালে বাঘ পড়েছে। যেদিন সত্যি করে পড়বে, সেদিন কেউ পাশে থাকবে না।” আরও একজন লেখেন, “অভিনয় করতে করতে জীবনটাকে অভিনয় করে ফেললেন তো। এমন একদিন না হয় সত্যি করে যেদিন আপনি বিপদে পড়বেন, আপনাকে কেউ পাত্তাও দেবে না!” এই মন্তব্যগুলিই এখন জ্বলজ্বল করছে মধুবনীর সামাজিক মাধ্যমের পাতায়!
শুধু তাই নয়, ভিডিওর উপস্থাপনার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক দর্শক। অনেকের মতে, সব বিষয়েই অতিরিক্ত নাটকীয়তা আনার কোনও প্রয়োজন নেই। কেউ লিখেছেন, এত জোরে চিৎকার করে কথা বলা বা প্রতিটি বিষয়কে নাটকীয়ভাবে তুলে ধরার কারণ কী? আবার অনেকে মনে করছেন, দর্শকদের আবেগকে এভাবে ব্যবহার করা উচিত নয়। যদিও অন্য একটি অংশের মত, নিজের ব্যবসার প্রচারের জন্য কীভাবে ভিডিও বানাবেন, সেটা সম্পূর্ণ মধুবনীর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে ভিডিওটি প্রকাশের পর ইতিবাচক মন্তব্যের তুলনায় সমালোচনাই অনেক বেশি চোখে পড়েছে।
আরও পড়ুনঃ ‘সারা পৃথিবীতে পরিচয় দেওয়ার মতো শেষ কজন বাঙালি নারীর মধ্যে অন্যতম অপর্ণা সেন!’ কেন বর্ষীয়ান অভিনেত্রীর সামনে দাঁড়িয়ে আজও নিজেকে ‘খুব ছোট’ মনে হয় অভিনেত্রী তথা চিকিৎসক দীপান্বিতা হাজারীর? তাঁর জীবনের কোন গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে অপর্ণা সেনের নাম?
এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত মধুবনী গোস্বামীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। এর আগেও একাধিক বিতর্কে তিনি জানিয়েছিলেন, অন্যের সমালোচনায় তিনি নিজের মত বদলান না এবং নিজের অনুভূতি থেকেই সমাজমাধ্যমে পোস্ট করেন। সম্প্রতি ধারাবাহিকের কাজ শেষ করে তিনি মূলত নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত রয়েছেন। তবে তাঁর নতুন এই প্রচারমূলক ভিডিও ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে আবারও নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী। এখন অনেকেই অপেক্ষায়, এই সমালোচনার জবাবে তিনি আদৌ কোনও প্রতিক্রিয়া দেন কি না।






