দিল্লির যন্তর মন্তরে সিজেপি এবং বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে যে আন্দোলন চলছে, তা নিয়ে দেশজুড়ে আলোচনা তৈরি হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা এবং পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে সরব হয়েছেন অনেকে। এমন পরিস্থিতিতে সামাজিক নানান বিষয় নিয়ে বরাবর নিজের মতামত জানানো মমতা শঙ্করের (Mamata Shankar) নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন নেটিজেনদের একাংশ। পোশাক, নারী স্বাধীনতা, দাম্পত্য জীবন, পারিবারিক মূল্যবোধ থেকে শুরু করে নতুন প্রজন্মের জীবনযাপন, একাধিক বিষয় নিয়ে অতীতে প্রকাশ্যে কথা বলেছেন বর্ষীয়ান অভিনেত্রী। তাই নিট পরীক্ষাকে ঘিরে ছাত্রদের আন্দোলন নিয়ে তাঁর কোনও বক্তব্য সামনে না আসায় কৌতূহল তৈরি হয়েছিল। এবার অবশেষে বর্তমান প্রজন্ম এবং নতুন প্রজন্মকে নিয়ে নিজের মতামত জানালেন মমতা শঙ্কর।
একই সাক্ষাৎকারে উঠে এসেছে শ্রীলেখা এবং প্রধানমন্ত্রীকে ঘিরে তাঁর বক্তব্যও। সম্প্রতি কথা বলতে গিয়ে মমতা শঙ্কর জানান, “সারা পৃথিবী জুড়ে যে অরাজকতা চলছে যে হানাহানি মারপিট সবকিছুর মধ্যে আমরা যেন কোনওভাবেই নিজেদের সংস্কৃতি শিক্ষা এবং সৌভাতৃত্ববোধকে ভুলে না যাই। তার জন্যই বর্তমান প্রজন্ম এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। আমার মতে যতক্ষণ না এই প্রজন্মের মধ্যে গর্ববোধ আনতে পারব যে আমি একজন ভারতীয়, ততক্ষণ এগিয়ে নিয়ে যাওয়া যাবে না তাদের।” তরুণ প্রজন্মের মধ্যে যথেষ্ট শক্তি রয়েছে বলেও মনে করেন তিনি। তবে সেই শক্তি সঠিক পথে কাজে লাগানো প্রয়োজন বলে মত তাঁর।
সেই প্রসঙ্গেও নিজের মতামত জানান অভিনেত্রী। তাঁর বক্তব্য, “আমার মতে ইয়ং জেনারেশনের মধ্যে এত ভালো শক্তি আছে, কিন্তু এটা ভুল দিকে চলে যায়। সেই কারণেই যদি আমরা তাদেরকে বোঝাতে পারি ভারতীয় হিসেবে আমরা কতটা সমৃদ্ধ, আমাদের কোন কিছুরই অভাব নেই! তার জন্য গণমাধ্যম একটা সবচেয়ে ভালো উপায় বলেই মনে হয়, ওদের যেভাবেই হোক ঠিক রাস্তায় নিয়ে আসতেই হবে।” একইসঙ্গে তরুণদের বেকারত্ব এবং কাজের অভাব নিয়েও কথা বলেন তিনি। মমতা শঙ্কর বলেন, “আমি না জেন-জি এইসব কিচ্ছু বুঝি না, আমার কথা একটাই যে তাদের মধ্যে এত এনার্জি থাকা সত্ত্বেও যখন তারা বেকার হয়ে যায়, তাদের যখন কিছু করার থাকে না তখন এই এনার্জি তাই ভুল দিকে চ্যানেলাইজ করে।”
তবে শুধু তরুণদের সঠিক পথে পরিচালিত করার কথা নয়, তাঁদের বক্তব্য শোনার প্রয়োজনীয়তার কথাও স্পষ্ট করেছেন মমতা শঙ্কর। তিনি বলেন, “তখন কোনও একটা ছোট ঘটনাতেও ওদেরকে জাগিয়ে দিলেই, ওরা ভুল পথে জেনেও মেতে ওঠে। কিন্তু তাদের কথাও শোনা উচিত। তাদেরও কি বলার আছে সেটাও আমাদের শুনতে হবেই! আর আমাদেরও ভালো কি বলার আছে তাদের, যাতে ওদেরকে ঠিক পথটা দেখানো যায় সেটা আমাদের করা উচিত।” অর্থাৎ নতুন প্রজন্মকে শুধু পরামর্শ দিলেই হবে না, তাঁদের সমস্যার কথাও শুনতে হবে বলে মনে করেন তিনি। তবে তাঁর এই বক্তব্যের মধ্যেই নিট আন্দোলন নিয়ে সরাসরি কোনও মন্তব্য রয়েছে কি না, তা স্পষ্ট করেননি অভিনেত্রী।
এর আগে যে নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও তরুণদের সমস্যা এবং তাঁদের বক্তব্য শোনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তিনি। এদিকে একই সাক্ষাৎকারে শ্রীলেখা প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন মমতা শঙ্কর। প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য এবং তাঁকে ছোট করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “শ্রীলেখা প্রসঙ্গে আমার যেটা মনে হয়, মানুষ হিসেবে মানুষের প্রতি প্রত্যেকের একটা শ্রদ্ধা থাকা উচিত। সেখানে আজকে একজন প্রধানমন্ত্রী, হাজার হলেও তিনি তো একটা উচ্চপদে রয়েছেন। সেখানে তাকে ছোট করার কোনও রাইট আমাদের নেই।” এরপর প্রধানমন্ত্রীকে নিয়ে সাধারণ মানুষের নানা বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, “আমাদের ওনাকে নিয়ে অনেকের অনেক বক্তব্য, কিন্তু তার জায়গায় বসলে আমরা বুঝতে পারতাম গুরুত্বটা।
আরও পড়ুনঃ “সেদিন বিয়ে না করলে…” সঞ্চারী মুখোপাধ্যায়কে বাধ্য হয়েই বিয়ে করেছিলেন কুশল চক্রবর্তী! মাত্র এক বছরের পরিচিতি, কোন পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিতে হয়? তখনই বিয়েটা না হলে কী হারাতে পারতেন অভিনেতা? ১২ বছরের সুখী দাম্পত্যের নেপথ্যে লুকিয়ে থাকা সেই অজানা গল্প জানলে অবাক হবেন আপনিও!
আমরা পরিবারের কয়েকটা মানুষকে নিয়ে থাকতে হিমশিম খেয়ে যাচ্ছি, সেখানে উনি একটা দেশ চালাচ্ছেন, আবার বিদেশের সঙ্গে সম্পর্ক ঠিক রাখছেন। কাজেই আমরা এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন বলার আগে বুঝতে হবে বিষয়টা অতটা সহজ নয়। আমাদের একটু ধৈর্য ধরতেই হবে!” ফলে একদিকে নতুন প্রজন্মের মধ্যে দেশের প্রতি গর্ববোধ তৈরি করা, তাঁদের এনার্জিকে সঠিক পথে কাজে লাগানো এবং তাঁদের বক্তব্য শোনার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি। অন্যদিকে শ্রীলেখা প্রসঙ্গে মানুষের প্রতি শ্রদ্ধা এবং প্রধানমন্ত্রীর পদমর্যাদা বজায় রাখার কথাও জানিয়েছেন। নিট পরীক্ষাকে ঘিরে ছাত্রদের আন্দোলন নিয়ে সরাসরি কোনও অবস্থান না জানালেও, তরুণ প্রজন্মের কথা শোনা এবং তাঁদের সমস্যাগুলি বোঝার প্রয়োজনীয়তার কথা এদিন স্পষ্ট করেছেন বর্ষীয়ান অভিনেত্রী।






